আবদুল মান্নান সৈয়দের সাক্ষাৎকার
দেশের মানুষ যত ছোটই হোক তার জন্যও আমার গভীর বেদনা রয়েছে

গ্রাফিকস: আগামীর সময়
আব্দুল মান্নান সৈয়দ একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য-সমালোচক। শুরুর দিকে লিখেছেন অশোক সৈয়দ নামে। ১৯৪৩ সালের ৩ আগস্ট অখণ্ড বাংলার পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মেছিলেন তিনি। তার বাবা সৈয়দ এ এম বদরুদ্দোজা এবং মা আনোয়ারা মজিদ। দেশভাগ পরবর্তী দাঙ্গার কারণে মুসলমান পরিবারের আবদুল মান্নান সৈয়দরা ১৯৫০ সালে পালিয়ে ঢাকায় চলে আসেন। ১৯৫৮ সালে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন বা ম্যাট্রিক), ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে আইএ (ইন্টারমিডিয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আবদুল মান্নান সৈয়দ। প্রথমে সিলেটের এম সি কলেজে প্রভাষক পদে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি শেখ বোরহানউদ্দিন কলেজে কিছুকাল এবং জগন্নাথ কলেজে দীর্ঘকাল অধ্যাপনা করেন। ১৯৯৮ সালে উক্ত কলেজ থেকে অবসর গ্রহণের পর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম রেসিডেন্ট স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২-০৪ সাল পর্যন্ত নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন আবদুল মান্নান সৈয়দ। মাসিক সাহিত্য পত্রিকা শিল্পতরুতে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন।
আবদুল মান্নান সৈয়দের কাব্য-অভিযাত্রা শুরু হয় ১৯৬০ সালেই। পাঁচ দশক ধরে লেখা অব্যাহত রাখেন। তার প্রথম কবিতাগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। তার কবিতায় কখনো মৃত্যুচেতনা, কখনো রোমান্টিকতা, কখনো সুররিয়ালিজম, প্রতীকধর্মী আবার কখনো অ্যাসার্ডিটির প্রতিফলন দেখা যায়। একজন মননশীল ও পাণ্ডিত্যপূর্ণ গবেষক হিসেবে আবদুল মান্নান সৈয়দ তার লেখার বিষয় ও রচনা রীতিতে বারবার পরিবর্তন এনেছেন। তিনি কবিতায় প্রায়ই চাঁদ, সূর্য, আকাশ ও মেঘকে চিত্রকল্পের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। আবদুল মান্নান সৈয়দ ছন্দ বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ নিরীক্ষা করেছেন। প্রবোধচন্দ্র সেন ও শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী ছিলেন তার ছন্দবিষয়ক শিক্ষক। বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্য সমালোচক ও সম্পাদক আবদুল মান্নান সৈয়দ জীবনানন্দ ও নজরুল সাহিত্য নিয়ে অসামান্য সব কাজ করেছেন। তিনি ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন— প্রমুখ কবি-সাহিত্যিক-সম্পাদকের