ছয় দশক চোখের সামনেই ছিল প্রাগৈতিহাসিক শিল্পকর্ম, চিনতে পারেনি কেউ!

গুহার দেয়ালে পাওয়া গেছে ৫৫টি প্রাণীর ছবি। এর মধ্যে রয়েছে ঘোড়া, হরিণ, ছাগল, গরু, বন্য গরু ও ভালুক। ছবি: অ্যান্টিকুইটি
একটি গুহায় বছরের পর বছর ঘুরে বেড়িয়েছেন হাজারো মানুষ। কেউ এসেছেন প্রাচীন সম্পদের খোঁজে, কেউ এসেছেন ঘুরতে। গুহার দেয়ালে নিজেদের নাম-তারিখও লিখেছেন অনেকে। অথচ সেই দেয়ালেই লুকিয়ে ছিল হাজার হাজার বছর আগের মানুষের আঁকা ছবি ও নানা নকশা! এত মানুষের যাতায়াতের পরও কেউ বুঝতে পারেননি, তারা আসলে ইতিহাসের এক অসাধারণ নিদর্শনের সামনে দাঁড়িয়ে আছেন।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার একটি গুহায় ঘটেছে এমন ঘটনা। কভা দে লা ফন্ত মায়োর নামের এই গুহায় সম্প্রতি পাওয়া গেছে প্রাচীন প্রস্তর যুগের ২৮০টি খোদাইচিত্র। গবেষকদের ধারণা, এগুলোর কিছু বরফযুগের মানুষের তৈরি। প্রাণীর ছবি থেকে শুরু করে রহস্যময় সব নকশা— সব মিলিয়ে গুহাটি হয়ে উঠেছে প্রত্নতত্ত্ববিদদের কাছে গুরুত্বপূর্ণ এক আবিষ্কার।
গুহাটির প্রবেশপথ পরিষ্কার করা হয় ১৯৫৭ সালে। এরপর থেকে সেখানে নিয়মিত মানুষের যাতায়াত শুরু হয়। পর্যটক, গুহা দেখতে আগ্রহী মানুষ এবং প্রাচীন ব্রোঞ্জের জিনিসপত্রের খোঁজে আসা লোকজন সেখানে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কেউ দেয়ালের খোদাইগুলোকে প্রাচীন শিল্পকর্ম হিসেবে চিনতে পারেননি।
২০১৯ সালে বিষয়টি প্রথম একজন গবেষকের নজরে আসে। হোসেপ মারিয়া ভার্গেস নামের ওই গবেষক দেয়ালে পাশাপাশি থাকা কয়েকটি সমান্তরাল রেখা দেখতে পান। তিনি কাতালান ইনস্টিটিউট অব হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল ইভোলিউশনের গবেষক। রেখাগুলো দেখে তার সন্দেহ হয়, এগুলো সাধারণ কোনো দাগ নয়। এরপর প্রত্নতাত্ত্বিক মিরিয়াম সালাস-আলতেসকে সঙ্গে নিয়ে শুরু করেন অনুসন্ধান।
তারা গুহার একটি কক্ষের দেয়ালে মোট ২৮০টি প্রাচীন নকশা শনাক্ত করেন। কক্ষটির নাম গাতোনেরেস দে কাল পালেতেস। গবেষকদের মতে, ভূমধ্যসাগরীয় আইবেরীয় অঞ্চলে বরফযুগের গুহাশিল্পের মধ্যে এটি তৃতীয় বৃহত্তম সংগ্রহ।
দেয়ালে কী কী ছবি পাওয়া গেছে?
