আবার কারাগারে

আঁকা : অনন্যা প্রমা
সুইডেন আসলামকে পুলিশ ধরেছিল এক ফ্রিজবাহী ট্রাক অনুসরণ করতে গিয়ে। এরপর দীর্ঘ কারাবাস। সবশেষ আবার বিমানবন্দরে গ্রেপ্তার।
রোদের তাপ উপেক্ষা করে এক নাম না-জানা পুলিশ সদস্য অনুসরণ করছেন রেফ্রিজারেটরবাহী এক ট্রাককে। সোর্স মারফত তথ্য রয়েছে, ফ্রিজটি কিনেছেন ঢাকার অপরাধজগতের এক ভয়ংকর সন্ত্রাসী। একসময় সেটি গিয়ে থামল ঢাকার পুরাতন ডিওএইচএস এলাকার একটি বাড়ির সামনে। গোয়েন্দারা সেখানে গিয়ে যাকে খুঁজে পেলেন, তার নাম শেখ মোহাম্মদ আসলাম। অপরাধজগতে পরিচিত ‘সুইডেন আসলাম’ নামে।
ঘটনাটি ১৯৯৭ সালের ২৬ মের। সুইডেন আসলামের বয়স তখন ৩৫ বছর। সেদিন গ্রেপ্তারের পর টানা ২৭ বছর কারাগারে কাটাতে হয় তাকে। ঢাকার অপরাধজগতে নব্বইয়ের দশকে যাদের নাম শুনলে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ত, সুইডেন আসলাম তাদের একজন। খুন, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ— বিভিন্ন অপরাধের অভিযোগে আলোচিত ছিল তার নাম।
ঢাকার নবাবগঞ্জের ছাতিয়া এলাকায় আসলামের পৈতৃক বাড়ি। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে একসময় রাজধানী শহরে চলে আসেন তারা। আসলাম পড়াশোনা করেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে, বর্তমানে যার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়। স্কুলজীবনে ভালো ফুটবল খেলতেন। পড়াশোনা শেষে ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজেও। কিন্তু সেই শিক্ষাজীবন বেশিদূর এগোয়নি। একসময় জড়িয়ে পড়েন অপরাধজগতের সঙ্গে।
তার নামের সঙ্গে সুইডেন যুক্ত হওয়ার পেছনে রয়েছে মজার এক গল্প। প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। বিয়ের পর আসলামও কয়েক বছর সেখানে কাটান। পরে দেশে ফিরে আসেন। তখন থেকেই শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে।
আশির দশকের শেষ দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় আসলামের উত্থান শুরু। অভিযোগ আছে, ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের সামনে শাকিল নামের এক কিশোরকে হত্যার মাধ্যমে কিলার হিসেবে হাতেখড়ি তার। তখন মায়ের সঙ্গেই দাঁড়িয়ে ছিল কিশোরটি।
এই হত্যাকাণ্ডই আসলামকে আন্ডারওয়ার্ল্ডে পরিচিতি এনে দেয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তার প্রভাব। একের পর এক খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের নানা ঘটনায় জড়িয়ে পড়ে তার নাম।
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের বড় লড়াইগুলোর একটি ছিল বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে। কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ব্যবসা-বাণিজ্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলত। আসলামের সঙ্গে রানা গ্রুপের বিরোধও ছিল এমনই এক সংঘাতের অংশ। আর এ লড়াইয়ে আসলামের সঙ্গী হয় আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান।
১৯৯৭ সালে তেজকুনিপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ নেতা মাহমুদুল হক গালিব
পরবর্তী সময়ে তিনিও হয়ে ওঠেন রাজধানীর আলোচিত সন্ত্রাসীদের একজন। ১৯৯৬ সালে কারওয়ান বাজার এলাকায় রানা হত্যাকাণ্ডে আসলাম ও পিচ্চি হান্নানের নাম জড়িয়ে পড়ে। অভিযোগ ছিল, আসলামের নির্দেশে পিচ্চি হান্নান এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। রানার মৃত্যুর পর সংশ্লিষ্ট এলাকায় আসলামের প্রভাব আরও বাড়ে।
