সম্ভবত

গ্রাফিকস: আগামীর সময়
সময়ের স্রোত যখন ২০৪০ সালে গিয়ে ঠেকবে, পৃথিবী তখন হবে এক রূপকথার রাজ্যের মতো! রোবটরা করবে বিরক্তিকর কাজ। আর রাষ্ট্রের সরকারগুলো হবে মানুষের সত্যিকারের বন্ধু। ভবিষ্যতের বিশ্বে এমন এক উজ্জ্বল সম্ভাবনা সত্যিই সম্ভব। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের ‘গ্লোবাল ট্রেন্ডস ২০৪০’-এর আলোচনার কেন্দ্রে রয়েছে এমন একটি দুনিয়া, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্ব কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সমাজের বিভেদগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে এক নতুন ঐক্যের অনুভূতি জাগছে। ‘রেনেসাঁ অব ডেমোক্রেসি’ নামক এই চিন্তাধারা নিয়ে ২০২১ সালে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে উল্লিখিত তথ্য অনুযায়ী, গণতন্ত্রের একটি নতুন দুয়ার ২০৪০ সালে খুলতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কাজে বদলে যাবে বৈশ্বিক অর্থনীতি। বাড়বে আয়। ফলে ভবিষ্যতে জীবনযাত্রার মানও বেড়ে যাবে অনেক অংশে। পাশাপাশি নতুন যুগ শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দুনিয়ায়। বৈশ্বিক অর্থনৈতিক এই সমৃদ্ধির সুবাদে সরকারগুলো সক্ষম হবে দুর্নীতি দমনে ও সেবার মান বাড়াতে। এতে করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ফিরে পাবে হারানো আস্থা। ‘রেনেসাঁ অব ডেমোক্রেসি’-এর মূল ধারণায় রয়েছে দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। প্রতিবেদনে জানানো হয়েছে, উন্নয়নশীল দেশগুলো বৈশ্বিক সাফল্য লক্ষ্য করে ঝুঁকবে স্বচ্ছ গণতন্ত্রের দিকেই। জলবায়ু পরিবর্তন বা সাইবার নিরাপত্তার মতো বড় বড় সমস্যা সমাধানে দেশগুলো তখন হবে একজোট। প্রযুক্তি আর মানবিক মূল্যবোধের এই সুন্দর মিলনই গড়ে তুলতে পারে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামী। আর এ কারণেই এটিই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে সুন্দর বাস্তবতা।



