পাঠকের ভয়
অন্য জাকির

আঁকা : ফারজিন
গ্রামে থাকতে আমি আর আমার বন্ধু জাকির প্রতিদিন আসরের নামাজের পর হাঁটতে যেতাম। জামাইয়ের দোকানে চা খেয়ে মাগরিবের আগে আগে ফিরতাম। কখনো বা মাগরিব পেরিয়ে যেত। আমরা যেতাম কুন্দিহার, মাছরং, জম্বদ্বীপসহ কাছের গ্রামগুলোতে। মাটির রাস্তা ধরে হাঁটতেই ভালো লাগত। বিকালের মিষ্টি রোদ এসে চোখেমুখে পড়ত। দুপাশের মাঠ পেরিয়ে দূরের গ্রামগুলোর দিকে তাকালে মনটা কেমন উদাস হয়ে যেত।
একদিনের ঘটনা। জাকির বলল, কাজ আছে। আজ যাবে না। একা হাঁটতে ভালো লাগে না বলে সঙ্গে গ্রামের সাদ্দাম কিংবা ইমনকে নিয়ে নিলাম। ঠিক কাকে নিলাম, এখন আর মনে নেই। আমরা সেদিন অনেক দূর গেলাম। বাসে গিয়ে কাজলা হাটে নামলাম। হাট ঘুরে এটা-সেটা খেয়ে ব্রিজের পাশ দিয়ে গ্রামের দিকে হেঁটে অনেক দূর গেলাম। ফেরার পথে বিকাল গড়িয়ে আসছিল। সূর্যের আলো তখন অনেকটা ম্লান। রাস্তার দুপাশের গাছপালার ছায়া ক্রমে লম্বা হয়ে আসছে। আমরা ব্রিজের নিচের রাস্তা ধরে ফিরছিলাম।
হঠাৎ জাকিরের সঙ্গে দেখা। তার সঙ্গে আরও একজন ছিল। ওকে দেখে অবাক হলেও কাছে গিয়ে কোলাকুলি করলাম। এ সময় একটা অদ্ভুত ব্যাপার অনুভব করলাম। জাকিরের হাতটা অস্বাভাবিক ঠান্ডা। যেন অনেকক্ষণ বরফের মধ্যে হাত ডুবিয়ে রেখেছিল। শুধু তা-ই নয়, তার শরীর থেকে একধরনের তীব্র সুগন্ধ আসছিল। এমন সুগন্ধ, যা পরিচিত কোনো আতর বা সুগন্ধির সঙ্গে মেলাতে পারছিলাম না।
তারপর স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম, ‘ঘুরতে যাচ্ছ?’
সে বলল, ‘হ্যাঁ।’
আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না, মনের ভেতর একটা অস্বস্তি হচ্ছিল। তখন একটা কথা আমার মাথায় আসেনি— জাকির তো বাড়িতে থাকার কথা! সে এখানে এলো কীভাবে?
আমরা নিজেদের পথে হাঁটতে শুরু করলাম। বাড়িতে ফিরে মাগরিবের নামাজ পড়লাম। তারপরই রাস্তায় জাকিরের সঙ্গে দেখা।
তাকে দেখে বললাম, ‘জাকির, তুমি না আজকে বেরোবে না বলছিলে? তাহলে গেলে কেন?’
আমার কথা শুনে জাকির যেন আকাশ থেকে পড়ল। ‘কী বলছ, এসব! আমি তো সারা বিকাল জমিতে গরুর কাছে ছিলাম। কিছু ধান কাটা ছিল। তা বাসায় নিয়ে আসি।’
আমি কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, ‘তুমি কাজলা যাওনি?’
জাকির অবাক হয়ে বলল, ‘আরে, কাজলার ওদিকে গত এক মাসেও আমি যাইনি।’
কথাটা শুনে আমি স্থির হয়ে গেলাম।
মুহূর্তের মধ্যে বিকালের সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। একই মুখ, একই চেহারা, একই কণ্ঠস্বর। সেই মানুষটার সঙ্গেই তো আমার হ্যান্ডশেক হয়েছে, কোলাকুলি হয়েছে। সে আমার প্রশ্নের উত্তর দিয়েছে।
শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে এলো। আমি কথা বলতে পারছিলাম না।
জাকির বলল, ‘কী ব্যাপার? তোমরা এমন করছ কেন?’
আমি কোনো রকমে বললাম, ‘বিকালে কাজলা ব্রিজের নিচের রাস্তায় তোমার সঙ্গে দেখা হয়েছে। হ্যান্ডশেক করেছি, কোলাকুলি করেছি। তুমি বললে, ঘুরতে যাচ্ছো।’
কথাগুলো শুনে জাকির নিজেও বিস্মিত হয়ে গেল। সে তো ওই সময় জমিতে ছিল। তার কথায় কোনো দ্বিধা ছিল না।
তাহলে?
এমন নয় যে আমি একা তাকে দেখেছি। আমার সঙ্গে আরেকজন ছিল। দুজন মানুষ একই সময়ে একই মানুষকে ভুল দেখল কীভাবে?
কাজলা ব্রিজের নিচে সেদিন আমার সঙ্গে যে মানুষটার দেখা হয়েছিল, সে যদি জাকির না হয়, তাহলে সে কে ছিল?



