এআই কি আনবে দুর্বিষহ ভবিষ্যৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের কাজ অনেক সহজ করেছে। বিপরীতে কর্মসংস্থান ও আর্থিক খাতের নিরাপত্তায়ও সৃষ্টি করছে হুমকি। অনেকেই ভাবছেন, এআই ডিস্টোপিয়ার যুগ হয়তো শুরু। লিখেছেন শুভ রহমান
মধ্যপ্রাচ্যের আকাশে তখন যুদ্ধবিমানের আনাগোনা। ইরানের সঙ্গে সংঘাতের উত্তেজনায় পুরো অঞ্চল টানটান। এমন সময় মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগে পৌঁছাল একটি উদ্বেগজনক প্রতিবেদন। তাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য দিয়ে যাতায়াত করা একটি চীনা জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ উপাদান বহন করা হচ্ছে। খবরটি পাওয়ার পর জাহাজটি আটকানোর প্রস্তুতি শুরু হলো।
সশস্ত্র সেনারা সেটিতে ওঠার জন্য প্রস্তুত, আকাশে উড়ছে সামরিক বিমান। আরেকটু হলেই চীনা জাহাজটিতে অভিযান চালাত মার্কিন বাহিনী। এটি ঘটলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যেত না।
কিন্তু শেষ মুহূর্তে সামনে এলো অবিশ্বাস্য এক তথ্য। গোয়েন্দা প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্যটি তৈরি হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর সাহায্যে। একটি চ্যাটবট জাহাজের পণ্যবাহী তালিকা বিশ্লেষণ করতে গিয়ে ভুল তথ্য দিয়েছিল। সাধারণ একটি পণ্যকে পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপাদান হিসেবে শনাক্ত করেছিল সেটি। আর সেই ভুল তথ্য যাচাই না করেই গোয়েন্দা প্রতিবেদনে যুক্ত করেছিলেন এক সামরিক বিশ্লেষক। পরে কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে ভুল ধরতে পারায় অভিযানটি শেষ পর্যন্ত বাতিল হয়। ঘটনাটি প্রকাশ্যে আসে ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর, সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে।
ঘটনাটি দেখিয়ে দিয়েছে, মানুষের হাতে তৈরি একটি প্রযুক্তি কত দ্রুত তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ঢুকে পড়ছে। আর সেই প্রযুক্তি ভুল করলে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে। একটি চ্যাটবটের ভুল তথ্য যদি সামরিক অভিযান শুরু করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে আরও শক্তিশালী এআই ব্যবস্থা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কী ঘটবে?
এআই তৈরি করছেন, এর নিরাপত্তা নিয়ে গবেষণা করছেন কিংবা একসময় বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছেন— এমন অনেক মানুষই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাদের আশঙ্কা, এআইর উন্নয়ন যে গতিতে এগোচ্ছে, তাতে একসময় মানুষ নিজের তৈরি প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। শুধু চাকরি হারানো কিংবা ভুয়া ছবি-ভিডিওর বন্যা নয়; বিপন্ন হতে পারে মানবসভ্যতার অস্তিত্বও।
এ আশঙ্কার পেছনে রয়েছেন এমন কিছু মানুষ, যারা একসময় এআই শিল্পের ভেতরেই কাজ করেছেন। তাদের একজন ড্যানিয়েল কোকোটাজলো। তিনি ওপেনএআইয়ে গবেষক হিসেবে কাজ করেছেন। পরে প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও উন্নয়ননীতি নিয়ে উদ্বেগের কারণে সেখান থেকে চলে যান।
তার আশঙ্কা, মানুষ এমন এক নতুন বুদ্ধিমান প্রজাতি তৈরি করতে পারে, যারা একসময় পৃথিবীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে। তার ভাষায়, পরিস্থিতি ভয়াবহ হলে মানুষের বিলুপ্তিও অসম্ভব নয়। ২০২৬ সালের জুলাইয়ে ‘দ্য ডায়েরি অব আ সিইও’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঝুঁকি নিয়ে বিস্তারিত বলেন। তার অনুমান, এআইর কারণে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
আরেকজনের নাম জ্যাকব কক্সন। তিনি অ্যানথ্রোপিক ও ওপেনএআই— দুই প্রতিষ্ঠানেই কাজ করেছেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে অ্যানথ্রোপিক থেকে পদত্যাগ করে এআইর ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে সতর্ক করেন। তার বক্তব্য, এআই তৈরির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানগুলো এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে নিজেদের তৈরি প্রযুক্তির সম্ভাব্য বিপদ সম্পর্কে জেনেও থামতে চাইছে না। কক্সনের ভাষায়, এআই নির্মাতারা আন্তরিকভাবেই বিশ্বাস করেন, দশকের শেষ নাগাদ এই প্রযুক্তি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তার আশঙ্কা, একসময় এআই এতটাই বুদ্ধিমান হয়ে উঠবে যে কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশ, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং প্রয়োজনীয় সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা অর্জন করবে।