জীবনীমূলক গবেষণাকর্ম উপহার দিয়েছেন। কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ-গবেষণা, কাব্যনাটক, স্মৃতিকথাসহ তার গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক। জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭), নির্বাচিত কবিতা (১৯৭৫), কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২), পরাবাস্তব কবিতা (১৯৮২), পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩), মাছ সিরিজ (১৯৮৪) তার গুরুত্বপূর্ণ কবিতার বই। সত্যের মতো বদমাশ (১৯৬৮), চলো যাই পরোক্ষে (১৯৭৩), মৃত্যুর অধিক লাল ক্ষুধা (১৯৭৭) আবদুল মান্নান সৈয়দের ছোটগল্পের বই। পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪),অ-তে অজগর (১৯৮২), গভীর গভীরতর অসুখ (১৯৮৩), ক্ষুধা প্রেম আগুন (১৯৪৪), শ্রাবস্তীর দিনরাত্রি (১৯৯৮) তার লেখা সুখপাঠ্য উপন্যাস। জীবনানন্দ দাশের কবিতা (১৯৭৪),নজরুল ইসলাম: কবি ও কবিতা, করতলে মহাদেশ (১৯৭৯), ছন্দ (১৯৮৫), রবীন্দ্রনাথ (২০০১), আবদুল গনি হাজারী (১৯৮৯), সৈয়দ মুর্তজা আলী (১৯৯০), প্রবোধচন্দ্র সেন ((১৯৯৪) তার গুরুত্বপূর্ণ গবেষণা ও জীবনীগ্রন্থ।এ ছাড়া লিখেছেন নাটক ও কাব্যনাটক। সম্পাদনা করেছেন সমালোচনা সমগ্র: জীবনানন্দ দাশ (১৯৮৩), বাংলাদেশের কবিতা (যৌথ, ১৯৮৮), সমর সেনের নির্বাচিত কবিতা ((১৯৮৯), সুধীন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা (১৯৯০), মোহাম্মদ ওয়াজেদ আলী রচনাবলী (প্রথম খণ্ড-১৯৯০, ২য় খণ্ড-১৯৯২), মাইকেল মধুসূদন দত্ত: শ্রেষ্ঠ কবিতা (১৯৯২) ও শ্রেষ্ঠ প্রবন্ধ: বেগম রোকেয়া (২০০২)— এ বইগুলো।সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯১ সালে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের ফররুখ আহমদ স্মৃতি পুরস্কার, ১৯৯৮ সালে নজরুল পুরস্কার (চুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বাংলা), ২০০১ সালে নজরুল ইনস্টিটিউট কর্তৃক নজরুল পদক; ২০০০ সালে তালিম হোসেন পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার এবং ২০০২ সালে অলক্ত সাহিত্য পুরস্কার লাভ করেন। ষাটের দশকের কবি আবদুল মান্নান সৈয়দকে আমি প্রথম দেখি ২০০৭ সালের কোনো এক সন্ধ্যায় আজিজ মার্কেটের দোতলায়, ভক্ত-পরিবেষ্টিত দশায়। তুমুল সাহিত্য আড্ডা চলছিল সেখানে। বিষয়, কবিতার লক্ষ্য। অনেকক্ষণ পাশে দাঁড়িয়ে শুনে জাহাঙ্গীরনগরের বাসে ক্যাম্পাসে যেতে যেতে ভাবছিলাম, আহা! এই প্রাণখোলা মানুষটার সঙ্গে যদি আড্ডা দেওয়া যেত!