হয়তো

গভীর রাতে হঠাৎ একটা প্রশ্ন এলো মাথায়। উত্তর না পাওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাওয়া সম্ভব নয়। ঘুমের বারোটা বাজিয়ে ফোন হাতে নিয়ে গুগলকে প্রশ্ন করতেই সামনে এলো উত্তর ও তার ব্যাখ্যা। ১০টা ওয়েবসাইট ঘুরে বেড়াতে হলো না, একের পর এক লিংকে ক্লিক করে ধৈর্যের পরীক্ষাও দিতে হলো না। কেননা, ব্যবহারকারীর হয়ে একাধিক এআই এজেন্ট মাঠে নেমে কাজ সেরে দিচ্ছে! গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের ভবিষ্যৎ ভাবনা বলছে, সার্চ ইঞ্জিনের দুনিয়ায় এমন পরিবর্তন হয়তো হতেও পারে। আর সেই পরিবর্তনে শুধু গুগল নয়— ওয়েবসাইট থেকে শুরু করে পুরো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ইন্ডাস্ট্রিরই ঘুম হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে!
চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সার্চ ইঞ্জিন জার্নাল ওয়েবসাইটে এক দশক পরের এসইও কেমন হতে পারে তার পূর্বাভাস দিয়েছেন পিচাই। তিনি ইন্টারনেটে সার্চের ভবিষ্যৎকে শুধু তথ্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তার মতে, সার্চ ক্রমেই একটি টাস্ক-ভিত্তিক অভিজ্ঞতায় পরিণত হতে পারে। অর্থাৎ, ভবিষ্যতে একজন ব্যক্তি শুধু কোনো বিষয় সম্পর্কে জানতে চাইবেন না; বরং এআইকে দিয়ে সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কাজও করিয়ে নিতে পারবেন। একই সময়ে একাধিক এআই এজেন্ট আলাদা আলাদা কাজ করবে, আর সার্চ ইঞ্জিন সেগুলোকে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল দেবে। পিচাই আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি কাজগুলোও চলতে পারে অ্যাসিনক্রোনাসভাবে। অর্থাৎ, একটি নির্দেশনা দিয়ে ব্যবহারকারী অন্য কাজে চলে গেলেও ব্যাকগ্রাউন্ডে এআই কাজ চালিয়ে যাবে। তবে এই পরিবর্তনকে গুগল বনাম এআইয়ের লড়াই হিসেবে দেখছেন না পিচাই। তার মতে, সার্চ এবং গুগলের জেমিনির এআই প্রযুক্তি একদিকে একে অন্যের সঙ্গে মিলবে, অন্যদিকে আলাদা ক্ষেত্রেও বিকশিত হবে।



