বৃদ্ধাঙ্গুল ও ধলাবিবি উপাখ্যান

হাতের আঙুলে স্পর্শ লাগার সাথে সাথে চমকে উঠে ধলা বিবি। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় সে। তির তির করে কাঁপতে থাকে শরীর। হাতের টসটসে আঙুলের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকল আদুল্লা মুহুরী। দলিল লেখা শেষে জমির মালিকের বৃদ্ধাঙ্গুল চেপে ধরে মুহুরীরা দলিলে টিপসই নিয়ে থাকে। মেয়ে পুরুষ কতজনই তো টিপসই দিয়ে থাকে। আদুল্লা মুহুরী ভাবতে থাকে, মানুষের হাতের আঙ্গুল কী এতো সুন্দর হয়! এক্কেবারে পাকা কলার মতো। না জানি চেহারাটা কতো সুন্দর! আদুল্লার চোখের অবস্থা দেখে ধলা বিবি হাতখানা নেকাবের মধ্যে লুকিয়ে ফেলে। অষ্টাদশী জীবনে এই প্রথম লোকারণ্যে এসেছে মিয়াবাড়ির ছোট কন্যে ধলা বিবি। ইসাহক মিয়ার বয়স হয়েছে। তাই ছোট মেয়ের নামে দশ বিঘা জমি লিখে দেওয়ার জন্য মেয়েকে সঙ্গে করে মহকুমা সদরের রেজিস্ট্রি অফিসে এসেছেন।
আদুল্লা মুহুরী ধলাবিবিকে বারবার অনুরোধ করার পরও বৃদ্ধাঙ্গুল বাড়িয়ে দিল না টিপসই দেওয়ার জন্য। ধলা বিবির মনের সৌন্দর্য দেখে আদুল্লার মনটা উন্মনা হয়ে ওঠে। জিদ ওঠে মাথায়। সে প্রতিজ্ঞা করে এ মেয়েকে সে সদর থেকে গ্রামে ফিরতে দেবে না। পথে আটকে দেবে।
আব্দুল্লা ধাতস্ত হলো। ঠান্ডা মাথায় সে ধলা বিবিকে বলল, টিপসই না দিলে জমির রেজিস্ট্রি হবে না। আপনার হাতটা দিন। ধলা বিবি বাবার কানে কানে বলল,কোনে টিপ দিতে হবে দেখায় দিন আমি নিজের থেকেই দিতে পারব। আদুল্লা কোনভাবেই আর মেয়েটির হাত স্পর্শ করতে পারল না। রাগে ক্ষোভে আদুল্লার মুখটা লাল হয়ে উঠল। ভিতরে ভিতরে আহার ছুটে যাওয়া ব্যাঘ্রের মতো ফুসতে লাগলো সে।
দলিল লেখার আসন ছেড়ে বাইরে এসে দাঁড়াল আদুল্লা। মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ খবর নিল সে। গড়াই নদীর দক্ষিণে বসিগ্রামে ইসাহক মিয়ার বাড়ি। বনেদি পরিবার। ব্রিটিশদের সাথে তাদের কায় কারবার।
আদুল্লার মনের মধ্যে আগুন জ্বলে। যেভাবেই হোক মেয়েটিকে আটকাতে হবে। সে বিলম্ব করল না। বিশ্বস্ত একজন সহকারীকে গ্রামে পাঠিয়ে দিল লাঠিয়াল আনার জন্য। সহকারীকে কানে কানে বলল, লাঠিয়ালরা যেন খেয়াঘাটে অপেক্ষা করে। ধলা বিবির বাবা ইসাহক মিয়ার কপালে চিন্তার ভাঁজ। ভাবতে লাগল ইসাহক মিয়া। দলিল লেখক ছেলেটির আচরণ মোটেই ভালো ঠেকছে না। কোন সমস্যা করবে না তো? কী করা যায় এখন?