কক্সনের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিপদটা শুধু এআইর মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের উদ্দেশ্য এবং এআইর কার্যক্রমের মধ্যে সামান্য অমিল থেকেও বিপর্যয় ঘটতে পারে। ধরুন, একটি উন্নত এআইকে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হলো। লক্ষ্য পূরণে মানুষের বাধাকে সে সমস্যা হিসেবে বিবেচনা করতে পারে। মানুষের বিদ্যুৎ, যোগাযোগ কিংবা নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এ ক্ষেত্রে যন্ত্রটির মানুষের প্রতি বিদ্বেষ থাকারও প্রয়োজন নেই। তার কাছে নির্ধারিত লক্ষ্য পূরণটাই মুখ্য হয়ে উঠতে পারে।
এবার আসা যাক এআইর অন্যতম পথিকৃৎ জিওফ্রে হিন্টনের কথায়। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের বিকাশে অসামান্য অবদানের জন্য তাকে এআইর ‘গডফাদার’ বলা হয়। আধুনিক এআই প্রযুক্তির ভিত্তি তৈরিতে হিন্টনের গবেষণার ভূমিকা রয়েছে। অথচ এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েই এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন তিনি। ২০২৩ সালে গুগল ছেড়ে দেওয়ার পর থেকে এআইর ঝুঁকি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন হিন্টন।
গত ৩ নভেম্বর দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে, এআইর কারণে চলতি বছর কিংবা আগামী বছরেই বড় বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় হামলা চালিয়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটানো কিংবা পুরো ব্যাংকিং ব্যবস্থা এক সপ্তাহের জন্য অচল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। হিন্টন এমন পরিস্থিতিকে পারমাণবিক দুর্ঘটনার সঙ্গে তুলনা করেছেন। এমন কিছু ঘটলে তবেই হয়তো বিশ্বনেতারা এআইর বিপদ সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাববেন।
হিন্টনের আশঙ্কা শুধু প্রযুক্তিগত বিপর্যয়ে সীমাবদ্ধ নয়। তার মতে, সুপারইন্টেলিজেন্ট বা মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এআই তৈরি হলে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না, তা কেউ জানে না।
এখানেই সামনে আসে এআই ডিস্টোপিয়ার ধারণা। ডিস্টোপিয়া বলতে এমন এক ভবিষ্যৎ সমাজকে বোঝায়, যেখানে প্রযুক্তি, ক্ষমতা কিংবা রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণে মানুষের স্বাধীনতা ও স্বাভাবিক জীবন বিপন্ন হয়ে পড়ে। কল্পবিজ্ঞানের সিনেমায় এমন পৃথিবী বহুবার দেখানো হয়েছে। সেখানে যন্ত্র মানুষের নির্দেশ মানে না, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় আর মানুষ পরিণত হয় নিজেদের তৈরি প্রযুক্তির অধীন প্রাণীতে।
বাস্তবের সম্ভাব্য দৃশ্যপট অবশ্য আরও জটিল। ধরুন, কোনো এক সকালে বিশ্বের গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্কে সাইবার হামলা হলো। ব্যাংকের সার্ভার অচল, আন্তর্জাতিক লেনদেন বন্ধ, শেয়ারবাজারে আতঙ্ক। একই সময়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকা ডিজিটাল অবকাঠামোতেও সমস্যা দেখা দিল। হাসপাতালের জরুরি সেবা, বিমান চলাচল, যোগাযোগ ব্যবস্থা— সবকিছু একে একে ব্যাহত হতে শুরু করল। কোটি কোটি মানুষ বুঝতে পারছে না, তাদের ব্যাংকে রাখা অর্থ নিরাপদ কি না কিংবা পরবর্তী কয়েক ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে।
সে ক্ষেত্রে আমাদের কী করা উচিত? সে উপায়টা বাতলে দিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির পরিচালক প্রফেসর ড. ফজলুল হাসান সিদ্দিকী। এআই যুগে ব্যাংকিং সেক্টরের নিরাপত্তায় তিনি এআইকেই সমাধান হিসেবে দেখছেন। তার মতে, দ্রুত এআইভিত্তিক হুমকি শনাক্তকরণ প্রযুক্তি চালু করা উচিত।
আরেকটি শঙ্কা আরও ভয়ংকর। উন্নত এআই মানুষের কর্মক্ষমতার বড় অংশ দখল করে নিল। একসময় যেসব কাজের জন্য লাখ লাখ মানুষের প্রয়োজন হতো, সেগুলো কয়েকটি এআই ব্যবস্থা সম্পন্ন করতে শুরু করল। উৎপাদন বাড়ল, ব্যয় কমলো; কিন্তু কর্মসংস্থান কমতে থাকল। বিপুলসংখ্যক মানুষ আয় হারাল। সম্পদ ও প্রযুক্তির মালিকানা কেন্দ্রীভূত হলো অল্প কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে। সে ক্ষেত্রেও ভেঙে পড়তে পারে সমাজ।‘
আমাদের দেশেও এমনটা ঘটছে। ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার রুহুল আমিন জানিয়েছেন, এআইর প্রভাব দেশের টেক ইন্ডাস্ট্রিতেও পড়তে শুরু করেছে। তার নিজের প্রতিষ্ঠানেই কার্যত কোনো জুনিয়র ডেভেলপার নেই। তিনি একাই সব দিক সামলাচ্ছেন।
মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা ডেভেলপার ফরহাদ এআইর কারণে চাকরি হারিয়েছেন। পরে এআইভিত্তিক একটি কাজ তিনি জোগাড় করতে পারলেও জানিয়েছেন, তার অনেক কলিগই এতটা সৌভাগ্যবান নন।
এআইর ইতিবাচক দিক আছে, এমনটা স্বীকার করেন ফরহাদ নিজেও। কিন্তু কর্মসংস্থানহীনতা যে সামাজিক ঝুঁকি তৈরি করছে, তা নিয়ে উদ্বিগ্ন তিনি। তার মতে, মানুষের যদি কাজই না করতে হয়, তাহলে তো সমাজ ডিস্টোপিয়ান হয়ে যাবে। তবে শেষ অবধি এআইনির্ভর ভবিষ্যৎ কেমন হবে? তা এখন কারও পক্ষে বলা সম্ভব নয়; সময়ই তার উত্তর দেবে।



