ঝরা পাতার সংসার

গ্রাফিকস: আগামীর সময়
গতকাল আমি ছাড়া পাওয়ার পরপরই বাবা দুজনের জন্য আজ সকালে জাপোরিঝিয়া যাওয়ার আন্তনগর ট্রেনের টিকিট কেটেছিল। জাপোরিঝিয়া থেকে আমাদের মারিউপোল পৌঁছে দিতে এক সহকর্মীর গাড়ির ব্যবস্থাও করে রেখেছে বাবা।
ওকেলো আমাকে বিদায় জানাতে স্টেশনে এলেন। শুনলাম গতরাতে কাতিয়া ফোন করে উনাকে সব জানিয়েছে। এর মধ্যে আমার নিজের আর কথা বলা হয়নি ওকেলোর সঙ্গে। ট্রেনে ওঠার আগে প্ল্যাটফরমে দাঁড়িয়ে তেমন আলাপের সময় ছিল না। সত্যি বলতে, ওকেলোকে ঠিকমতো ধন্যবাদ জানানোর সুযোগও পেলাম না। শুনেছি, তার কথায়ই আমাকে তুলে নেওয়ার ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নেয় রেড ক্রস। জাতিসংঘের মানবাধিকার অফিসও এ নিয়ে উদ্বেগ জানায় তারই অনুরোধে।
আঙ্কেল ভানিয়ার তদবিরের কথা এখনো কাউকে বলিনি আমি। গত রাতে দাদুর সঙ্গে কথা বলার সময় তাঁকে সামান্য ইঙ্গিত দিয়েছিলাম। মনে তো হলো সঙ্গে সঙ্গেই ব্যাপারটা ধরে ফেলেছেন উনি। এটা আপাতত আমাদের দুজনের মধ্যেই গোপন থাকবে।
কাতিয়াও আমার সঙ্গে স্টেশনে এসেছিল। সবসময় সেজেগুজে থাকা মেয়েটার মুখে আজ লিপস্টিক, পাউডার কিছুরই বালাই নেই। গত সাতটা দিনে এসবের কথা ওর মনেই ছিল না। দুশ্চিন্তার ছাপ যেন কাতিয়ার মুখে স্থায়ীভাবে গেড়ে বসেছে।
মারিউপোলে এসেছি আজ এক সপ্তাহ হলো। এই সময়ের বেশিরভাগটাই বিছানায় শুয়ে কেটেছে আমার। শারীরিকভাবে সুস্থ এখন। তবে মানসিকভাবে কতটা সেরে উঠেছি, বলতে পারবো না। মা বারবার বলছে, ঘর থেকে বেরিয়ে ঘোরাঘুরি করতে। যা হোক কিছু একটা করতে। তাই এখন বেনিচকাকে নিয়ে আমি সকালে সাশাকে স্কুলে পৌঁছে দিই, বিকেলে নিয়ে আসি। এটা এখন আমার দিনের রুটিনের মতো হয়ে গেছে।
সকালে সাশাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর বেনিচকা আর আমি শহরের পশ্চিম প্রান্তের দিকে হাঁটতে যাই। কিছুদূর গেলেই সামনে অবারিত নীল আজভ সাগর। প্রথম দেখায় অবশ্য আজভকে তেমন একটা মুগ্ধ হওয়ার মতো কিছু মনে হয় না। বিশেষ করে ক্রিমিয়ার সেভাস্তোপোল, সুদাক বা ইয়াল্তার মতো জায়গার বিচগুলো দেখে থাকলে। ওই সৈকতগুলোর সাগরের ঝকঝকে পানি, তীরের খাড়া পাথুরে ঢাল আর নরম বালুর সঙ্গে আজভের তুলনা চলে না।
ঝরা পাতার সংসার
২০ নভেম্বর ২০২৬
মারিউপোলের বড় ইস্পাত কারখানাগুলোর একটা হচ্ছে আজভস্তাল। গাড়ি এর পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ময়ে তাজ্জব হয়ে গেলাম। কয়েক হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে আজভস্তাল। একটা কারখানা আকারে এত বড় হতে পারে, তা কখনো কল্পনাও করিনি আমি। আকাশছোঁয়া সব স্থাপনা আর ভারী যন্ত্রপাতির পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দেখা যায় ভবনগুলো। কারখানা কমপ্লেক্সের ভেতর দিয়েই চলে গেছে একটি রেললাইন। সেখানে থেমে থাকা বেশ কিছু ওয়াগন কারখানার জন্য কয়লা নিয়ে এসেছে। ওয়াগনগুলোর কোনোটা খোলা, কোনোটা বা বন্ধ। থেকে থেকেই চারপাশের পরিবেশ ছাপিয়ে উঠছিল ট্রেনের যান্ত্রিক, ছন্দময় শব্দ।