ইসাহক মিয়া তার বন্ধু মতি মিয়ার খোঁজ করলেন। মতি মিয়া মহকুমা সদরে থাকে। মুসলিম নেতা হিসাবে তার অনেক নাম ডাক। ইসহাক নিয়া খবর পেল মতি মিয়া জেলা সদরে গেছে। এবার তিনি সর্ষের ফুল দেখতে লাগলেন চোখে।
গ্রামে খবর পাঠাবেন এরকম কোন লোকও পাচ্ছেন না। পাশের গ্রামের ইরফান আলী দলিল লেখে। নিরুপায় হয়ে ইসহাক মিয়া তার কাছে গেল। ইরফান ইসাহক মিয়াকে দেখে বলল, মিয়া ছাব কি হয়েছে আপনার? আপনার সাথে কোন খারাপ কিছু হয়েছে। আদুল্লার সেরেস্তায় দলিলে টিপসই দেওয়া নিয়ে যা ঘটেছে সবকিছু খুলে বলল ইসহাক নিয়া।
সব কথা শুনে ইরফান আলী বলল, আদুল্লা একটা পার্টির বড় নেতা। ব্রিটিশরা তাকে সমীহ করে। প্রতাপশালী পরিবারের সন্তান। গ্রামে তাদের অনেক জমি জমা। তার কথার অবাধ্য হবে এমন মানুষ এই তল্লাটে নাই। আর হাতের আঙ্গুল ধরলে কি সমস্যা?
আরে বাবা সমস্যা তো আমার না সমস্যা আমার মেয়ের। সে তার আঙ্গুল স্পর্শ করতে দিতে চায় না।
ও এই কথা,চলেন দেখি আদুল্লার কাছে যায় দেখি কোন সমাধান খুঁজে বের করা যায় কিনা। আদুল্লার দলিল লেখার ঘরে অনেক মানুষের ভিড়। বাঁশের চরাটে পুরুষ মানুষ আর জলচকির উপর নারীরা বসেছে। বাবার অনুপস্থিতিতে চৌকির উপর বসে ঘামছে ধলা বিবি। চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে তার। খুটির সাথে হেলান দিয়ে গুটিসুটি হয়ে বসে আছে সে।
ইরফান আদুল্লার দিকে তাকাল কিন্তু কথা বলার সাহস হলো না। আদুল্লার সামনে অনেক লোক বসা। নিবিষ্ট মনে আদল্লার সহকারী দলিল লেখায় ব্যস্ত।
ইরফান আদুল্লার পাশে যেয়ে বসলো। গলার স্বরটা নিচু করে বলল, ভাইছাব কেমন আছেন?
আদুল্লা ইরফানের দিকে না তাকিয়েই বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছ?
ভালো আছি ভাইছাব।
দেখছো তো লেখা জোকার কাজ করছি কিছু কবা কও।
ইরফান ধলা বিবি প্রসঙ্গ উঠাতে গেলেই আদুল্লা বলল, মেয়েটার ভারী অহংকার হাতের আঙ্গুল ধরতে দেবে না। জীবনে এই প্রথম একজনকে পেলাম যে হাতের আঙ্গুল ধরতে দিল না। অবশ্য এটা তার জানা নাও থাকতে পারে। কিন্তু জানার পরেও যে কাজ করতে বাধা দেয় তাকে তুমি কি বলবা?
ইরফান আলী কাচুমাচু কন্ঠে বলল, ভাইছাব উনারা খানদানি জাত। ঘরের বাহির হন না। কোন পুরুষ ছেলের সাথে কথা কন না। বলতে পারেন আসূর্যস্পর্শা। আঙ্গুল না ধরে একটা ব্যবস্থা করে দেন।
ইরফানের দিকে ফিরে তাকালো আদুল্লা। লাল টকটকে দুটো চোখ দেখে উঠে দাঁড়াল ইরফান। আদুল্লার কোন খারাপ কথা শোনার আগেই সে ইসাহক মিয়াকে বলল, মেয়েকে বুঝান আঙ্গুল ধরলে জাত যায় না। আর কথা না বাড়িয়ে আদুল্লার ঘর থেকে সে বেরিয়ে গেল।
