Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

একুশ বছরের জীবনে অনন্তের উচ্চারণ

পিওনা আফরোজ
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭
শেয়ার করুন:
একুশ বছরের জীবনে অনন্তের উচ্চারণ

মোরশেদ শফিউল হাসান ও মাইনুর নাহার সম্পাদিত ‘সুকান্ত ভট্টাচার্য: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্য ও সময়কে নতুন করে পাঠের একটি প্রয়াস। বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্য এক বিস্ময়কর আবির্ভাব। মাত্র একুশ বছরের জীবনে তিনি যে পরিণত জীবনবোধ, শিল্পচেতনা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় রেখে গেছেন, তা বাংলা সাহিত্যে বিরল। স্বল্পায়ু জীবনের এই কবি যেন তার একুশ বছরের মধ্যেই উচ্চারণ করে গেছেন এক অনন্ত মানবিকতার ভাষা। সময় যত বদলায়, তার কবিতার কিছু উচ্চারণ ততই নতুন করে আমাদের সামনে ফিরে আসে।

সিরাজুল ইসলাম চৌধুরী সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে লিখেছিলেন, তিনি কখনো পরিহাস কিংবা কষ্টকল্পনার অপবাদকে ভয় পেতেন না, তার কথার বিপরীতে অন্যরা কী বলবে বা ভাববে— তা নিয়েও দুশ্চিন্তা ছিল না। তাই তো তিনি পূর্ণিমার চাঁদকে ‘ঝলসানো রুটি’ বলতে পেরেছিলেন। এই উচ্চারণ কেবল চমক সৃষ্টির জন্য নয়, এর ভেতরে ছিল তার সময়কে দেখার এক তীব্র বাস্তববোধ।

সুকান্তের কবিতার সবচেয়ে বড় শক্তি সম্ভবত এখানেই, তিনি সমাজকে কেবল বাইরে থেকে দেখেননি, সমাজের অন্তর্গত ক্ষয় ও মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। আপাতদৃষ্টিতে তার যুদ্ধ ছিল সমাজের বিরুদ্ধে, আসলে তা ছিল সেই মৃত্যুর বিরুদ্ধে, যে মৃত্যু মানুষকে মেরে ফেলে না, বরং বেঁচে থাকাকেই মৃত্যুর চেয়েও কঠিন করে তোলে।

‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতায় সেই বোধেরই নির্মম প্রকাশ ঘটেছিল—

“তবুও নিশ্চিত উপবাস

আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস—

আমি এক দুর্ভিক্ষের কবি,

প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি।”

এখানে ‘দুর্ভিক্ষ’ কেবল একটি ঐতিহাসিক সময়ের নাম নয়, এটি মানুষের অস্তিত্বের সংকটেরও প্রতীক হয়ে ওঠে। সুকান্তের জীবন ও তার কবিতাকে আলাদা করে দেখার সুযোগ নেই। ১৯২৬ সালে জন্ম নেওয়া এই কবি বেড়ে উঠেছিলেন জাতীয় জাগরণ ও রাজনৈতিক অস্থিরতার সময়ে। কৈশোর থেকেই রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে কমিউনিস্ট পার্টির নীতি ও আদর্শের সঙ্গে তিনি যুক্ত হয়ে সাংগঠনিক কাজেও সক্রিয়ভাবে অংশ নেন। রাজনৈতিক আন্দোলন থেকে অর্জিত জীবন-অভিজ্ঞতার প্রতিফলন তার কবিতায় স্পষ্ট।

কাব্যচর্চা এবং রাজনৈতিক কর্মকাণ্ড, দুটিই তিনি করেছিলেন অন্তরের তাগিদে, সম্পূর্ণ আত্মোৎসর্গের মধ্য দিয়ে। তার জীবনযাপনের মধ্যেও সেই ত্যাগের পরিচয় পাওয়া যায়। ছাত্র সম্মেলন শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে দুদিন না খেয়ে থাকার যে ঘটনা তার জীবনীতে পাওয়া যায়, পার্টির টাকা নিজের কাছে থাকা সত্ত্বেও তা খাবারের জন্য খরচ না করা, তা তার রাজনৈতিক বিশ্বাসের প্রতি এক ধরনের কঠোর আনুগত্যের সাক্ষ্য বহন করে।


