স্মৃতি সংরক্ষণে মস্তিষ্কে আছে ‘সেভ বাটন’

মানুষ প্রতিদিন অসংখ্য ঘটনা, দৃশ্য ও তথ্যের মুখোমুখি হয়। কিন্তু সবকিছু স্মৃতিতে স্থায়ী জায়গা পায় না। কিছু ঘটনা দীর্ঘদিন মনে থাকে, আবার অনেক কিছুই অল্প সময়ের মধ্যে ভুলে যায় মানুষ।
কোন তথ্য স্মৃতিতে সংরক্ষিত হবে আর কোনটি হারিয়ে যাবে, সেই রহস্যের নতুন দিক উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। তাদের গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অঞ্চল অ্যামিগডালা শুধু ভয় বা আগ্রাসনের মতো আবেগের সঙ্গেই যুক্ত নয়, স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ কিছু নিউরনকে স্মৃতির ‘সেভ বাটন’ হিসেবে কাজ করতে দেখা গেছে।
গবেষণাটি ২৭ অক্টোবর নেচার নিউরোসায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত সিডারস-সিনাই হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী জিয়ায়াং শিয়াও ও তাঁর সহকর্মীরা গবেষণাটি পরিচালনা করেন।
গবেষকদের মতে, অ্যামিগডালার নির্দিষ্ট কিছু নিউরনের সক্রিয়তা কোনো দৃশ্য বা তথ্য পরবর্তী সময়ে মনে রাখতে পারার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ মস্তিষ্কে কোনো ছবি বা অভিজ্ঞতা প্রবেশ করার পর সেটি দীর্ঘমেয়াদি স্মৃতিতে সংরক্ষিত হওয়ার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত বা নির্বাচিত হতে পারে এই অঞ্চলের মাধ্যমে। তবে স্মৃতি সংরক্ষণের সুনির্দিষ্ট জৈবিক প্রক্রিয়া এখনো পুরোপুরি জানা যায়নি।
গবেষণায় অংশ নেন ওষুধে নিয়ন্ত্রণ করা কঠিন মৃগীরোগে আক্রান্ত ৯০ জনের বেশি রোগী। তাদের মস্তিষ্কে আগে থেকেই অস্ত্রোপচারের মাধ্যমে ইলেকট্রোড বসানো ছিল, যাতে খিঁচুনির উৎপত্তিস্থল শনাক্ত করা যায়। গবেষকেরা সেই ইলেকট্রোড ব্যবহার করে মস্তিষ্কের গভীরে অবস্থিত অ্যামিগডালার পৃথক নিউরনের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন।
অংশগ্রহণকারীদের খাবার, প্রাণীসহ পাঁচটি শ্রেণির দৈনন্দিন বস্তুর ছবি দেখানো হয়। এরপর ১০ থেকে ৩০ মিনিট বিরতি দিয়ে তাঁদের আবার ছবিগুলো দেখিয়ে শনাক্ত করতে বলা হয়, কোন ছবিগুলো আগে দেখানো হয়েছিল। এতে দেখা যায়, অ্যামিগডালার নির্দিষ্ট কিছু নিউরনের কার্যকলাপ পরবর্তী সময়ে ছবি মনে রাখতে পারার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ প্রথমবার ছবি দেখার সময় এসব নিউরনের প্রতিক্রিয়া যত শক্তিশালী ছিল, পরে সেটি মনে রাখার সম্ভাবনাও তত বেশি ছিল।
গবেষকদের ধারণা, এ প্রক্রিয়ায় দুটি ধাপ কাজ করতে পারে। প্রথমে অ্যামিগডালার নির্দিষ্ট নিউরন ছবিকে তার বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবদ্ধ করে। এরপর সংশ্লিষ্ট শ্রেণির নিউরন কতটা সক্রিয় হচ্ছে, তার ওপর নির্ভর করতে পারে ছবিটি পরবর্তী সময়ে মনে থাকবে কি না। গবেষণায় পাঁচ ধরনের ছবির জন্য নিউরনের আলাদা পছন্দ বা প্রতিক্রিয়াও দেখা গেছে।
সাধারণত স্মৃতি গঠনের সঙ্গে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলকে বেশি সরাসরি যুক্ত করা হয়। কিন্তু নতুন গবেষণায় অ্যামিগডালার নিউরনের সঙ্গে স্মৃতি মনে রাখার স্পষ্ট সম্পর্ক পাওয়া গেছে। বরং হিপোক্যাম্পাসের নিউরনের কার্যকলাপের সঙ্গে ছবি স্মরণ করার সম্পর্ক তুলনামূলক দুর্বল এবং কিছুটা বিলম্বিত ছিল। গবেষক শিয়াও নিজেও অ্যামিগডালার এমন স্পষ্ট ভূমিকা দেখে বিস্মিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটার স্নায়ুবিজ্ঞানী কোরি ইনম্যান, যিনি গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন না, আগের গবেষণাগুলোর সীমাবদ্ধতা তুলে ধরেছেন। তার মতে, আগে মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপের পদ্ধতিগুলো অনেকটা স্টেডিয়ামের বাইরে থেকে খেলার শব্দ শোনার মতো ছিল। নতুন গবেষণায় পৃথক নিউরনের কার্যকলাপ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে, যা অনেক বেশি সূক্ষ্ম তথ্য দিয়েছে।
গবেষকদের আশা, স্মৃতি সংরক্ষণের এই প্রক্রিয়া আরও ভালোভাবে বোঝা গেলে ভবিষ্যতে স্মৃতিবিভ্রাট ও স্মৃতিসংক্রান্ত বিভিন্ন রোগের উন্নত চিকিৎসার পথ তৈরি হতে পারে। তবে এ গবেষণায় অংশগ্রহণকারীদের মাত্র ১০ থেকে ৩০ মিনিট আগের ছবি মনে রাখতে বলা হয়েছিল। তাই দীর্ঘমেয়াদি স্মৃতি গঠনের ক্ষেত্রে একই প্রক্রিয়া কীভাবে কাজ করে, তা এখনো নিশ্চিত নয়।
পরবর্তী গবেষণায় অ্যামিগডালার নির্দিষ্ট নিউরনকে উদ্দীপিত করলে স্মৃতিশক্তিতে কী ধরনের পরিবর্তন আসে, তা পরীক্ষা করতে চান বিজ্ঞানীরা। এতে বোঝা যেতে পারে, স্মৃতিশক্তি উন্নত করার চিকিৎসায় মস্তিষ্কের এই অঞ্চলকে লক্ষ্যবস্তু করা সম্ভব কি না।
সব মিলিয়ে, নতুন গবেষণা স্মৃতি গঠনে অ্যামিগডালার ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছে। তবে কোন স্মৃতি কেন স্থায়ী হয়, আর কোনটি হারিয়ে যায়—মস্তিষ্কের সেই
জটিল রহস্যের পুরো সমাধান এখনো অধরা।