ইসাহক মিয়া অসহায়ের মত এদিক সেদিক ঘুরছে। মহকুমা সদরে তার বন্ধু-বান্ধব দু’চারজন যারা ছিল তাদের কারো দেখা পেল না। আদুল্লার ঘরে দলিল লেখা চলছে একে একে অনেকগুলো দলিল লেখা হয়ে গেল। পড়ে রইল ধলা বিবির নামে লিখে দেওয়া দলিল। দুপুরের খাবার সময় পার হয়েছে অনেক আগে। আদুল্লারা খাওয়া শেষ করে ইসহাক মিয়াকে বলল, আপনাদের কি খাবার দিব? ইসহাক মিয়া বলল তার আর দরকার নেই। আমাদের কাজটা হলেই আমরা বিদায় নিতে পারি।
আপনার মেয়ের জন্যই তো কাজটা বন্ধ রয়েছে। কখন কাজটা শেষ হয়ে যায়। সে তো আঙ্গুলি বের করছে না। আঙ্গুল না ধরে কি টিপসই দেয়া যায়। এদিক-ওদিক হলেই দলিলটা নষ্ট হয়ে যাবে। আপনার মেয়েকে বুঝান আঙ্গুল ধরলে জাত যায় না।
ইসাহক মিয়া আদুল্লার মুখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার মাথা ভরা কোকড়ানো চুল। বেশ বুদ্ধিদীপ্ত চোখ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। এক হারা গড়ন। ইসাহক মিয়ার ভাবনায় আদুল্লা। তবে ছেলেটা একরোখা। উপায় না দেখে আদুল্লাকে প্রস্তাব দিল ইসাহক মিয়া। ধলা বিবির আঙ্গুলটা ধরে আমি আমি না হয় টিপসই দিয়ে দিই। ইসাহক মিয়ার অযাচিত কথা শুনে আদুল্লা বলল, আরে রাখেন মিয়া আপনার আভিজাত্য। কতশত মেয়ে লোক টিপসই দিচ্ছে আর আপনি আছেন ইজ্জত নিয়ে।
আদুল্লা ইসহাক মিয়াকে অপমান করে কথা বলছে। সহ্য হলো না ধলা বিবির। সে বলল, আব্বুজি ফিরে চলো আমার নামে জমি লিখে দেওয়া লাগবে না। মানুষের সাথে যারা সম্মান দিয়ে কথা বলতে জানে না তাদের এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না।
ইসাহক মিয়া ধলা বিবিকে বলল,মারে আঙ্গুলটা দে, টিপটা নিয়ে নিক। কাজের জন্য আঙ্গুল ধরলে গোনা গুনাহ হবে না। দৃঢ় কন্ঠে ধলা বিবি বলল, না আব্বুজি কাউকে আমার আঙ্গুল ধরতে দেব না। আমি তো সই করতে পারি। আদুল্লা এবার বিনয়ের স্বরে বলল, টিপসই ছাড়া জমি রেজিস্ট্রি হয় না। কিভাবে দিতে হবে বলেন আমি একাই দিতে পারব। কোথায় টিপ দিতে হবে দেখিয়ে দিন।
আদুল্লার মনটা ব্যাকুল হয়ে ওঠে। ধলা বিবির মনের সৌন্দর্যে মুগ্ধতায় পেয়ে বসে। মেয়েটাকে খুব ভালো লাগে তার। আদুল্লা আনমনে বলে,রিমঝিম করা আধো মাদকতায় ভরা ধলা বিবির গলার স্বর। আদুল্লা মোহিত হয়ে শুনে সে স্বর। তার মনের মধ্যে ঝড় উঠে। চঞ্চল হয়ে ওঠে মন। একবার ভাবে দলিলটা করে দিই। প্রস্তাব দিয়ে ঘরে তুলে আনব। পরক্ষণেই ভাবে ধলা বিবির সাথে যে আচরণ করা হয়েছে সে কারণে আমার প্রস্তাবকে সে উপেক্ষা করতে পারে। মেয়েটাকে কোনভাবেই ফিরে যেতে দেওয়া হবে না। বল প্রয়োগেই তাকে ঘরে তুলতে হবে ধলা বিবিকে আমার চাই-ই চাই।