দ্রুতই তার বইপত্র জোগাড় করলাম। মাসতিনেক লাগল মান্নান সৈয়দ পড়তে। তখনকার জাহাঙ্গীরনগরে বন্ধুদের আড্ডায়, প্রান্তিকের আড্ডায় মান্নান সৈয়দের ভক্ত হিসেবে আমার প্রসঙ্গ আসা শুরু করল। খুব সম্ভবত তারই ধারাবাহিকতায় ২০১০-এর শুরুতে আমার অগ্রজ, কবি ও সাহিত্য সম্পাদক শামীম রেজা যখন একটি দৈনিক পত্রিকার 'গুড স্টার্ট'-এর কথা ভাবছিলেন, তখন আমাকে কবি আবদুল মান্নান সৈয়দের একটি সাক্ষাৎকার নেওয়ার কথা বলেন। মূলত তারই প্রত্যক্ষ ও পরোক্ষ উৎসাহে এ সাক্ষাৎকারটি নেওয়া। দুই-তিন দফা বৈদ্যুতিন তারবার্তা আদান-প্রদান করে আমরা সাক্ষাৎকারের জন্য প্রশ্নমালা ঠিক করেছিলাম।কিন্তু প্রশ্নমালা আর কবির সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ ঠিক করলে হবে কি! কবিকে পাওয়াই হয়ে পড়ল মুশকিল। কবি সে সময়টায় প্রায় সারাক্ষণ কানে ফোন লাগিয়ে রাখেন। রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলেন, বাসায় খেতে খেতে কথা বলেন, শিডিউল নিয়ে আসা তরুণ কবিকে বাসার সামনে দাঁড় করিয়ে রেখে তার সামনে পায়চারি করে কথা বলেন। এবং সেই কথা যে সে কথা না, তরুণীভজানো আলাপ। এ দেখে ভালো লাগে যে কবি মন লাগিয়ে প্রেম করছেন।পরপর দুদিন কবির বাসায় গিয়ে একটি বাক্যও রেকর্ড করতে না পেরে ফিরে এলাম। আমি তখন জাহাঙ্গীরনগর থাকি। সেখান থেকে ঢাকা আসা প্রতিদিন এবং ব্যর্থমনোরথে ফিরে যাওয়া কি যে কষ্টকর তা বলে বোঝানো যাবে না। তৃতীয় দিনে মান্নান ভাই কথা দিলেন আজ আর কোনো নড়চড় হবে না। ২০১০, আগস্ট মাসের প্রথমদিন, আমি গেলাম কবির বাসায়, গ্রিনরোডে। গিয়ে দেখি কবি নেই। ফোন করলাম, এনগেজড। ১০ মিনিট অন্তর অন্তর ফোন করি আর এনগেজড। দু-ঘন্টা দাঁড়িয়ে থেকে তখনকার বসুন্ধরা সিটি, যেখানে শামীম (রেজা) ভাইয়ের পত্রিকা অফিস সেখানে ফিরলাম। সকাল ১০ টা থেকে দাঁড়িয়ে থেকে, তখন বাজে তিনটা। আমি ক্লান্ত, ধ্বস্ত, ক্ষুধার্ত— সাততলায় উঠলাম কিছু খাবো বলে, গিয়ে দেখি একটা কোনার টেবিলে কবি আব্দুল মান্নান সৈয়দ এক তরুণীর সাথে বসে আছেন। রাগে তখন আমার গা জ্বলছে। দীর্ঘ সময় অপেক্ষা করে আমি বিরক্তও। গিয়ে বললাম, সাক্ষাৎকার না দিলে না দেবেন, তা আপনার একান্ত ইচ্ছা। কিন্তু এভাবে আমাকে হয়রানি করার তো কিছু নাই।উনি প্রায় ধরা পড়ে গেছেন এমন ভঙ্গি করে জিভ কাটলেন। আমি হেসে ফেললাম। বললাম আপনার জন্মদিন আর মাত্র দুদিন পর। পত্রিকা থেকে আমাকে তাগাদা দেয়া হচ্ছে। আপনি ইন্টারভিউ দিবেন কি দিবেন না বলেন! মান্নান ভাই আমাকে কথা দিলেন, জন্মদিনের সকালটা তিনি আমার জন্য রাখবেন। হায় কে জানতো সেই জন্মদিন শেষ জন্মদিন হবে! ২০১০ সালের ৩ আগস্ট, কবির সাতষট্টিতম জন্মদিনে আমরা সকাল দশটার দিকে আলাপ করতে বসি, সেই আলাপ দুটি বিরতি দিয়ে শেষ হয় বিকেল