প্রতিহিংসার জেরে দুই খুন!

আঁকা: সোহানুর রহমান
পাকিস্তান আমলে নারায়ণগঞ্জের এক জোড়া খুন আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। মামলাটি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। লিখেছেন ইমরানুর রহমান
১৯৬৩ সালের ১১ সেপ্টেম্বর বিকাল। তৎকালীন পূর্ব পাকিস্তানের নারায়ণগঞ্জ শহরের পিটার রোডের একটি বাড়িতে ঘটতে চলেছে শিউরে ওঠার মতো এক ঘটনা। দোতলা বাড়িটি ছিল পাকিস্তান রিভার স্টিমার্স লিমিটেডের প্রকৌশলী জাফর ইকবাল ইয়াজদানির। নিচতলায় তার সঙ্গে থাকতেন আহমাদ নামের অপর এক প্রকৌশলী। ওপরতলায় ছিলেন কোম্পানির স্থানীয় এজেন্ট কে জি কুপার।
মূল ভবন থেকে মাত্র ১৫-২০ ফুট দূরে পেছনে থাকা কর্মচারীদের কোয়ার্টারে একই কক্ষে থাকতেন বেয়ারা মাজিদ ও রাঁধুনি শফিজউদ্দিন হাওলাদার আর পাশের ঘরে থাকতেন আয়া রহিমুন্নেসা বিবি। ফটকে পাহারা দিতেন দারোয়ান আবদুল হাকিম। রান্নাঘরে খাবার তৈরি, কর্মচারীদের ব্যস্ততা আর দারোয়ানের পাহারায় বাড়িটির দৈনন্দিন জীবন স্বাভাবিক ছন্দে চলছিল।
কিন্তু সেই বিকালে কয়েক মিনিটের ব্যবধানে রান্নাঘর থেকে আসা এক নারীর আর্তনাদ ও আরেকজনের চিৎকারে সেই স্বাভাবিক পরিবেশ পুরোপুরি বদলে যায়। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় রাঁধুনি শফিজউদ্দিন ও আয়া রহিমুন্নেসার মৃতদেহ। তাদের হত্যার মূল অভিযোগ ওঠে তরুণ বেয়ারা মাজিদের বিরুদ্ধে, যাকে একটু পর তার নিজের ঘরে পেটে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়।
এই জোড়া খুনের পেছনে মূলত কাজ করেছিল ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন ও ঈর্ষা। মামলার নথি অনুযায়ী, ১৮ থেকে ২০ বছর বয়সী মাজিদের সঙ্গে রাঁধুনি শফিজউদ্দিনের বিরোধ তৈরি হয়েছিল আয়া রহিমুন্নেসাকে কেন্দ্র করে। বিষয়টি জানার পর বাড়ির মালিক ইয়াজদানি ১০ সেপ্টেম্বর মাজিদকে চাকরি থেকে বরখাস্ত করে বাড়ি ছেড়ে যেতে বলেন এবং পরদিন সকালে তার পাওনা মজুরি পরিশোধ করেন। সন্ধ্যায় বরিশালগামী স্টিমারে তার চলে যাওয়ার কথা ছিল।
হত্যার মূল অভিযোগ ওঠে তরুণ বেয়ারা মাজিদের বিরুদ্ধে, যাকে পরে তার নিজের ঘরে পেটে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়
শফিজউদ্দিন ও রহিমুন্নেসা দুজনেরই পরিবার ছিল; কিন্তু কেউই এখানে পরিবার নিয়ে থাকতেন না। এর আগে গাড়িচালক আরব আলীর বিরুদ্ধেও আয়ার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলতে চেয়েছিলেন মাজিদ। কিন্তু মালিক ইয়াজদানি সে কথায় একদমই কান দেননি।
চাকরি হারানো, ক্ষোভ এবং এই বহুমুখী সম্পর্কের টানাপড়েনই হত্যার সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে সামনে আসে। তবে মোটিভ থাকলেই কেউ খুনি প্রমাণিত হয় না। তাই আসল সত্য উদ্ঘাটনে শুরু হয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের পালা।
আদালতের নথি অনুযায়ী, বিকাল ৪টার দিকে ঝাড়ুদার নিরঞ্জনলাল বেগ পান খেতে ফটকের বাইরে গিয়ে ফেরার পথে রান্নাঘরের কাছ থেকে নারীর চিৎকার শুনতে পান। তিনি দেখতে পান, মাজিদ হাতে ছোরা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে কর্মচারীদের কোয়ার্টারের দিকে ছুটছেন। ওই সময় কোয়ার্টারের বারান্দায় খাটে ঘুমাচ্ছিলেন শফিজউদ্দিন।
