ফিউচারমেকার্সে সেরা ‘টিম লাবডাব’

সামাজিক সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্ভাবনী ধারণা নিয়ে আয়োজিত গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ‘ইকোক্লিপ’ প্রকল্পের জন্য প্রথম স্থান অর্জন করেছে টিম লাবডাব। দ্বিতীয় হয়েছে ‘রিভার সেন্টিনেল’ প্রকল্প নিয়ে টিম রিভার সেন্টিনেল এবং তৃতীয় স্থান অর্জন করেছে ‘স্পষ্ট এআই’ প্রকল্পের টিম জিনক্সড।
১০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। প্রতিযোগিতায় জমা পড়ে মোট ১ হাজার ১০৩টি ধারণা, যা ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় শিক্ষার্থী অংশগ্রহণের ক্ষেত্রে ৪০ শতাংশ বেশি।
প্রথম স্থান অর্জনকারী টিম লাবডাবের ‘ইকোক্লিপ’ একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস। এটি সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করতে পারে। দ্বিতীয় স্থান অর্জনকারী টিম রিভার সেন্টিনেলের প্রকল্পটি এআই ব্যবহার করে নদীভাঙনের পূর্বাভাস দেয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা ও জনগোষ্ঠীকে আগাম সতর্ক করতে সক্ষম। অন্যদিকে, টিম জিনক্সডের ‘স্পষ্ট এআই’ একটি এআই-সহায়তাপুষ্ট স্পিচ থেরাপি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা যায়।
বিজয়ী দলগুলো যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি তারা গ্রামীণফোনের ‘নেক্সট বিজনেস লিডার’ এবং ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেহান আসিফ আসাদ বলেন, “এআইয়ের সম্ভাবনা কাজে লাগাতে তরুণদের শুধু প্রযুক্তি শেখানো নয়, বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এর প্রয়োগেও উৎসাহিত করতে হবে। ফিউচারমেকার্সের মতো উদ্যোগ তরুণদের দক্ষতা বাড়ানো এবং উদ্ভাবনী ধারণাকে কার্যকর সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি করছে।”
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে যে মেধা ও উদ্ভাবনী সক্ষমতা ভৌগোলিক অবস্থান কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তরুণদের দক্ষতা বিকাশ ও উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করাই এ ধরনের উদ্যোগের লক্ষ্য।”
প্রতিযোগিতায় স্টেম ও নন-স্টেম—উভয় বিভাগের শিক্ষার্থীদের জন্য সাতটি চ্যালেঞ্জিং ক্ষেত্র নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, কর্মসংস্থান, জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু এবং নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা।



