পদ ছাড়ছেন বাইন্যান্সের সিএফও

সিএফও কাইজার এনজি
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স ছাড়ছেন এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কাইজার এনজি। নতুন একটি উদ্যোগে যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
গত ২৯ অক্টোবর প্রতিষ্ঠানটিতে বড় ধরনের সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনার কয়েক দিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা এলো।
এক বিবৃতিতে বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা ই হে জানিয়েছেন, প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর নতুন উদ্যোগে যুক্ত হতে চান কাইজার এনজি। ছয় মাস ধরেই তার দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছিল। এনজির স্থলাভিষিক্ত হচ্ছেন জাস্টিন ইয়েক।
তিনি এর আগে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারওয়ালেক্সের অর্থ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাইন্যান্স জানিয়েছে, ২৯ অক্টোবর প্রকাশ পাওয়া সাইবার হামলাটি কয়েক মাস আগে শুরু হয়েছিল। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীর কম্পিউটারে অনুপ্রবেশের মাধ্যমে হামলাকারীরা ম্যালওয়্যার ছড়িয়ে দেয়।
প্রকৌশলীদের লক্ষ্য করে ভুয়া চাকরির নিয়োগ কার্যক্রম এবং সফটওয়্যার ডাউনলোডের আড়ালে এ হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২২ সালের জানুয়ারি থেকে বাইন্যান্সের সিএফও হিসেবে দায়িত্ব পালন করছিলেন এনজি। এর আগে তিনি প্রতিদ্বন্দ্বী ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্র্যাকেনেও কাজ করেছেন।