তিনটার দিকে। যে দৈনিক পত্রিকার জন্য সাক্ষাৎকারটি নেয়া হয়েছিলো সেখানে এই দীর্ঘ সাক্ষাৎকারের প্রথম অংশটুকু প্রকাশিত হয় ৫ই সেপ্টেম্বর কবির জীবনাবসানের দুদিন পর। প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রিয় জন্মান্ধ কবিতাগুচ্ছ দিয়ে শুরু করা যাক। সচরাচর একজন নতুন লেখক প্রথম পর্যায়ে নিজের ভাষা হাতড়ে বেড়ান। অথচ আপনি যেন সেই অভিমন্যু, গর্ভাবস্থাতেই ব্যুহভেদ করতে শিখেছেন। যখন নিজস্ব রণভূমিতে প্রবেশ করলেন, আপনি তখনই সম্পূর্ণ সমরাস্ত্র সজ্জ্বিত। তো এই যে জন্মান্ধ কবিতাগুচ্ছের তৈরি সমস্ত ভাসানের সমস্ত উড়াল, আপনার হাতে বাংলা কবিতার এই নতুন নির্মাণের পূর্ব ইতিহাসটা আমরা জানতে চাই। প্রশ্নটা আমি ১৯৬৮ সালের অর্থাৎ ষাটের দশকের ‘কণ্ঠস্বর’-এর কবি আব্দুল মান্নান সৈয়দের কাছে করতে চাই।৬৮ সাল তো পারি দিয়ে এসেছি ৪০ বছরের বেশি। ফলে তখনকার মনোভাব আমি তো পুরোপুরি বলতে পারবো না। তখনই কেন, এখনো আমি খুব নির্জনতর মানুষ। নির্জন, তবে জীবনানন্দের সাথে আমার তফাৎ হচ্ছে আমি নির্জন তবে উদ্ধত। অনেকে ভাবে দাম্ভিক বা নাক-উঁচু। আমার ধারণা তা নয়। তবে এখনকার ভাবনা আমি যেটা বলবো তা হলো, আমার একটি লেটো পিরিয়ড আছে। নজরুলের মতো। পিরিয়ডটা হলো আমার সেভেন এইট থেকে এম.এ পাশ পর্যন্ত। আমি বিরামহীন লেখালেখি করতাম আর ছবি আঁকতাম। আমার কঠোর আব্বা, কলকাতা ইউনিভার্সিটিতে পড়তেন, চাচারা মেধাবি ছাত্র, আমাকে বাধ্য করলেন লেখাপড়া করতে। আমাকে বাধ্য করেছেন যেন আমি এম.এ পাশ করি। এইজন্যে ১৯৬৫ সালকে আমি ধরি আমার আত্মপ্রকাশের বছর। এম.এ পাশের পর আমি বেরিয়ে আসি, পুরো স্বাধীন। আব্বা আমাকে পূর্ণ স্বাধীনতা দিলেন। লেটো পিরিয়ড আমি বলছি, নজরুলের অর্থে বলছি, সব লেখকের একটা এরকম পিরিয়ড থাকে, মাইকেলের ছিলো, ইংরেজী কবিতা লেখার সময়টা, আমার এই লেটো পিরিয়ডটা আমার এম.এ পাশের পর। ওই পিরিয়ডে আমি নিজেকে ক্রমাগত শিক্ষিত, সংস্কৃত করার চেষ্টা করেছি। আর আমি তখনও লোকজনের সাথে মিশতে পারতাম না, এখনো পারি না। আমি এতো নির্জন, এতো অসামাজিক, এতো আত্মমগ্ন এবং উগ্র টাইপের মানুষ। এইসব মিলিয়ে আমি তখন শিল্প সাহিত্যের দিক-বিদিক হাতড়ে বেড়িয়েছি। স্কুলে থাকতে আমাদের ব্যাকরণ বইয়ে, জগদীশ গুপ্তের ব্যাকরণ বইয়ের শেষে, ছন্দ থাকতো, আমি সেখান থেকেই ছন্দ শিখে নিয়েছিলাম। আমি প্রথমদিকে মনে করতাম ছন্দ ছাড়া কবিতা হতে পারে না। ইউনিভার্সিটিতে উঠে আমার কোন লাভ হয়নি, লাভ এইটুকু হয়েছে ছন্দটা আমি শিখতে পেরেছি। শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী আমাদের ছন্দের ক্লাস নিতেন। ছন্দের একটি খাতা আমার ছিলো। স্যারের কাছ থেকে ছন্দের পাঠ আমি নিয়েছি সেটা আমি ভুলতে পারি না। স্যারকে, আমার মহান শিক্ষককে, শ্রদ্ধেয় শিক্ষককে এই সুযোগে আমি সালাম জানাই। আর প্রবোধচন্দ্র সেনকে আমি সালাম জানাই। আমার ছন্দ শিক্ষার পাঠ প্রবোধ চন্দ্র সেন স্যারের কাছেও।