কর্মক্ষেত্রে স্ট্রেস সামলাবেন যেভাবে

আধুনিক কর্মজীবনে কাজের চাপ যেন নিত্যদিনের সঙ্গী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের ব্যস্ততা, নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব শেষ করার তাড়া, একের পর এক মিটিং, অফিসের নানা জটিলতা কিংবা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি, সবকিছু মিলিয়ে অনেকেই কর্মক্ষেত্রে মানসিক চাপে ভোগেন। কখনো অতিরিক্ত কাজের বোঝা, কখনো দায়িত্বের ভারসাম্যহীনতা, আবার কখনো প্রত্যাশা পূরণ করতে না পারার ভয় এই চাপের কারণ হয়ে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৩ শতাংশ কর্মী নিয়মিতভাবে কর্মক্ষেত্রে মানসিক চাপের মধ্যে থাকেন। কাজের চাপকে অনেকেই স্বাভাবিক বিষয় মনে করে এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে এই চাপ চলতে থাকলে তা শুধু কাজের গতি ও দক্ষতাই কমায় না, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। ঘুমের সমস্যা, ক্লান্তি, মনোযোগের অভাব, বিরক্তি ও উদ্বেগের মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু অভ্যাস ও কৌশল মেনে চললে কাজের চাপ সামলানোর পাশাপাশি কর্মদক্ষতাও বাড়ানো সম্ভব।
সময় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ান
কর্মক্ষেত্রে মানসিক চাপের অন্যতম কারণ হলো সময়ের সঠিক ব্যবহার করতে না পারা। অনেক কাজ একসঙ্গে জমে গেলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে। এ সমস্যা এড়াতে প্রতিদিন অফিসের কাজের একটি তালিকা তৈরি করুন। কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটি আগে শেষ করা প্রয়োজন, তা ঠিক করে নিন। গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করুন। প্রয়োজনে প্রোডাক্টিভিটি টুল বা কাজের পরিকল্পনা করার অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে কাজের হিসাব রাখা সহজ হবে এবং শেষ মুহূর্তের তাড়াহুড়াও কমবে।
নিজের সীমা বুঝুন, প্রয়োজনে না বলুন
সব কাজ একসঙ্গে করার চেষ্টা অনেক সময় বাড়তি চাপ তৈরি করে। তাই নিজের সামর্থ্য ও সময়ের সীমাবদ্ধতা বুঝতে হবে। প্রতিদিনের কাজের তালিকা তৈরির পাশাপাশি কোন কাজটি কত সময়ে শেষ করা সম্ভব, সে বিষয়েও বাস্তবসম্মত ধারণা রাখুন। অতিরিক্ত দায়িত্ব নেওয়ার আগে নিজের বর্তমান কাজের চাপ বিবেচনা করুন। প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে না বলতে শিখুন। এতে কাজের মান বজায় রাখার পাশাপাশি মানসিক শান্তিও অক্ষুণ্ন থাকবে।
কাজের ফাঁকে ছোট বিরতি নিন
একটানা দীর্ঘ সময় কাজ করলে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। ফলে মনোযোগ কমে যায় এবং ছোটখাটো ভুল হওয়ার আশঙ্কা বাড়ে। তাই কাজের ফাঁকে বিরতি নেওয়া জরুরি। প্রতি ঘণ্টায় অন্তত পাঁচ মিনিটের জন্য ডেস্ক থেকে উঠে দাঁড়ান। একটু হাঁটাহাঁটি করুন, পানি পান করুন কিংবা কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে বিশ্রাম নিন। কাজের চাপ বেশি মনে হলে কিছু সময়ের জন্য ডেস্ক থেকে দূরে গিয়ে নিজেকে শান্ত করুন।
গভীর শ্বাস নিন, মেডিটেশন করুন
মানসিক চাপ কমাতে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন কার্যকর হতে পারে। অফিসের ডেস্কে বসেই কয়েক মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। এ সময় অন্য চিন্তা থেকে মন সরিয়ে শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। নিয়মিত মেডিটেশন বা ধ্যানের অভ্যাসও মনকে শান্ত রাখতে সাহায্য করে। বিশেষ করে কাজের চাপ বেড়ে গেলে কয়েক মিনিটের এই অনুশীলন মনোযোগ ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান
কর্মক্ষেত্রে অনেক সময় একাকিত্ব বা ভুল বোঝাবুঝি মানসিক চাপ বাড়িয়ে দেয়। কোনো কাজ বুঝতে অসুবিধা হলে কিংবা দায়িত্ব সামলাতে সমস্যা হলে একা সবকিছু করার চেষ্টা করবেন না। সহকর্মীদের সাহায্য নিন এবং প্রয়োজনে সুপারভাইজারকে নিজের সমস্যার কথা জানান। কাজের বিষয়ে খোলামেলা আলোচনা, মতামত বিনিময় ও পারস্পরিক সহযোগিতা কর্মপরিবেশকে সহজ করে তোলে। এতে কাজের চাপ ভাগাভাগি করা যায় এবং টিমওয়ার্কও বাড়ে।
ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন
কর্মক্ষেত্রে সবকিছু নিজের ইচ্ছামতো হবে না। কখনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে, শেষ মুহূর্তে নতুন কাজের দায়িত্ব আসতে পারে কিংবা কোনো সহকর্মীর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা নাও পাওয়া যেতে পারে। এসব পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই অপ্রত্যাশিত পরিস্থিতিতে অতিরিক্ত হতাশ না হয়ে সমাধানের দিকে মনোযোগ দিন। কোনো কাজে ভুল হলে নিজেকে ব্যর্থ ভাবার প্রয়োজন নেই। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে আরও ভালো করার চেষ্টা করুন। নিজের ছোট ছোট সাফল্যকে স্বীকৃতি দিন এবং ভালো কাজের জন্য নিজেকে উৎসাহিত করুন।
কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন
মানসিক চাপ কমাতে কৃতজ্ঞতার চর্চাও সহায়ক হতে পারে। অফিসের ডেস্কে একটি ছোট নোটপ্যাড বা স্টিকি নোট রাখুন। প্রতিদিন এমন একটি বিষয় লিখে রাখুন, যে কারণে আপনি কৃতজ্ঞ। হতে পারে কোনো কাজ ভালোভাবে শেষ করা, সহকর্মীর সহযোগিতা পাওয়া কিংবা নতুন কিছু শেখার সুযোগ। এভাবে ইতিবাচক বিষয়গুলোর দিকে মনোযোগ দিলে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসা সহজ হয়। মেজাজ ভালো রাখতেও এটি ভূমিকা রাখতে পারে।
স্বাস্থ্যকর খাবার, ঘুম ও ব্যায়াম জরুরি
শুধু অফিসের কাজের মধ্যেই স্ট্রেস নিয়ন্ত্রণের বিষয়টি সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবনযাপনও এর সঙ্গে গভীরভাবে জড়িত। তাই নিয়মিত সুষম খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। অতিরিক্ত চিনি, ক্যাফেইন ও জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস কমানো ভালো। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। রাতের ভালো ঘুম পরদিন কাজে মনোযোগ ও কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।
নিয়মিত শারীরিক অনুশীলনও মানসিক চাপ কমানোর একটি কার্যকর উপায়। হাঁটা, সাইকেল চালানো কিংবা হালকা ব্যায়াম শরীর ও মন ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট শারীরিক অনুশীলনের অভ্যাস গড়ে তুলুন। ব্যায়াম শরীরের রক্তসঞ্চালন বাড়ায় এবং স্ট্রেসের সঙ্গে সম্পর্কিত কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
সবশেষে মনে রাখতে হবে, কর্মক্ষেত্রে চাপ পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। তবে চাপকে কীভাবে সামলানো হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। কাজের পরিকল্পনা করা, নিজের সীমাবদ্ধতা বোঝা, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার মাধ্যমে এই চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। কাজের পাশাপাশি নিজের জন্যও সময় রাখুন। কারণ সুস্থ শরীর ও শান্ত মনই দীর্ঘমেয়াদে ভালো কাজ করার সবচেয়ে বড় শক্তি।