আদুল্লাকে যখন কোনভাবেই রাজি করানো গেল না তখন ইসাহক মিয়া পুনরায় ইরফানের ওখানে গেল। ইসাহক মিয়াকে দেখে ভয় হল ইরফানের। লোক চক্ষুর আড়ালে ডেকে ইরফান ইসাহক মিয়াকে বলল,ভাইছাব ভালোই ভালোই মেয়েকে নিয়ে কেটে পড়েন। আর এক মুহূর্ত বিলম্ব করবেন না। আদুল্লা খুব জেদি মানুষ। আঙ্গুল ধরতে না দিলে সে দলিলের রেজিস্ট্রি থামিয়ে রাখবে। এক মাস পর আপনি আমার এখানে আসবেন তবে খুব সাবধানে। আদুল্লা যেন ঠিক না পায়। অথবা আমি দলিল বাড়িতে নিয়ে যাব সেখানে লিখে পড়ে নিয়ে আসবো। গোপনে আসবেন শুধু রেজিস্ট্রির দিন। ধলা বিবিকে সঙ্গে আনবেন যা করতে হয় পরে দেখা যাবে। ধলা বিবিকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। তাছাড়া আদুল্লা যেমন ভালো মানুষ তেমন আবার খুব খারাপ মানুষ। আইন কানুন কোন কিছুরই তোয়াক্কা করে না। সে যা করবে সেটাই আইন। বুঝলেন ভাই কথায় আছে না,'মূর্খের জ্ঞান দেওয়া আর অন্ধকে দর্পণ দেখানো সমান কথা'।
ইরফানের কথা মতো ইসাহক মিয়া আদুল্লার কাছে এসে বলল, সাব রেজিস্টার সাহেব অফিস থেকে বেরিয়ে গেছে, জমি রেজিস্ট্রি আর হবে না। আমরা ফিরে যাই। আরেকদিন না হয় আসা যাবে।
আদুল্লা রাগতস্বরে বলল, আপনাদের জন্য আমার কত ক্ষতি হয়ে গেল। একটি দলিল নিয়ে এত ঝামেলা করলেন। জিদ থাকা ভালো কিন্তু এত জিদ ভালো না। দেখি আপনার মেয়ে কিভাবে বাড়ি ফিরে যায়। আদুল্লার কথা শুনে ধলা বিবির বুকের মধ্যে নড়েচড়ে ওঠে। মৃদু কাঁপতে থাকে শরীর। ইসাহক মিয়ার মুখটা কালচে হয়ে উঠলো। শীতকাল তবুও ঘাম ঝরছে শরীরে। নিচু স্বরে ইসাহক মিয়া বলল, কেন বাবা বাড়ি ফিরতে দেবে না কেন।
এত কথা আমার ভালো লাগছে না আর আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমি শাদি করতে চাই।
ইসাহক মিয়া ঠান্ডা মাথায় বলল, পছন্দ হয়েছে ভালো কথা। শাদি করতে চাও ঠিক আছে। কিন্তু বাড়ি ফেরার সাথে ওসবের কি সম্পর্ক?
কথা বাড়াবেন না। যান বেহারাদের বলে দিন বড়দিয়া বিশ্বাস বাড়িতে যেন আপনার কন্যাকে নিয়ে যায়।
তুমি কি মগের মুল্লুক পেলে? এতক্ষণ চুপছিলাম মানসম্মানের ভয়ে। এখন তো চুপ থাকা যায় না বাবা।
কী করবেন মিয়া সাব এই শহর আমাদের কথায় চলে বুঝতে পেরেছেন।
পালকি বেহারারা পাশেই ছিল। ইসাহক মিয়া ডাকল ওদের। কালো মেঘে ঢাকা নবারুণ পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ইসাহক মিয়া ধলাবিবিকে বলল, ওঠ মা পালকিতে ওঠ। ধলা বিবি পালকিতে উঠলো। কাপড় দিয়ে ঘিরে দিল পালকির মুখ।
আদুল্লার মুখটা বিবর্ণ। আক্রোশে ফেটে পড়ছে যেন। বেহারা পালকি কাঁধে করে হুম হুমা হুম শব্দ করতে করতে মহকুমা সদরের গেট দিয়ে বের হয়ে গেল। অনতিদূরেই খেয়াঘাট। ধলাবিবির পালকি ঘাটে এলেও পালকি নৌকায় উঠতে দিল না আদুল্লার লাঠিয়ালরা। তারা লাঠি উঁচিয়ে বাধা দিল। ইসাহক মিয়ার চোখ ফেটে জল গড়াল। দু’চারজন এগিয়ে এসে প্রতিবাদ করতে যেয়ে লাঠিয়ালদের কাছে মার খেলো। লাঠিয়ালদের একজন এসে কর্কশ ভাষায় নির্দেশ দিল এই বেহারা পালকি বড়দিয় নিয়ে যা।