সুভাষ দে লিখেছেন, মার্ক্সবাদী আদর্শে অবিচল সুকান্ত সমাজবিপ্লবের ধারাটি চিনেছিলেন, কমিউনিস্ট পার্টির সাংগঠনিক কাজের মধ্য দিয়ে এবং তার লেখায় তার প্রভাব ছিল সুস্পষ্ট। চল্লিশের দশকের কবিতায় শ্রেণিসংগ্রামের বক্তব্য যখন তীব্র হয়ে উঠছে, বিশ্বব্যাপী মার্ক্সীয় দর্শনের প্রভাব যখন শিল্প-সাহিত্যেও প্রবল, তখন পাবলো নেরুদা, লুই আঁরাগ, পল এলুয়ার মায়াকভস্কি, কাজী নজরুল ইসলাম, নাজিম হিকমতসহ বহু কবির রচনায় সেই সময়ের সামাজিক বাস্তবতার প্রতিক্রিয়া দেখা যায়। সুকান্তও সেই বৃহত্তর ধারার উত্তরাধিকার বহন করেছেন। তবে তার কবিতায় শ্রেণিসংগ্রাম কেবল একটি রাজনৈতিক বক্তব্য হয়ে থাকেনি, তা তার কবিতার জীবনরসের সঙ্গে মিশে গেছে।

বিশেষত শিশু-কিশোরদের জন্য লেখা তার রচনাগুলোও এই সামাজিক দায়বদ্ধতার বাইরে নয়। তাদের সমাজ ভাবনায় উদ্বুদ্ধ করতে ছড়াকে তিনি শানিত অস্ত্রের মতো করে তুলেছেন। তাই তো ‘ছাড়পত্র’-এর বহুল উচ্চারিত পঙ্‌ক্তিগুলো শুধু একটি কবিতার অংশ নয়, তার জীবনদর্শনেরও ঘোষণা।

“এসেছে নতুন শিশু,

তাকে ছেড়ে দিতে হবে স্থান।

চলে যাব— তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

এ অঙ্গীকারই যেন সুকান্তের সমগ্র সৃষ্টিশীল জীবনের সারকথা। তার গল্প, ছড়া, নৃত্যনাট্য, সবখানেই সমাজবাস্তবতা এসেছে।

তবে সুকান্তকে কেবল রাজনৈতিক কবি হিসেবে দেখলে তার সাহিত্যিক সত্তার একটি বড় অংশ আড়ালে পড়ে যায়। তিনি কোনো যন্ত্র ছিলেন না, ছিলেন রক্ত-মাংসের মানুষ। তার মধ্যেও ছিল স্নেহের আকুলতা, প্রেম, ভ্রমণের রোমাঞ্চ, নিঃসঙ্গতার বেদনা। তার পত্রাবলিতে সেই ব্যক্তিমানুষটির পরিচয় পাওয়া যায়। তাই তার জীবনকে কেবল রাজনৈতিক বিশ্বাসের সরল রেখায় পড়া যায় না। বরং স্বল্প পরিসরের মধ্যেই তার জীবনে এক পূর্ণ মানুষের নানা অনুভূতির উপস্থিতি দেখা যায়।

শ্রমজীবী মানুষের দুঃসহ জীবনও তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাই তো তিনি লিখেছেন, আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। এ উপমার মধ্যে তার কবিসত্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধরা পড়ে আর তা হচ্ছে অন্যের অন্ধকারকে উপলব্ধি করে তা ঘোচানোর আকাঙ্ক্ষা।

