হুমায়ূন আহমেদ : এক বহুমাত্রিক শিল্পস্রষ্টা

সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক বিস্ময়কর প্রতিভার নাম। তিনি শুধু বিপুল জনপ্রিয় একজন লেখক নন, পাঠাভ্যাস, সাহিত্যরুচি ও সাংস্কৃতিক পরিসরকে গভীরভাবে প্রভাবিত করা এক বহুমাত্রিক সৃষ্টিশীল ব্যক্তিত্ব। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণসাহিত্য, নাটক, গান ও চলচ্চিত্র— সৃজনশীলতার নানা মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ। জীবনের শেষ দিকে ছবি আঁকার মধ্য দিয়েও প্রকাশ করেছেন তার শিল্পীসত্তার আরেকটি দিক। তার সৃষ্টির প্রতিটি ক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ ও মানুষের বিচিত্র অনুভূতি। তার লেখায় জীবনের সাধারণ ঘটনা অসাধারণ হয়ে ওঠে, পরিচিত মানুষের মধ্যেই আবিষ্কৃত হয় অচেনা গভীরতা। কয়েকটি সহজ বাক্যে তিনি পাঠককে হাসাতে পারেন, আবার মুহূর্তেই নিয়ে যেতে পারেন বিষণ্নতা ও গভীর ভাবনার জগতে। বাংলা সাহিত্যে এমন বহুমাত্রিক সৃজনশীলতা, স্বতন্ত্র প্রকাশভঙ্গি ও ব্যাপক পাঠকপ্রিয়তার সমন্বয় খুব কম লেখকের মধ্যেই দেখা যায়।
হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় শক্তি তার ভাষা ও গল্প বলার অসাধারণ ক্ষমতা। সহজ, সাবলীল, প্রাণবন্ত ভাষায় তিনি এমনভাবে গল্প বলেন, যেন খুব কাছের কারও জীবনের কোনো ঘটনা শোনাচ্ছেন। তার সংলাপ স্বাভাবিক, চরিত্রগুলো চেনা, আর বর্ণনায় থাকে প্রগাঢ় আকর্ষণ। গভীর জীবনবোধের সঙ্গে সূক্ষ্ম রসবোধ, মৃদু পরিহাস ও বিষণ্নতার এমন মিশেল তিনি ঘটিয়েছেন, যা তার লেখাকে দিয়েছে আলাদা স্বাদ। তিনি জানতেন, মানুষের মনের কথা বলতে সব সময় বড় বড় শব্দের প্রয়োজন হয় না; কখনো একটি ছোট বাক্য, সামান্য নীরবতা কিংবা দৈনন্দিন জীবনের অতি সাধারণ একটি ঘটনাই অনেক গভীর সত্য প্রকাশ করতে পারে।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই তিনি বাংলা সাহিত্যে নিজের আগমনীবার্তা জানান। পরের বছর প্রকাশিত হয় ‘শঙ্খনীল কারাগার’। প্রথম দিকের এই উপন্যাস দুটিতেই স্পষ্ট হয়ে ওঠে তার গল্প বলার নিজস্ব ধরন ও মানুষের মনস্তত্ত্ব অনুধাবনের ক্ষমতা। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কোথাও কেউ নেই’, ‘অপেক্ষা’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কবি’, ‘লীলাবতী’, ‘কে কথা কয়’, ‘বাদশাহ নামদার’, ‘মধ্যাহ্ন’, ‘মাতাল হাওয়া’, ‘জোছনা ও জননীর গল্প’ এবং সর্বশেষ প্রকাশিত উপন্যাস ‘দেয়াল’সহ অসংখ্য উপন্যাসে তিনি নির্মাণ করেছেন এক বিস্তৃত ও বৈচিত্র্যময় সাহিত্যভুবন। অবশ্য নিউইয়র্কে রচিত ‘দেয়াল’ অসমাপ্ত উপন্যাস। তিনি না-ফেরার দেশে চলে যাওয়ার কারণে এই উপন্যাসটির সম্পূর্ণ রূপ পাওয়া যায় নি।
তার উপন্যাসের বিষয়বৈচিত্র্যও বিস্ময়কর। কখনো মধ্যবিত্ত পরিবারের সম্পর্ক ও টানাপোড়েন, কখনো প্রেম, নিঃসঙ্গতা ও অপ্রাপ্তি, কখনো ইতিহাস, রাজনীতি ও সামাজিক সংকট, আবার কখনো মানুষের মনোজগতের গভীর ও জটিল অনুসন্ধান। মানুষের জীবনের আনন্দ-বেদনা, হাসি-কান্না, স্বপ্ন ও হতাশাকে তিনি এমন মমতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে সাহিত্যে রূপ দিয়েছেন যে পাঠক নিজের জীবনের নানা অনুভূতি ও অভিজ্ঞতার প্রতিচ্ছবি খুঁজে পায় তার গল্প-উপন্যাসে।
তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র বাংলা সাহিত্যের স্মরণীয় চরিত্র। হিমু প্রচলিত সামাজিক নিয়ম ও প্রত্যাশার বাইরে দাঁড়িয়ে জীবনকে দেখে। হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে ঘুরে বেড়ানো এই তরুণের কথাবার্তা, জীবনদর্শন ও অদ্ভুত আচরণের মধ্যে রয়েছে এক ধরনের স্বাধীনতা ও রহস্য। সে কখনো পাঠককে হাসায়, কখনো প্রচলিত জীবনবোধ নিয়ে ভাবতে বাধ্য করে। মিসির আলি তার বিপরীত মেরুর চরিত্র। যুক্তি, পর্যবেক্ষণ ও মনস্তাত্ত্বিক বিশে¬ষণের মাধ্যমে তিনি মানুষের রহস্যময় মনোজগৎ বুঝতে চান। হিমু ও মিসির আলির মধ্য দিয়ে লেখক যেন মানুষের জীবনকে দেখার দুটি ভিন্ন পথ তুলে ধরেছেন। আর শুভ্রর মধ্যে ফুটে উঠেছে সরলতা, সংবেদনশীলতা ও মানবিকতার এক কোমল রূপ। এই চরিত্রগুলোর সাফল্য শুধু তাদের জনপ্রিয়তায় নয়; তারা পাঠকের কল্পনা, অনুভূতি ও আলোচনার স্থায়ী অংশ হয়ে উঠেছে। লেখকের হাতেই তারা বইয়ের পাতা ছাড়িয়ে স্বতন্ত্র জীবন পেয়েছে।
ইতিহাসনির্ভর উপন্যাসেও হুমায়ূন আহমেদ দেখিয়েছেন তার সৃষ্টিশীলতার ভিন্ন মাত্রা। ‘মধ্যাহ্ন’ ও ‘জোছনা ও জননীর গল্প’ এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘মধ্যাহ্ন’ উপন্যাসের পটভূমি ১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বিস্তৃত। ময়মনসিংহের কাল্পনিক জনপদ বান্ধবপুরের মানুষদের জীবনকে কেন্দ্র করে তিনি অবিভক্ত ভারতের একটি দীর্ঘ সময়ের সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরেছেন। বঙ্গভঙ্গ, ব্রিটিশ শাসন, সাম্প্রদায়িক সম্পর্ক, সামাজিক সংস্কার, প্রেম, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত দ্বন্দ্ব—সবকিছুই উপন্যাসে স্থান পেয়েছে। ইতিহাসের বড় বড় ঘটনার পাশাপাশি সাধারণ মানুষের জীবন, তাদের বিশ্বাস, স্বপ্ন ও সংকট এখানে সমান গুরুত্ব পেয়েছে। ইতিহাসকে কেবল তথ্যের বিবরণ না করে মানুষের জীবনের ভেতর দিয়ে অনুভব করার সুযোগ করে দিয়েছেন তিনি।
‘জোছনা ও জননীর গল্প’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর গণহত্যা, সাধারণ মানুষের দুর্ভোগ, ভয়, সাহস, প্রতিরোধ ও স্বাধীনতার আকাক্সক্ষা এ উপন্যাসের মূল বিষয়। ঐতিহাসিক ঘটনা ও বাস্তব ব্যক্তিত্বের পাশাপাশি কল্পিত চরিত্র ও কাহিনির সমন্বয়ে তিনি মুক্তিযুদ্ধের এক বিস্তৃত মানবিক চিত্র নির্মাণ করেছেন। যুদ্ধের ইতিহাসের সঙ্গে যুক্ত করেছেন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন ও বেঁচে থাকার সংগ্রাম। ফলে মুক্তিযুদ্ধ এখানে শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, হয়ে উঠেছে মানুষের অসীম সাহস, ত্যাগ ও স্বপ্নের আখ্যান।
আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘বাদশাহ নামদার’। মুঘল সম্রাট বাদশাহ হুমায়ুনের জীবনভিত্তিক এই উপন্যাস পাঠককে কৌতূহলী করে তোলে অতীতের প্রতি; বিচিত্র এক চরিত্র সম্রাট হুমায়ুনের প্রতি।
হুমায়ূন আহমেদের লেখার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাস্তবতার সঙ্গে কল্পনা, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানের মিশ্রণ। তার রচনায় জাদুবাস্তবতার একটি স্বতন্ত্র প্রবণতা লক্ষ করা যায়। এর উল্লেখযোগ্য উদাহরণ ‘মধ্যাহ্ন’। উপন্যাসটির বাস্তব সমাজ ও ইতিহাসের পটভূমিতে জহির চরিত্রের অতিপ্রাকৃত ক্ষমতা এমনভাবে উপস্থাপিত হয়েছে, যা বাস্তব ও অলৌকিকের সীমারেখাকে অস্পষ্ট করে দেয়। হিমু সিরিজেও বাস্তবতার সঙ্গে পরাবাস্তবের মিশ্রণ দেখা যায়। হিমুর অস্বাভাবিক অন্তর্দৃষ্টি, ভবিষ্যৎ সম্পর্কে তার অদ্ভুত উপলব্ধি এবং ঘটনাপ্রবাহে তার উপস্থিতি পরিচিত নগরজীবনের মধ্যে এক রহস্যময় আবহ তৈরি করে। তবে হিমুর এসব বৈশিষ্ট্যকে জাদুবাস্তবতার চেয়ে বিস্তৃত অর্থে বাস্তব ও পরাবাস্তবের মিশ্রণ বলাই যথাযথ। পরিচিত জীবন ও বাস্তব পরিবেশের ভেতর কল্পনা, রহস্য ও অসম্ভবকে বিশ্বাসযোগ্য করে তোলার এই ক্ষমতা হুমায়ূন আহমেদের কথাসাহিত্যকে দিয়েছে আলাদা মাত্রা।
শিশু-কিশোর সাহিত্য ও বিজ্ঞান কল্পকাহিনিতেও হুমায়ূন আহমেদের অবদান উলে¬খযোগ্য। ‘ফিহা সমীকরণ’, ‘ওমেগা পয়েন্ট’ ও ‘দ্বিতীয় মানব’-এর মতো রচনায় তিনি বিজ্ঞান, কল্পনা ও ভবিষ্যৎ ভাবনার এক নতুন জগৎ তৈরি করেছেন। তার ছোটগল্পেও মানুষের জীবনের ছোট ছোট ঘটনা, অব্যক্ত অনুভূতি ও অপ্রত্যাশিত পরিণতি অসাধারণ দক্ষতায় উঠে এসেছে। কখনো হাস্যরস, কখনো বিষণ্নতা, কখনো রহস্য—বিষয় বৈচিত্র্যের মধ্যে তার গল্প বলার নিজস্ব স্বর অটুট থেকেছে।
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকে হুমায়ূন আহমেদ তৈরি করেছিলেন এক নতুন দর্শকপ্রিয় ভাষা ও জগৎ। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’ নাটকগুলো দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। তার নাটকের চরিত্রগুলো জীবনের খুব কাছের মানুষ; তাদের আনন্দ, অভিমান, হাসি, দুঃখ ও সম্পর্কের টানাপোড়েন দর্শককে সহজেই আপন করে নেয়। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রকে ঘিরে দর্শকের আবেগ ও প্রতিবাদ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। একটি কাল্পনিক চরিত্রের পরিণতি নিয়ে দর্শকের এমন গভীর প্রতিক্রিয়া তার চরিত্র নির্মাণের অসাধারণ শক্তিরই প্রমাণ।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ স্বাক্ষর। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’-র মতো চলচ্চিত্রে তার গল্প বলার নিজস্ব ধরন, প্রকৃতির ব্যবহার, সংগীত ও মানবিক অনুভূতির প্রকাশ লক্ষণীয়। ‘আগুনের পরশমণি’ ও ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্র দুটি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। তার চলচ্চিত্রে গল্পের পাশাপাশি চরিত্র, পরিবেশ, সংলাপ ও সংগীতও বিশেষ ভূমিকা পালন করে। গান রচনাতেও তিনি দেখিয়েছেন স্বতন্ত্র প্রতিভা। তার লেখা গান মানুষের মুখে মুখে ফিরেছে, জায়গা করে নিয়েছে বাংলা গানের ভুবনে।
হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার ব্যাপ্তি বোঝার জন্য তার পাঠকসমাজের দিকে তাকালেই যথেষ্ট। তিনি বাংলা সাহিত্যে বিপুলসংখ্যক নতুন পাঠক তৈরি করেছিলেন। তার বইয়ের জন্য পাঠকের অপেক্ষা, অমর একুশে বইমেলায় বই ঘিরে ভিড়, নতুন প্রকাশনা নিয়ে আগ্রহ—সব মিলিয়ে তিনি বইকে মানুষের দৈনন্দিন জীবনের আলোচনায় নিয়ে এসেছিলেন। এমন অনেক পাঠক রয়েছে, যারা তার হাত ধরেই নিয়মিত বই পড়তে শুরু করেছেন। তার জনপ্রিয়তা কোনো সাময়িক উত্তেজনার ফল ছিল না; নতুন বই, নতুন চরিত্র ও নতুন গল্পের জন্য পাঠকের দীর্ঘদিনের অপেক্ষাই তার প্রমাণ।
নব্বই দশকের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গের পাঠকমহলেও তার পরিচিতি বাড়ে। ১৯৯৫ সাল থেকে টানা সাত বছর কলকাতার ‘দেশ’ পত্রিকার শারদীয় সংখ্যায় তার উপন্যাস প্রকাশিত হয়। দুই বাংলার পাঠকের মধ্যে তার সাহিত্য এক সাংস্কৃতিক সেতুবন্ধ তৈরি করেছিল।
হুমায়ূন আহমেদের কৃতিত্বের একটি বড় দিক হলো, তিনি বাংলা সাহিত্যের পাঠককে নতুন করে আবিষ্কার করেছিলেন। তিনি বুঝেছিলেন, পাঠককে সাহিত্যের কাছে টানতে হলে মানুষের জীবনের কাছাকাছি যেতে হয়। তাই তার গল্পে এসেছে আমাদের ঘর, পরিবার, শহর, বৃষ্টি, জোছনা, ভালোবাসা, অভিমান, নিঃসঙ্গতা ও বিচিত্র সব মানুষ। তিনি পাঠককে কখনো জটিলতার ভারে ক্লান্ত করেননি; বরং সহজ ভাষায় জীবনের গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তার সাহিত্য জনপ্রিয় হয়েছে, কিন্তু সেই জনপ্রিয়তার ভেতরেও রয়েছে শিল্পীসত্তার স্বাক্ষর, মানুষের প্রতি মমতা এবং জীবনকে দেখার এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি।
হুমায়ূন আহমেদ একজন অসাধারণ গল্পকার। তার এমন কয়েকটি গল্প রয়েছে, যেগুলো বিশ্বসাহিত্যে ঠাঁই পাবে। যেমন, শিকার, চোখ, জলিল সাহেবের পিটিশন, শীত, সৌরভ ইত্যাদি।
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে রেখে গেছেন এক বিস্তৃত ও স্বতন্ত্র সাহিত্যভুবন, যেখানে ছড়িয়ে আছে অসংখ্য স্মরণীয় চরিত্র, জীবনের বিচিত্র অনুষঙ্গ আর মানুষের চিরচেনা হাসি-কান্না, প্রেম-বিরহ ও স্বপ্ন-বেদনার গল্প। তার ভাষার সহজ স্বচ্ছন্দতা, গল্প বলার অনন্য ভঙ্গি এবং মানুষের হৃদয়ের গভীরে পৌঁছানোর অসাধারণ ক্ষমতাকে বাংলা সাহিত্যে দিয়েছে এক অনন্য স্থান। সময়ের প্রবাহে পাঠকের প্রজন্ম বদলাবে, বদলাবে পাঠের অভ্যাস ও রুচি; কিন্তু তার সৃষ্ট চরিত্রগুলো বারবার নতুন পাঠকের কাছে নতুন করে জীবন্ত হয়ে উঠবে। কারণ, হুমায়ূন আহমেদের সাহিত্য কেবল একটি সময়ের কথা বলে না, তা মানুষের চিরকালীন অনুভূতি ও জীবনের গল্প বলে। আর সেই কারণেই তার সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঠকের হৃদয়ে আলো জ্বালাবে, তার সৃষ্টির জগতে পাঠক বারবার ফিরে আসবে।



