চিপ সরবরাহ বাড়াবে এএমডি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা মেটাতে ২০২৭ সালে চিপ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়াবে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট এএমডি। তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিসা সু এই তথ্য জানিয়েছেন। এনভিডিয়ার এই শীর্ষ প্রতিদ্বন্দ্বী কোম্পানি উৎপাদন বাড়াতে তাইওয়ানের ফক্সকন ও টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এস কে হাইনিক্সের মতো শীর্ষ পার্টনারদের সঙ্গে বৈঠক করছে।
চাহিদা মেটাতে অতিরিক্ত উন্নত ওয়েফার ক্ষমতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে লিসা সু জানান, তারা এখন তিন থেকে পাঁচ বছর সামনে রেখে পরিকল্পনা করছেন। চিপ বা প্রসেসর তৈরির জন্য খুবই বিশুদ্ধ সিলিকনকে প্রথমে পাতলা, গোল ডিস্ক বা থালার মতো আকার দেওয়া হয়, যাকে সিলিকন ওয়েফার বলা হয়। একটিমাত্র এ ধরনের ওয়েফারের ওপর ট্রানজিস্টরের হাজার হাজার বা কোটি কোটি মাইক্রোপ্রসেসর বা চিপ খোদাই করা হয়।
এ ছাড়া এআই খাতের দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে এর ঝুঁকি মোকাবিলা এবং সুরক্ষার বিষয়েও প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। উল্লেখ্য, এআই খাতের সাম্প্রতিক বৃদ্ধিতে এএমডির বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। সূত্র: রয়টার্স