সুকান্তের যুদ্ধ ছিল যুদ্ধবাজদের বিরুদ্ধেও। তার উচ্চারণ ছিল— “ইতিহাস! নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ।”

সুকান্তের সেই ‘আজ’ আশ্চর্যভাবে আজও আমাদের সময়ের সঙ্গে কথা বলে। পৃথিবী যখন যুদ্ধের অভিঘাতে কেঁপে ওঠে, মারণাস্ত্রের হুংকারে যখন বাতাস ভারী হয়, মানুষের আর্তনাদ যখন সীমান্ত অতিক্রম করে আমাদের ঘরে এসে পৌঁছায়, তখন সুকান্তের কবিতা বারবার ফিরে আসে। অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ মানুষের ভেতরে জেগে ওঠে, সেখানেই তার কবিতা উত্তরাধিকার হয়ে আজও টিকে আছে। সমাজতান্ত্রিক আদর্শের ইতিহাস, তার সাফল্য-ব্যর্থতা কিংবা পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু সেই বিতর্কের ঊর্ধ্বে থেকেও সুকান্তের কবিতার মানবিক ক্ষুধা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং একটি বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন আজও পাঠকের কাছে অর্থবহ।

এ গ্রন্থের একটি উল্লেখযোগ্য দিক হলো, সুকান্তকে একমাত্রিকভাবে উপস্থাপন না করে বিভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তার বহুমাত্রিক সত্তাকে সামনে আনা। প্রবন্ধ, সাক্ষাৎকার, আলোচনা ও নিবেদিত কবিতার পাশাপাশি অনূদিত কবিতার সংযোজনও গ্রন্থটির পরিসরকে বিস্তৃত করেছে। বিশেষত অনুবাদ-অংশটি সুকান্তের কবিতাকে ভাষার সীমানা অতিক্রম করে অন্য পাঠকের কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনাও তৈরি করেছে।

সবচেয়ে বিস্ময়ের বিষয়, এ বিপুল জীবনবোধের জন্য সুকান্তের হাতে সময় ছিল মাত্র একুশ বছর। সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গেই বাংলা সাহিত্য সুকান্তকে আশ্চর্য প্রতিভা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ঠিক বিকশিত হওয়ার মুখেই সেই প্রতিভাকে হারাতে হয়েছিল। জীবনের অভিজ্ঞতাকে কবিতার শক্তিতে রূপান্তর করে তিনি যখন সেই শক্তিকে মানুষের ঘরে, কারখানায়, ক্ষেতে পৌঁছে দিতে শুরু করেছেন, তখনই মৃত্যু তাকে থামিয়ে দেয়। আরম্ভের সমাপ্তির সেই শোক বাংলা সাহিত্য আজও বহন করে চলেছে।

এ জায়গাতেই ‘জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ গ্রন্থটির তাৎপর্য। এটি শুধু একজন প্রয়াত কবিকে স্মরণ করে না, বিভিন্ন রচনা ও দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তাকে নতুন করে পাঠের সুযোগ তৈরি করে। আর সুকান্তকে পড়া মানে কেবল অতীতের এক কবিকে ফিরে দেখা নয়। মানুষ, ক্ষুধা, অন্যায়, প্রতিবাদ ও একটি বাসযোগ্য পৃথিবীর স্বপ্নকে নতুন করে ভাবা। মাত্র একুশ বছরের জীবনে তিনি যে অনন্তের উচ্চারণ রেখে গেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তার প্রতিধ্বনি ফুরায়নি। বরং প্রতিটি সংকটের মুহূর্তে সেই উচ্চারণ নতুন করে আমাদের কাছে ফিরে ফিরে আসে, আসবে অনাগত ভবিষ্যতেও।

একুশঅনন্তউচ্চারণজন্মশতবর্ষবিস্ময়করপরিহাসবাস্তববোধসুকান্তপিওনা আফরোজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা