নানাবাড়িতে এসে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ, চাইলেন দোয়া

ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নানা বাড়ির জেলা ফেনীতে এসে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পশুরাম উপজেলায় ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে এই স্মৃতিচারণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলছিলেন, ‘অনেক দিন পর নানাবাড়িতে আসলাম। প্রথম এখানে এসেছিলাম ১৯৮৪ সালে। তারপরে আসলাম ১৯৯১ সালে। তখন আপনাদের মেয়ে মরহুমা খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন। তার নির্বাচনের জন্য আমি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে এই এলাকায় ছিলাম।’
‘তখন এই রাস্তাটা (ফুলগাজী থেকে পরশুরাম সড়ক) ছিল না। এখানে অনেক মুরুব্বী আছেন, তাদের মনে আছে- এটা বালির রাস্তা ছিল। আমি উপজেলা থেকে শুরু করে দূরে বিডিআরের একটা ক্যাম্প ছিলো— সেই ক্যাম্প পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমার এই কথাটা মনে পড়ছিল’,—যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বললেন, ‘আজ বহু বছর পরে আল্লাহর রহমতে নানা বাড়িতে আসার সুযোগ হয়েছে। এই যে আসাটা, এখন তো আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে আপনাদের দোয়ায়। শুধু তো নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, কাজও করতে হবে। কাজ করতে হবে দেশের মানুষের জন্য, দেশের জন্য। এখন কাজের অংশ হিসেবে এই মহুয়া-কহুয়া খাল বা নদীটি খনন করার কাজে হাত দিয়েছি।’
সরকারপ্রধান বলেন, ‘খালটি খনন করলে এই এলাকার সাড়ে ৪ লাখ মানুষের উপকার হবে। পাশাপাশি প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে কৃষক ভাইয়েরা তাদের সেচ সুবিধা তৈরি করতে পারবেন। এর ফলে প্রায় এক লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদন বেশি হবে। ফসলের উৎপাদন বেশি হলে কৃষকের লাভ হবে, ফসলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারব।’
তারেক রহমান বললেন, ‘নানা বাড়ির সকল সদস্যের কাছ থেকে আমি সেই দোয়া নিয়ে যেতে চাই, যে দোয়ায় আমি জনগণের কর্মসূচিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারব।’