পরে তো আপনি প্রবোধচন্দ্র সেনের জীবনী লিখেছেন—আমি জীবনী লিখেছি শুধু নয়, উনি বিভিন্ন সময়ে আমার সম্বন্ধে কমেন্ট করেছেন। সেগুলো সব ইতিবাচক শুধু নয়, কিন্তু সেটাও কেউ কেউ অন্যভাবে দেখে, যা নিয়ে অনেক কথা আছে। যাই হোক এইসব মিলিয়ে আমি প্রবলভাবে ছন্দের অনুসারী ও অনুগামী ছিলাম। কিন্তু আমার ব্যক্তিস্বভাবের মধ্যে একটা কোথাও দ্রোহী ব্যাপার আছে। ফলে, আমি যখন বেরুলাম, মানে ১৯৬৭ সালে যখন বইটা ছাপা হলো, লেখাগুলো আরো বেশ আগের লেখা, আমার ১৭, ১৮, অর্থাৎ কুড়ি বাইশ অর্থাৎ প্রায় ৬১, ওখানে আছে ৬২ সালের লেখা, অনেক কাগজপত্র হারিয়ে ফেলেছি, একটা বিশুদ্ধ সনেট সেদিন খুঁজে পেলাম, যাই হোক আমার প্রথম বই যখন বেরুলো তখন সেটা প্রায় ছন্দহীন, টোটাল টানাগদ্যে, এইটা আজকে আমাকে বলতে হবে, আমার লেখা বেরুনোর সঙ্গে সঙ্গে সমসাময়িক কবিদের মধ্যে প্রচণ্ড প্রভাব ফেললো। যেহেতু আমরা সমসাময়িক সেহেতু এর উদ্গাতা কে, সেটা একটু হয়তো ধোঁয়া-আচ্ছাদিত হয়ে পড়লো, কিন্তু আলটিমেটলি কেউ তো কারো নকল করতে পারে না। ফলে, জন্মান্ধ কবিতাগুচ্ছকে আপনারা আজকে চল্লিশ বছর পর, আপনারা তরুণরা খুঁজে বের করেছেন। আরেকটি ধারণা এর সাথে যোগ করি, আমার এখনকার কবিতা, আমাকে অনেক ছেলেমেয়েরা বলে, আমি ইয়াংদের সাথে অনেক মিশি, শামীমই ( কবি শামীম রেজা) বলে, জন্মান্ধ কবিতাগুচ্ছ-এর পর আপনার এখনকার কবিতা কি হচ্ছে! এগুলো আমি শুনেছি, শামীম ফটোকপি করে তরুণদের পড়তে দিয়েছে, হয়তো আপনাকেও পড়তে দিয়েছে, তবে আমি মনে করি, আমি এখন যেগুলো লিখছি, সেটাও আশা করি চল্লিশ বছর পর বিবেচিত হবে।আমার প্রশ্ন ছিলো মান্নান ভাই আপনার প্রস্তুতিপর্বটা … প্রস্তুতিটা ছিলো আমার ঐ কালের প্রস্তুতি। লেটো পিরিয়ডের। যখন আমার আব্বা আমার লেখা প্রকাশিত হতে দিচ্ছেন না। এবং আমি একটা খাঁচার মধ্যে। আমি বলি যে, লেখাপড়ার সতেরো বছর আমার সশ্রম কারাদণ্ড। পাশ না করলে চলবে না— এই ছিলো আব্বার হুঙ্কার। আব্বা আমার স্বভাব জানতেন। যে আমার লেখাপড়া হতো না, সে হুঙ্কার না হলে। আমাকে না খেয়ে মরতে হতো। ফলে আমি নিজেকে শিক্ষিত সংস্কৃত করেছি আমার এই সশ্রম কারাদণ্ড পিরিয়ডে।