পালকির ভেতর থেকে পরিস্থিতি বুঝে নিল ধলা বিবি। দাদির ষোলকলা ছবকের কথা মনে পড়লো তার। ধলা বিবির মাথার মধ্যে চিন্তা লাফাতে লাগল। তার মনে হলো, বাধা আসলেই থামতে হবে কেন? থেমে যাওয়া মানে হেরে যাওয়া। আদুল্লার বাধা অতিক্রম করতে পারলেই আমি জয়ী হবো।
ষোলকলার এক কলা দেখালি নাকি পুরুষ মানুষকে কাবু করা যায়। ধলা বিবি পালকির ভিতর থেকে আব্বুজিকে বলল, আদুল্লাকে আমার কাছে ডেকে নিয়ে এসো তার সাথে কথা বলবো আমি।
বিস্ময় প্রকাশ করে ইসাহক মিয়া বললেন, বলো কী! ঐ দুষ্টু লোকটার সাথে কথা বলবা তুমি।
হ্যাঁ আব্বুজি আমি কথা বলব। তুমি ডেকে আনো লোকটাকে।
ইসাহক মিয়া লাঠিয়ালদের সরদারকে বলল, আদুল্লাকে ডেকে আনো আমার মেয়ে কথা বলবে।
পয়গামটি আদুল্লার কানে গেলে সে বাঁদরের মতো লাফাতে লাগলো। হনহন করে ছুটতে ছুটতে পালকির গাছে গেল সে। ইসাহক মিয়া মেয়েকে বলল আদুল্লা এসেছে তুমি কি বলবে বলো।
ধলা বিবি বলল, লোকটাকে পালকির পাশে বসতে বলো।ধলা বিবির কণ্ঠস্বর শুনে চমকে উঠল আদুল্লা। সত্যি কি মানুষের কণ্ঠ শুনলাম!
এমন কোমল স্নিগ্ধ কণ্ঠ কোন মানুষের হয়! আদুল্লা হাটু গেড়ে পালকির দরজার মুখে বসে পড়ল। ধলা বিবি শাড়ির ফাঁক দিয়ে আনত নয়নে একবার তাকালো আদুল্লার দিকে। আচমকা অপ্সরী দেখে মানুষের যে অবস্থা হয় ঠিক তাই ঘটলো আদুল্লার জীবনে। আদুল্লা অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। লাঠিয়ালরা গড়াই নদীর পানির ছিটা মুখে দিল। আদুল্লার জ্ঞান ফিরলো।
জ্ঞান ফিরে পাওয়ার পর আদুল্লা উন্মাদের মত পালকির পায়া ধরে কাঁপতে থাকলো। ধলা বিবি শাড়ির আড়াল থেকে বলল, আদুল্লা সাহেব আপনি যা করছেন এতে আপনার সম্মান বাড়বে না। আমি নিতান্ত সাধারণ একজন মেয়ে। আমাকে বাড়ি ফিরতে দেন তারপর লোকজন নিয়ে শাদি করে ঘরে তুলবেন। এতে আপনারই মান সম্মান বাড়বে।
আদুল্লা ধলা বিবির মুখের দিকে তাকালো একবার। তার মুখ জুড়ে লেগেছিল এক চিলতে মোহময় হাসি। এক হাসিতেই কুপোকাত আদুল্লা। উঠে দাঁড়িয়ে আদুল্লা নির্দেশ দিল এই মাঝি পালকি নৌকায় তুলে নে। পালকি নৌকায় উঠা মাত্রই নৌকা ছেড়ে দিল। খানিক উজানে যেয়ে ওপারের উদ্দেশ্যে পাড়ি দিল নৌকা। ওপারে যতক্ষণ নৌকা না ভিড়লো ততক্ষণ দাঁড়িয়ে থাকল আদুল্লা। বড় একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ভাবলো ধলা বিবিকে ফিরতে দিয়ে ভুল হলো না তো!
অল্প কিছুক্ষণের মধ্যেই ধলা বিবিকে নিয়ে খেয়ানৌকা নিরাপদ গন্তব্যে পৌঁছে গেল। ধলা বিবির পালকি যখন নৌকা থেকে মাটিতে নামলো তখন বারবার একটি কথায় তার মনে হতে লাগলো, ষোলকলা দেখিয়ে মেয়েরা বাঁচতেও পারে আবার মরতেও পারে। গড়াই নদীর বুকে ডুবন্ত সূর্যের লাল আভা এসে ধলা বিবির মুখে লাগল। জীবন যুদ্ধের জয়ে নিজেকে সুলতানা রাজিয়া ভাবতে লাগল ধলা বিবি। পালকির মধ্যেই হাত তুলে প্রার্থনায় মগ্ন হলো সে। বেহারারা বলতে লাগল পাগলটি এখনো ওপারে দাঁড়িয়ে আছে।