বাবাকে জিজ্ঞেস করলাম কয়লাগুলো কোথা থেকে আসছে। বাবা জানাল, শাখতারস্ক আর মাকিভকার খনির কয়লা এগুলো। দুটো জায়গাই বিচ্ছিন্নতাবাদীদের দখলে এখন। ইয়াসিনুভাতা ও ভলনোভাখার মধ্য দিয়ে মারিউপোল পর্যন্ত এতদূর আসে কয়লার ওয়াগন। কেউ বাধা দেয় না। না বিচ্ছিন্নতাবাদীরা, না সরকার। শুধু মানুষ গেলেই দোষ! একই পথে কেউ পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গেল সবাই যেন খেপে যায়।
এর মধ্যে ওকেলো একদিন ফোন করে জানালেন, কয়েক দিনের মধ্যেই উনি মারিউপোল আসছেন। ওকেলো যে মানবিক সহায়তা প্রতিষ্ঠানে কাজ করেন বেশিরভাগ বড় সংস্থাগুলোর মতো তাদেরও এখানে একটা কেন্দ্র রয়েছে। মাঠপর্যায়ের কাজকর্ম দেখতে উনি মাসে একবার এক-দুদিনের জন্য আসেন। যাই হোক, প্রথমে ঠিক হয়েছিল, ওকেলোর অফিসের কাছাকাছি কোনো একটা ক্যাফেতে দেখা করব আমরা। কিন্তু মা বললেন, উনাকে যেন বাসাতেই রাতের খাবারের দাওয়াত দেই। ওকেলো শুনে আর আপত্তি করেননি। সময়মতো এসেও গেলেন।
খেতে বসে ওকেলো বারবার আমার কিমোতে পড়াশোনার কথা তুলছিলেন। মনে হচ্ছিল, আমাকে কিয়েভে ফিরে যেতে রাজি করানোর দায়িত্ব নিয়ে যেন মাঠে নেমেছেন। দেখলাম, মা আর বাবাও তার সঙ্গে একমত। কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। সত্যি বলতে, একান্ত ব্যক্তিগত একটা বিষয়ে ওকেলোর এমন আগ্রহ আমাকে কিছুটা অস্বস্তিতেই ফেলছিল। তার ওপর উনি যা বলছিলেন তার সবকিছু আমাকে অনুবাদ করে মা-বাবাকে বুঝিয়ে দিতে হচ্ছিল। বাবা অল্পস্বল্প ইংরেজি বোঝেন, কিন্তু মা একেবারেই না। প্রতি কথায় এই দোভাষীর কাজ করা বেশ ক্লান্তিকর লাগছিল আমার।
সরকারি লোকজন আমাকে আটক রাখার সময় সাহায্য করার জন্য মা-বাবা ওকেলোকে ধন্যবাদ জানালেন। মাত্র আজই জানতে পেরেছি, আইসিআরসি আর জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উনি ব্রিটিশ দূতাবাসে কাজ করা ঘনিষ্ঠ একজনের সাহায্যও নিয়েছিলেন। আমার নিখোঁজ হওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্তাদের নজরে আনার ব্যবস্থা করেছিলেন ব্রিটিশ দূতাবাসের ওই কর্মকর্তা।
আজভ সাগর দেখতে যাওয়ার প্রস্তাব দিলে রাজি হয়ে গেলেন ওকেলো। ঠিক হলো, পরদিনই উনার অফিসের কাজ শেষে সাগরতীরে দেখা করব আমরা।
সময়মতো সাগর সৈকতেই দেখা হলো আমাদের। ওকেলোর এটাই প্রথমবার আজভতীরে যাওয়া, যদিও তার অফিস থেকে জায়গাটা মাত্রই মিনিট কুড়ির হাঁটা পথ। এর আগে ওকেলো আজভ সাগর দেখেছেন, তবে শুধু বেরদিয়ানস্ক এলাকায়। মারিউপোল থেকে জায়গাটা প্রায় দুই ঘণ্টার দূরত্বে। বিদেশিরা আজভ সাগর দেখতে সাধারণত সেখানেই যায়। বেরদিয়ানস্কের সৈকতে লোকজনের যাতায়াত বেশি। সময় কাটানো আর মজা করার ব্যবস্থাও সেখানে অনেক।
তবে সমুদ্রসৈকত নাকি ওকেলোর খুব একটা পছন্দ না। তার ভালো লাগে লেক আর নদী। ভারত মহাসাগরের সেই ভয়াবহ সুনামির পর পূর্ব শ্রীলঙ্কায় এক মানবিক সহায়তা মিশনে কাজ করার সময় অনেক সুন্দর সমুদ্রসৈকত ঘুরে দেখেছিলেন ওকেলো। কিন্তু বিচে নাকি খুব কমই যেতেন। তার কাছে সমুদ্র মানে শুধুই ঢেউয়ের একঘেয়ে আসা-যাওয়ার খেলা। কিছু সময় কাটানোর পর এই একঘেয়েমি তাকে ক্লান্ত করে তোলে। ওকেলোর পছন্দ তাই নদী, লেক আর জলপ্রপাত—যেখানে প্রাণের স্পন্দন আছে। থাকে পাখি, গাছপালা, মানুষের চলাচল, নানা রকম শব্দ।
(চলবে)




