পুরোপুরি গোপন নয় ইনকগনিটো মোড

সংগৃহীত ছবি
প্রযুক্তিবিশ্বে একটি বড় ধারণা রয়েছে, ব্রাউজারের ‘ইনকগনিটো’ বা ‘প্রাইভেট ব্রাউজিং’ মোড ব্যবহার করলে ইন্টারনেটে ব্যবহারকারীর সব কর্মকাণ্ড সম্পূর্ণ অদৃশ্য বা গোপন থাকে। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিএনইটি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধারণা একেবারেই ভুল। ইনকগনিটো মোড আপনাকে ইন্টারনেটে সম্পূর্ণ অদৃশ্য বা অদৃশ্যতার চাদরে ঢেকে দেয় না।
মূলত ইনকগনিটো মোড শুধু আপনার নিজস্ব ডিভাইসে স্থানীয়ভাবে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ বা সার্চ রেকর্ড জমা হতে দেয় না। এর মানে হলো, আপনার ডিভাইসটি অন্য কেউ ব্যবহার করলে আপনি কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন, তা দেখতে পাবে না। কিন্তু আপনার এই অনলাইন কার্যক্রম বাইরের দুনিয়া থেকে মোটেও গোপন থাকে না। আপনি যখন প্রাইভেট উইন্ডো ব্যবহার করেন, তখনো আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান সহজেই দেখতে পায় আপনি কোন কোন সাইটে ভিজিট করছেন। এ ছাড়া আপনি যদি অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াই-ফাই বা নেটওয়ার্ক ব্যবহার করেন, তবে সেই নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর আপনার সব কর্মকাণ্ড ট্র্যাক করতে পারেন।