আপনার সমসাময়িকদের মধ্যে এর প্রভাব ছিলো বলতে চাচ্ছেন এবং আপনিই প্রথম শুরু করেছিলেন… আমিই শুধু প্রথম না, বলতে পারেন একমেবাদ্বিতীয়ম। অন্তরাত্মা কিন্তু নকল করা যায় না। আপনারা যদি স্বাক্ষর দেখেন তাহলে দেখবেন। অনেকেই এমন লিখেছেন। কিন্তু অন্তরাত্মাকে তো কেউ নকল করতে পারবে না। পারে না। ওটা নকল করা যায় না। কবিতায় আপনার শুরুটা কেমন ছিলো? আজ এই ৬৭ বৎসর বয়সের তারুণ্যে শুরুর সময়টার সাথে বর্তমানটাকে কিভাবে তুলনা করবেন? দেখুন, আমি কবিতা লিখি, বহুকাল থেকেই কবিতা লিখি, প্রায় প্রথম থেকেই। পঞ্চাশ বছর হয়ে গেল। আমার প্রথম কবিতা বেরোয় ১৯৫৯ সালে, কবিতার নাম হচ্ছে 'সোনার হরিণ', ইত্তেফাকের সাহিত্য সাময়িকীতে, তখন খুব পপুলার কাগজ, ডাকে পাঠিয়েছিলাম। ছন্দোবদ্ধ কিন্তু কিছুটা ভাঙা ছন্দ ছিলো। কারণ ছন্দ তখনো পুরোপুরি আমার আয়ত্বে ছিলো না। শিমুল, আপনার প্রশ্নটা কি ছিলো?আপনার কবি হওয়ার শুরুটা—হ্যাঁ। আমার কবিতা কিছুকাল পরে পরেই আমার নিজের কাছে একঘেয়ে লাগে। তখন আমি ভেবেছি আর কবিতা লিখবো না। যদিও এখন আবার লিখছি। কেন লিখছি জানি না। আমি আবেগতাড়িত না হয়ে কবিতা লিখি না। ফলে আমার মাঝে মাঝে গ্যাপ পড়েছে। আপনি আমার কোন বইয়ের সাথে কোন বইয়ের মিল পাবেন না। এটা, আমার একটা অন্তঃশীল স্রোত আছে, ফলে আমি হয়তো কবি-ও নই। আমি সারাক্ষণ কবিতা লিখতে পারি না। আমি মনেও করি না যে কবিতা সারাক্ষণ লেখার বিষয়। আমি অসম্ভব আবেগী মানুষ। আমার বিপদ এবং সম্পদ হচ্ছে একটি জিনিস, সেটা হচ্ছে আমার আবেগ। আমি মানুষকে ভালোবাসি, এবং ভালোবাসা দিতে গিয়ে আমি আহত হই। পরে আমি একেক সময় একেক বিষয়ে আকৃষ্ট হয়েছি, কোন একটা আমার গভীর ভেতরে যদি আলোড়িত না করে আমি কবিতা লিখি না। তো এইভাবে আমার কবিতা আপনার, একটা যাত্রা, পথ— সেটা সম্পূর্ণ হবে, একটা বৃত্ত সেটা চিহ্নিত হবে, যেকোন বয়সে, হয়তো আমার মৃত্যুর পর। মৃত্যুর আগে সেটা আমি বলতে পারি না। আমার ভেতরে প্রচণ্ড একটা অসম্ভব, অতৃপ্তি আছে। কিন্তু বাইরে আমি খুব শান্ত স্বভাবের লোক। কিন্তু আমার ভেতরে অবিশ্রাম যে আলোড়ন চলছে সেটা বাইরে থেকে কেউ বুঝবে না। যে কারণে অনেক সময় আপনাকে চিনতে পারবো না, হয়তো দুর্ব্যবহার করে বসলাম, এটা আপনাকে বুঝতে হবে আমাকে যে আমি অত্মমগ্ন একজন মানুষ। এই যে আপনি বললেন, আপনার কবিতা একঘেয়ে লাগে, এর কারণেই কি আমরা দেখি যে আপনার কোন কাব্যগ্রন্থের সাথে কোন কাব্যগ্রন্থের মিল নেই! যেন সতত আপনি নতুনের সাধনা বা নতুনের আবাহন তৈরি করে যাচ্ছেন, সবসময় নিরীক্ষা করছেন— আমার ভেতরে একটা অনুসন্ধানের স্রোত চলতে থাকে। সতত। এ অনুসন্ধানের কোন শেষ নেই। ফলে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নিজেকে পরিচয় দেবো আমি একজন বৈজ্ঞানিক। আমার এই টেবিল, মেঝে, সারা বাড়িই আমার লেখার জায়গা। যেকোন জায়গায় বসেই আমি লিখতে পারি। তাই আমার