কান্তারা

২০২২ সালের কন্নড় সিনেমা ‘কান্তারা’র কাহিনি ও পরিচালনা দুটোই ঋষভ শেঠির। এর মূল চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ভারতের কর্ণাটকের উপকূলের লোকবিশ্বাস ‘ভূত কোলা’ নিয়ে বানানো এই সিনেমার বাজেট ছিল খুবই কম, কিন্তু তার পরও এটি পুরো ভারতে সুপারহিট হয়ে যায়।
গল্পে দেখা যায়, এক রাজা জঙ্গলে ঘেরা এক গ্রামে এসে একটা দেবশিলা দেখতে পান। গ্রামের লোকেরা ওটাকে ‘দৈব’ বলে পূজা করে। রাজা শিলাটা চান, বদলে গ্রামবাসীকে জমি দিয়ে দেন। কিন্তু পরে সেই জমি ফেরত নেওয়ার লোভ রাজার বংশধরদের মাথায় চেপে বসে।
তারপর গল্প চলে আসে ১৯৯০-এর দশকে। শিব (ঋষভ শেঠি) গ্রামের এক বেপরোয়া, গায়ে-গতরে খাটা যুবক। মহিষদৌড়ে সে চ্যাম্পিয়ন। বন বিভাগের অফিসার মুরলি জঙ্গলটাকে সংরক্ষিত এলাকা করতে চান। আর তাতেই গ্রামবাসীর সঙ্গে তার ঝামেলা শুরু হয়।
সিনেমার শেষ ২০ মিনিট নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। শিবের শরীরে কি ভর করেছে কোনো অশরীরী? ভূত কোলার সেই ক্লাইম্যাক্সে ঋষভের অভিনয় দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সঙ্গে আছে অজনিশ লোকনাথের গা-ছমছমে মিউজিক আর চোখ-ধাঁধানো ক্যামেরার কাজ।