গুহার দেয়ালে পাওয়া গেছে ৫৫টি প্রাণীর ছবি। এর মধ্যে রয়েছে ঘোড়া, হরিণ, ছাগল, গরু, বন্য গরু ও ভালুক। কয়েকটি প্রাণীর ছবি পাওয়া গেলেও সেগুলো ঠিক কোন প্রাণীর, তা নিশ্চিত হতে পারেননি গবেষকরা।
প্রাণীর ছবির পাশাপাশি রয়েছে অদ্ভুত কিছু নকশা। কোথাও সারি সারি সোজা রেখা, কোথাও আবার গোলাকার ও প্যাঁচানো অসংখ্য দাগ। কিছু নকশা দেখতে অনেকটা লেখার মতো। তবে এগুলো কোনো ভাষা বা লিখনপদ্ধতির অংশ কি না, তা এখনো জানা যায়নি। এগুলো কত বছরের পুরোনো, সেটিও নিশ্চিত নয়।
গবেষকদের ধারণা, ছবিগুলোর কিছু ম্যাগডালেনীয় সংস্কৃতিরও আগের হতে পারে। এটি প্রস্তর যুগের একটি সংস্কৃতি, যার সময়কাল ছিল শেষ বরফযুগের কাছাকাছি। কয়েকটি প্রাণীর ছবিতে বিশেষ ধরনের রেখা ও আকৃতি দেখা গেছে, যা একই সময়ের আগের অন্যান্য গুহাচিত্রের সঙ্গেও মেলে।
তবে এটি এখনো অনুমান। ছবিগুলো ঠিক কবে তৈরি হয়েছিল, তা নিশ্চিতভাবে জানার চেষ্টা করছেন গবেষকেরা। এ জন্য তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করবেন। প্রাণীর একটি ছবির ওপর জমে থাকা ক্যালসাইট নামের খনিজের নমুনা পরীক্ষা করবেন। ইউরেনিয়াম ডেটিং পদ্ধতিতে ওই খনিজের বয়স নির্ণয় করা সম্ভব। সেখান থেকে ছবিটি তৈরির সময় সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে।
এই আবিষ্কার কাতালোনিয়ার ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। এত দিন এই অঞ্চলকে প্রাচীন গুহাচিত্রের ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এলাকা মনে করা হতো। অথচ নতুন আবিষ্কার বলছে, এখানেও প্রস্তর যুগের মানুষের শিল্পচর্চা বেশ সমৃদ্ধ ছিল। গবেষকদের মতে, এই অঞ্চলের শিল্পকর্মের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।
গুহায় মানুষের বসবাসের আরও প্রমাণ
কভা দে লা ফন্ত মায়োর গুহায় শুধু প্রস্তর যুগের শিল্পকর্মই পাওয়া যায়নি। বিভিন্ন সময়ের মানুষের বসবাসের চিহ্নও মিলেছে সেখানে।
গুহায় কয়লার অবশেষ ও পাথরের তৈরি ছোট ধারালো অস্ত্র পাওয়া গেছে। এগুলো থেকে বোঝা যায়, প্রাচীন প্রস্তর যুগের মানুষ সেখানে যাতায়াত করত। আবার মানুষের উরুর একটি হাড় পাওয়া গেছে, যা নব্যপ্রস্তর যুগের শেষ দিকের। এটি দেখে গবেষকদের ধারণা, গুহার একটি অংশ মৃতদেহ কবর দেওয়ার কাজেও ব্যবহার করা হয়েছিল।
এ ছাড়া পাওয়া গেছে ব্রোঞ্জ যুগের বেশ কিছু মূল্যবান সামগ্রী। ধারণা করা হয়, রোমান যুগে কোনো একসময় গুহার প্রবেশপথ ধসে বন্ধ হয়ে যায়। ফলে এসব সামগ্রী দীর্ঘদিন ভেতরে আটকে ছিল। ১৮৫৩ সালে গুহাটি আবার মানুষের নজরে আসে। পরে গুপ্তধনের সন্ধানে আসা লোকজনও সেখানে প্রবেশ করেন।
মানুষের কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাচীন শিল্পকর্ম
গুহাটির সবচেয়ে দুঃখজনক দিক হলো, মানুষের অসতর্কতার কারণে অনেক প্রাচীন ছবি নষ্ট হয়ে গেছে। ১৯৫৭ সালে গুহার প্রবেশপথ খুলে দেওয়ার পর থেকে কয়েক দশক ধরে অসংখ্য মানুষ সেখানে যাতায়াত করেছেন। তাদের শরীর দেয়ালে ঘষা লাগায় খোদাইগুলো ক্ষয়ে গেছে। কেউ কেউ আবার দেয়ালের ওপর নিজেদের নাম ও তারিখ লিখেছেন।
গবেষকদের আশঙ্কা, এভাবে অনেক প্রাচীন ছবি এরই মধ্যে হারিয়ে গেছে। অর্থাৎ এখন যে ২৮০টি নকশা পাওয়া গেছে, একসময় সেখানে এর চেয়েও বেশি শিল্পকর্ম থাকতে পারে।
১৯৯৩ সাল থেকে গুহাটিকে একধরনের ভূগর্ভস্থ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। তবে যেই কক্ষে প্রাচীন ছবিগুলো রয়েছে, সেখানে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। উদ্দেশ্য, অবশিষ্ট শিল্পকর্মগুলোকে রক্ষা করা।
হাজার হাজার বছর আগে কোনো এক মানুষ পাথরের দেয়ালে ঘোড়া, হরিণ কিংবা ভালুকের ছবি খোদাই করেছিলেন। হয়তো নিজের চারপাশের প্রাণীদের দেখেই এসব ছবি তৈরি করেছিলেন তিনি। সেই মানুষের নাম আমরা জানি না, তার জীবনের গল্পও অজানা। কিন্তু তাঁর হাতের কাজ টিকে আছে হাজার হাজার বছর ধরে।
অথচ আশ্চর্যের বিষয়, সেই ইতিহাসের সামনে দিয়েই ছয় দশকের বেশি সময় ধরে হেঁটে গেছেন অসংখ্য মানুষ। কেউ বুঝতেই পারেননি, তাঁদের চোখের সামনেই লুকিয়ে আছে প্রস্তর যুগের এক অমূল্য গল্প।
গবেষণাটি প্রত্নতত্ত্ববিষয়ক সাময়িকী অ্যান্টিকুইটি-তে প্রকাশিত হয়েছে।