বাড়িটিকে আমি বলি ল্যাবরেটরি। আমার কোন জায়গা লাগে না। যেকোন রাস্তায় দাঁড়িয়েও আমি লিখতে পারি। যেকোন সস্তা রেস্টুরেন্টে, যেকোন নামী জায়গায়। তো এটা কেন বলছি! আমার কবিতা, গল্প, গবেষণা, প্রবন্ধ, নাটক সবরকমের লেখালেখি, বিচিত্র চর্চা এটা আমার জীবনানুসন্ধানের ব্যপার। আমার টেবিলে একটিমাত্র ছবি। আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, ওখানে গবেষণার বিষয় ছিল আলাদা, কিন্তু আমার টেবিলে একটিমাত্র ছবিই আপনি দেখবেন, সেটা নিউটনের ছবি। এবং আমার কাছে সব বিজ্ঞানীরা আমার আদর্শ। আমি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, স্যার জগদীশ বসু এদের আমি অনুরক্ত। এবং আমার কথা হচ্ছে আমার সমগ্র সাহিত্য যদি আপনারা একটি বিজ্ঞান চর্চা হিসেবে দেখেন তাহলে হয়তো কেউ একটা সামগ্রিকতা পেতেও পারে। তাই আমার বাড়িটাকে আমি বলি, ল্যাবরেটরি। অথবা আমার বাড়িটাকে কারখানা বললেই বোধহয় ভালো হয়। নিউটনের কথা বলতেই মনে এলো। অনেক সমালোচক সময় এবং স্থান অর্থাৎ টাইম এন্ড স্পেস কে কবিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। আপনার কবিতার ক্ষেত্রে এই দুটি স্বতন্ত্র বিষয়কে উহ্য রেখেছেন বলেই অনেকে মনে করেন। এ প্রসঙ্গে অর্থাৎ টাইম এন্ড স্পেস সম্পর্কে আপনার মতামত কি?আমি যে কবিতা লিখতে চাই, খুবই দুঃখের কথা, পঞ্চাশ বছর ধরে লিখছি, অথচ সেই কবিতা আমি লিখতে পারি নাই। নিঃসময় কবিতা, সময়হীন কবিতা, দেশকালহীন কবিতা, কেননা আমার জন্ম হয়েছে এই দেশে নয়, ভিন্ন একটি রাষ্ট্রে, আমি বর্ধিত হয়েছি আরেকটি রাষ্ট্রে, আমি এখন আছি আরেকটি রাষ্ট্রে, আমি ১৯৫০ সালে এদেশে চলে এসেছি, নৌকায় পালিয়ে, আমার মাতৃভূমি ছেড়ে, যে তার মাতৃভূমি ছাড়েনি, যে বাস্তুহারা নয়, সে বুঝতে পারবে না দেশভাগের যন্ত্রনা কি! ১৯৪৭ সালের যে দাঙ্গা, যে দেশভাগ সেটার কথা সবাই জানে কিন্তু সবাই জানেনা যে ১৯৫০ এ-ও খুব বড় একটা দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলমান, তখনও হিন্দুরা এদেশে ছিলেন অনেক, মুসলমানরা ওদেশে ছিলেন অনেক, পঞ্চাশের দাঙ্গায় হিন্দুরা অনেকে চলে যান এখান থেকে এবং মুসলমানরা অনেকে চলে আসেন ওখান থেকে। আমি আমার নানা নানীর খুব আদরের ছিলাম। আব্বা সরকারী চাকরী করতেন, আব্বা অবসর নিয়ে এদেশে চলে আসেন। কিন্তু আমি ওদের সাথে থেকে যাই। আমাকে পালিয়ে আসতে হয়েছিল একটি নৌকায়। তো আমাদের নৌকা পথ হারিয়ে ফেলেছিল। সেই ১৯৫০ এর দাঙ্গার স্মৃতি আজও আমার মনে রক্তাক্ত ক্ষত তৈরি করে আছে। এই জিনিসটা আমার ভেতরে, খুব ভেতরে অসম্ভব রকম হতাশা তৈরি করেছে। আমি যে এতো হতাশাপ্রবণ বলেন আপনারা, হতাশাপ্রোথিত, হতাশাবাদী