সব ঘটনাকে ‘মব’ মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘মব কালচার’ নির্মূলের কথা বলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজও এলো কঠোর বার্তা। ‘দেশে মব কালচার বা দল বেধে সহিংসতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মব সংস্কৃতি কোনোভাবেই সহ্য করা হবে না।’
সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভায় দিলেন এমন হুঁশিয়ারি। আবার সব ঘটনাকে ‘মব’ হিসেবে মানতে নারাজ তিনি।
শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন, ‘অনেক ঘটনা বিচ্ছিন্ন অপরাধ, যেগুলো নির্দিষ্ট অপরাধের সংজ্ঞার মধ্যেই পড়ে। কেউ কাউকে আটক করে নির্যাতন করলে সেটি মব নয়, বরং একটি নির্ধারিত অপরাধ যার আলাদা সংজ্ঞা ও শ্রেণি রয়েছে।’
তবে সড়কে কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা সহ্য করা হবে না, বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মব সংস্কৃতি নিয়ে আলোচনার বাইরেও আইনশৃঙ্খলার বেশ কিছু বিষয় উঠে আসে ওই বৈঠকে। কক্সবাজার সমুদ্রসৈকতকে শৃঙ্খলায় এনে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রত্যাশ্য ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
‘আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। পুরো শহরে সিসিটিভি ক্যামেরা সক্রিয় করা হবে সক্রিয়’ যোগ করেন তিনি।