কিছুক্ষণ পর নিরঞ্জন দেখেন, পেটে হাত চেপে ধরে শফিজউদ্দিন রক্তাক্ত অবস্থায় পশ্চিম দিকে ছুটে পালাচ্ছেন এবং মাজিদ আবারও ছোরা হাতে বেরিয়ে তার পিছু ছুটছেন। আতঙ্কিত নিরঞ্জন চিৎকার করে অন্যদের ডাকেন। একই সময় বাড়ির আরেক অংশে থাকা ঝাড়ুদার আজিজলাল বেগ আয়ার চিৎকার শুনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখেন, আয়া রান্নাঘরের দিক থেকে ছুটে এসে প্যান্ট্রির কাছে পড়ে যান।
আরেক কর্মী আমিনও মাজিদকে ছোরা হাতে দাঁড়িয়ে বলতে শোনেন, তিনি আয়া ও রাঁধুনিকে শেষ করে দিয়েছেন এবং সামনে যে আসবে, তারও একই পরিণতি হবে। তবে এই সাক্ষীদের কেউই সরাসরি ছুরিকাঘাতের দৃশ্যটি দেখেননি। তারা দেখেছেন শুধু ঘটনার আগের ও পরের কিছু খণ্ডিত মুহূর্ত।
কালো জাদুর আচার পূর্ণ করতে হত্যা করতে হবে ৭২ নারীকে
ঘটনা জানার সঙ্গে সঙ্গেই কোম্পানির এজেন্ট কুপার পুলিশ ও হাসপাতালে ফোন করেন। পুলিশি নথিতে উল্লেখ আছে, বিকাল সাড়ে ৪টায় প্রধান তদন্ত কর্মকর্তা একটি ফোন পান। তবে ঘটনাস্থলে তিনি না গিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও একজন কনস্টেবলকে পাঠান। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরে পুলিশ মাজিদকেও তার নিজের ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করে, যার পেটে ধারালো অস্ত্রের তিনটি গুরুতর কাটা আঘাত ছিল। মাজিদ দাবি করেন, ঘুমিয়ে থাকার সময় গাড়িচালক আরব আলী তাকে ছুরিকাঘাত করেছেন। যদিও আরব আলী তা অস্বীকার করেন। চিকিৎসক জানান, সাধারণত কেউ নিজে এমন আঘাত করে না, তবে চরম অস্বাভাবিক পরিস্থিতিতে তা অসম্ভব নয়।
কিন্তু পুলিশি তদন্তে চরম অদক্ষতা ও গুরুতর ঘাটতি দেখা যায়। পুলিশ রক্তমাখা ছোরা ও ঘটনাস্থলে রক্তের দাগ পেলেও নমুনাগুলো ঠিকমতো সংগ্রহ করেনি; রক্ত মানুষের কি না, তা পরীক্ষা করেনি; ছোরায় আঙুলের ছাপ বা মাজিদের পোশাক পরীক্ষা করেনি।
তবে সাক্ষীদের ওপরই ভরসা করে নিম্ন আদালত মাজিদের বয়স ও সব পরিস্থিতি বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেও পূর্ব পাকিস্তান হাইকোর্ট সাক্ষীদের বক্তব্যে কিছু অসংগতি ও তদন্তের দুর্বলতা দেখিয়ে মাজিদকে খালাস দেয়।
মামলাটি শেষ পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টে পৌঁছায়। প্রধান বিচারপতি হামুদুর রহমানের নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের রায় পুনর্মূল্যায়ন করে জানান, সাক্ষীরা একই সময়ে একই জায়গায় না থাকায় তাদের বর্ণনায় সামান্য পার্থক্য থাকা স্বাভাবিক এবং একজন সব দেখেনি বলেই অন্যজনের সাক্ষ্য মিথ্যা হয়ে যায় না।
আদালত নিরঞ্জনলালের সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন। চিকিৎসকের মতামতের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মনে করে, অপরাধের পর চরম উত্তেজনা ও হতাশায় মাজিদ নিজেই নিজেকে ওই আঘাত করে থাকতে পারেন, আর চালক আরব আলীর ওপর মাজিদের দোষ চাপানোর দাবিটি খুব একটা নির্ভরযোগ্য ছিল না।
সুপ্রিম কোর্টের মতে, তদন্তে পুলিশের মারাত্মক অবহেলা ও ব্যর্থতা ছিল সত্য; কিন্তু তার মানে এই নয় যে সাক্ষীদের বিশ্বস্ত বক্তব্যকে এবং পারিপার্শ্বিক প্রমাণের অটুট শৃঙ্খলকে অস্বীকার করতে হবে। প্রমাণের সামগ্রিক মূল্যায়ন করলে পরিষ্কার বোঝা যায় যে মাজিদ ছাড়া এই অপরাধ অন্য কেউ করেনি।
অবশেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট হাইকোর্টের খালাসের রায় বাতিল করে মাজিদকে দুটি হত্যার দায়ে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখেন এবং একই সঙ্গে ভবিষ্যতের তদন্তের মান উন্নয়নে প্রাদেশিক সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।



