যদি

বন্ধুদের সঙ্গে এখন আর আগের মতো আড্ডা হয় না। সবাই যে যার জীবনে আটকে গেছে। চাকরি, সংসার, সন্তান, কিস্তি, বাজার, অসুস্থ মা-বাবা— এসবের ভিড়ে আড্ডাটা কেমন যেন হারিয়ে গেছে। আগের মতো চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা এখন বিলাসিতা মনে হয়।
তবু মাঝেমধ্যে এক বন্ধুর সঙ্গে ফোনে কথা হয়। সাধারণ কথা দিয়ে শুরু। বেড়ে ওঠা, স্কুল-কলেজের দিন, চাকরির গল্প, পেশাগত টানাপড়েন। তার ভেতর দিয়েই চলে আসে জীবনের আসল কথা। হতাশা, ভালো লাগা, সুখ-দুঃখের খুঁটিনাটি। মাঝে মাঝে হাসি-ঠাট্টা, রসালো আলাপ। এমন কথা সবার সঙ্গে হয় না। এটা শুধু তার সঙ্গেই হয়, যার কাছে নিজেকে লুকাতে হয় না।
সেদিন কথায় কথায় বন্ধুটা বলল, ‘দোস্ত, বাড়ি-গাড়িসহ আমার অর্জিত সব সম্পত্তি নিয়ে ভাবছি।’
কী ভাবছিস?
বলল, ‘যা বয়স হয়েছে, যেকোনো সময় কট হয়ে যেতে পারি।’
হাসতে হাসতে বললাম, দোস্ত, কট হতে বয়স লাগে না। আমরা সবাই সেটা জানি। কিন্তু তার চিন্তাটা অন্য জায়গায়। জীবনে তার অর্জন অনেক ভালো। বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে। কিন্তু তার সঙ্গে দুশ্চিন্তাও অনেক বেশি। এই সম্পত্তি সামলাবে কে? ছেলেমেয়েরা পারবে তো? সম্পত্তি থাকা মানেই ঝামেলা। পরিবারে ভাগবাঁটোয়ারা নিয়ে মনোমালিন্য তো আছেই। আপনজনই একদিন পর হয়ে যায়।
তারপর আমাকে নিয়ে ভাবে সে। বলে, ‘তুই এতদিন চাকরি করে কী করলি? কিছুই করতে পারলি না।’
সেদিন মজা করে বললাম, দোস্ত, তোর চেয়ে আমার অর্জন ভালো।
সে অবাক হয়ে বলল, ‘কীভাবে?’
বললাম, তোর টেনশন বেশি, না আমার?
বলল, ‘আমার।’
তাহলে অর্জন কার ভালো?
সে হতচকিত হয়ে তাকিয়ে থাকল। তারপর কিছু ক্ষোভের কথা বলে ফোন কেটে দিল সেদিন। তার কথার সারমর্ম ছিল, এত অর্জন, এত ত্যাগ— সবই যেন মিছে মনে হচ্ছে।
আসলে সম্পদের পেছনে ছুটতে ছুটতে সে ক্লান্ত হয়ে গেছে। জীবনের অর্ধেকটা সে জমিয়েছে, বাকি অর্ধেকটা ভয় নিয়ে কাটাচ্ছে।
আমি ভাবছি, জীবন খুব ছোট। সম্পত্তি কম থাকাই ভালো। কারণ, টেনশন কম থাকলে রাতে ঘুমটা ভালো হয়। আর দীর্ঘমেয়াদি দুঃখ বহন না করাই বোধহয় জীবনের সবচেয়ে বড় অর্জন। শান্তিতে যারা বেঁচে থাকেন, তারাই বোধহয় আসল ধনী।