তবে সুইডেন আসলামের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি ছিল ব্যক্তিগত সম্পর্কের জেরে হত্যাকাণ্ড। একসময় তিনি ঘর বেঁধেছিলেন ইতির সঙ্গে। সংসারের টানে হয়েছিলেন সুইডেনপ্রবাসীও। কিন্তু সেই সংসার ভেঙে যায়। দেশে ফিরে আসেন তিনি।
আর ইতিও ঘর বাঁধেন আবদুল্লাহ আল হাসান ওরফে মামুনের সঙ্গে। কথিত আছে, সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি আসলাম। তার পরিণতিতে ১৯৯৫ সালে পুরান ঢাকাতে দুই সহযোগীসহ খুন হন মামুন।
এরপর ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ নেতা মাহমুদুল হক গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা মামলা করেন। আসলামসহ ২০ জনকে আসামি করা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ মামলার অভিযোগপত্র জমা দেয়।
গালিব হত্যা মামলাটি আসলামের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যেই ফ্রিজের সূত্র ধরে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন। যে মানুষটি একসময় রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের প্রভাব বিস্তার করেছিলেন, তার ঠিকানা হয়ে যায় কারাগার।
আসলামের বিরুদ্ধে মোট ২২টি মামলা ছিল। এর মধ্যে ৯টি হত্যা মামলা। পাশাপাশি অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগও ছিল। তবে এসব মামলার সবকটিতে তিনি দোষী সাব্যস্ত হননি।
২০১৫ সালে ঢাকা মহানগর পুলিশের একটি চিঠির বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তখন পর্যন্ত ১২টি মামলার মধ্যে ১১টিতেই খালাস পেয়েছিলেন তিনি। শুধু গলার কাঁটা ছিল ‘গালিব হত্যা মামলা’। ফলে কারাগারেই থাকতে হয় তাকে। তবে পত্রিকা মারফত জানা যায়, বাইরে থাকা সহযোগীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০১৪ সালের মার্চে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার সেলে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এভাবে কেটে যায় বছরের পর বছর। যে সময়টায় ঢাকার অপরাধজগতের পরিচিত অনেক মুখ হারিয়ে গেছে— কেউ মারা গেছে, কেউ দেশ ছেড়েছে, কেউ আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে— সে সময় আসলাম কাটিয়েছেন কারাগারের চার দেয়ালের মধ্যে।
অবশেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। তখন বার্ধক্য জেঁকে বসেছে তাকে। বয়স ৬২ বছর। প্রায় তিন দশক পর আবার মুক্ত আকাশের নিচে দাঁড়ানোর সুযোগ পান তিনি।
মুক্তির পর আসলামের ইন্দিরা রোডের বাসায় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন এলাকার লোকজনের আনাগোনা বাড়ে। স্থানীয় বিরোধ ও ব্যবসায়িক সমস্যা মীমাংসায়ও তার ভূমিকা থাকার কথা উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে।
তবে পুরনো সেই পরিচিতি আবারও সামনে চলে আসে ২০২৬ সালের শুরুতে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ড এবং কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ে আলোচনায় আসে তার নাম। এরপর ২০২৬ সালের ২৮ এপ্রিল নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন আরেক আলোচিত সন্ত্রাসী খোন্দকার নাঈম আহমেদ টিটন। পুলিশের দাবি, টিটন হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তখন থেকেই আত্মগোপনে চলে যান তিনি।
২০২৬ সালের ২২ নভেম্বর রাত। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুইডেন আসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ধরা পড়েন তিনি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের ভাষ্য, আসলামকে গ্রেপ্তারের জন্য খোঁজ চলছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পর তাকে ধরতে তৎপরতা বাড়ানো হয়। ২৩ নভেম্বর টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



