৪৯তম বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন

গ্রাফিকস: আগামীর সময়
৪৯তম (বিশেষ) বিসিএসের বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ৬১১ জনকে নিয়োগের প্রজ্ঞাপন হয়েছিল। এরা সবাই কলেজ শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেবেন।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন।
নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
৪৯তম (বিশেষ) বিসিএস (শিক্ষা ক্যাডার) পরীক্ষা নিয়ে উত্তীর্ণ ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
তারমধ্য থেকে ৬১১ জনকে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর সমালোচনা শুরু হয় যে, রাজনৈতিক ও আঞ্চলিক পরিচয় দেখে ৫৭ জনকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া প্রার্থীরা আন্দোলনেও নামেন।
এ পরিস্থিতিতে গত ১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার জারির প্রক্রিয়া চলছে।
তার মধ্য থেকে ৪০ জনের প্রজ্ঞাপন হলো। ফলে এখনো বাকি আছে ছয়জনের নিয়োগ প্রক্রিয়া।
মন্ত্রী সেদিন বলেছিলেন, এই বিসিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন ৬৬৮ জন। তার মধ্যে তিনজন সার্টিফিকেট জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল টেস্টে উপস্থিত হননি। ফলে ৫৭ জন নয়, আসলে বাদ পড়েন ৪৬ জন।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো বৈষম্য করা হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতেই এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।