একজন লোক। আমি যখন আড্ডায় থাকি তখন আমাকে দেখে বুঝতে পারবেন না, আমি হাত পা নেড়ে কথা বলছি, তখন বোধহয় আমি অভিনেতাও, তখন আমাকে দেখে লোকে মনে করবে এর চেয়ে সুখী লোক বোধহয় পৃথিবীতে আর নেই। কিন্তু বাড়িতে আমি যতক্ষণ থাকি, আমি শুয়ে থাকি, বেশিক্ষণ কথা বলতেও কষ্ট হয়, তবে মূল কথা, আমার জীবনাভিজ্ঞতা, পঠন পাঠন, তাতে উইলিয়াম ব্ল্যাকের লেখা, কোলরিজের লেখায় কিন্তু এটা আছে। স্পেসহীনতার জেশচার আছে। কিন্তু সেলিম সারওয়ার ( ষাটের দশকের কণ্ঠস্বরগোষ্ঠি কবি) আমাকে বললো, মান্নান ভাই, আপনার লেখাতেই আমি রীতিমত গবেষণা করে দেখিয়ে দিতে পারি, কিভাবে আপনি স্থান, কাল দেশকে তুলে ধরেছেন। আসলে কোন লেখকের পক্ষে তার দেশকালের বাইরে যাওয়া সম্ভব নয়। আমার লেখার বিচার তো আর আমি করতে পারি না, সেলিম সারওয়ার যখন বললো যে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারি, আপনার লেখায় কিভাবে আছে দেশ কাল সমাজের ছবি। কি বলবো সমালোচকদের। উদ্দেশ্যমূলক সমালোচনাতো আর কম হয়নি আমাকে ঘিরে। তবে, আমার উচ্চারণ একটু পরোক্ষ, প্রত্যক্ষ নয়। দেশকালের বাইরে লেখা সম্ভব নয়। উইলিয়াম ব্ল্যাকও যেতে পারেননি, কোলরিজও পারেননি, মান্নান সৈয়দও পারেননি। আর এদেশের নেমক খেয়েছি আমি, এদেশে আমি জন্মগ্রহণ করিনি, এদেশ থেকে যা পেয়েছি সেটা তো কম নয়! আমার মতো লেখক কিছু পাওয়ার কথা নয়, সে জন্য আমি কৃতজ্ঞ কিছু মানুষের প্রতি, অনেক মানুষ, বিশেষ করে তিনজন সম্পাদকের কথা আমি বলবো, সিকান্দার আবু জাফর, আব্দুল গণি হাজারি, এবং হাসান হাফিজুর রহমান। এই তিনজন সম্পাদকের কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আমার কবিতার প্রথম সমালোচক আমি যদি একটু দম্ভও দেখাই এক্ষেত্রে, শওকত ওসমান। তিনি আমার প্রথম সমালোচক, এবং কবিতার বইয়ের সমালোচক। আমি দম্ভ দেখাবো না কেন! শহীদ কাদরী এবং আব্দুল মান্নান সৈয়দের কবিতার বইয়ের প্রথম সমালোচক শওকত ওসমান। আমারটা বাংলা ভাষায়, সমকালে, এবং শহীদ কাদরীরটা, ইংরেজী ভাষায় হলিডে পত্রিকায়। কাদরী ভাইয়ের সাথে যখনই দেখা হতো আমার, নিঃশব্দে, হয়তো আড্ডা ছেড়ে আর সবাই উঠে গেছে, উনি হাসতেন, বলতেন যে মান্নান, নামটা বলেই একটা হাসি, উনিতো অসম্ভব সুরসিক লোক, গত ঈদে উনি একঘন্টা দেড়ঘন্টা কথা বলেছেন, ফোনে, ঈদের দিন, উনি আমাকে প্রায়ই বলেন যে, দেখেন মান্নান, বিশ্বসাহিত্যের পাঠক শওকত ওসমান, উনি দুজনকে আসলে কবিস্বীকৃতি দিয়েছেন, আমাকে (শহীদ কাদরী), এবং আপনাকে (আবদুল মান্নান সৈয়দ)। সেটা ছিলো আমার বইয়ের লিখিত প্রথম সমালোচনা কিন্তু! কাজেই আমি যদি একটু ভুলে দম্ভ দেখিয়ে ফেলি!











