অচেনা মালয়েশিয়ার অন্দরে

সুংগাই রেংগিতের পুরনো জেটির সামনে সাইকেলসহ বাবর আলী
গতবার মালয়েশিয়ার পশ্চিম উপকূল ঘুরে এবার চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছিলাম পূর্ব উপকূলের অচেনা রুট। সহযাত্রী জুমন নিয়াজ ও আমি সাইকেলে পাড়ি দিয়েছি ১২ দিনে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার। শুরুটা থাইল্যান্ড সীমান্তঘেঁষা পাদাং বেসার থেকে। তারপর মালয়েশিয়ার মেরুদণ্ডখ্যাত তিতিওয়াংসা পর্বতমালা পেরিয়ে প্রথম ৪৫০ কিলোমিটার আড়াআড়ি পথ পাঁচ দিনে পাড়ি দিয়ে পৌঁছাই কোটা বারুতে। এরপর দক্ষিণ চীন সাগর ঘেঁষে লম্বালম্বি সাত দিনে আরও সাড়ে সাতশ কিলোমিটারের বেশি পথ চালিয়ে শেষ গন্তব্য ছুঁয়েছি সিঙ্গাপুর সীমান্তঘেঁষা সুংগাই রেংগিতে।
মালয়েশিয়ার মেরুদণ্ড তিতিওয়াংসা: প্রায় ৩৫ হাজার বর্গকিলোমিটারের তিতিওয়াংসা পর্বতমালা ছড়িয়ে আছে পাশাপাশি দুটি দেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডের মানচিত্রের বিশাল এলাকা জুড়ে। যদিও থাইল্যান্ড অংশে এর নাম সংকালখিরি রেঞ্জ। রাইডের তৃতীয় থেকে পঞ্চম দিন আমাদের সাইকেলের চাকা ঘুরেছে তিতিওয়াংসা পর্বতমালার বুক চিরে যাওয়া ইস্ট ওয়েস্ট হাইওয়ে ধরে। বিখ্যাত এই পর্বতমালার অন্তর্গত বেলুম-তেমেনগর বন। এত বড় নিরবচ্ছিন্ন বন মালয়েশিয়ার আর কোথাও নেই। বেলুম-তেমেনগর বন ১৩ কোটি বছরের পুরনো। ডাইনোসরের বিচরণের যুগেও এর অস্তিত্ব ছিল। জুরাসিক যুগ হয়ে তাম্র, ব্রোঞ্জ আর লৌহ যুগও দেখে ফেলেছে এই বন। এখন নিঃশব্দে অবলোকন করছে প্লাস্টিক যুগ! বয়সের দিক থেকে বহুল আলোচিত আমাজন আর কঙ্গোর বনের চেয়েও এটি প্রাচীন। বিশ্ব জুড়েই এর চেয়ে পুরনো অতিবৃষ্টির অরণ্য খুব কমই আছে।
রাইডের চতুর্থ দিন সকালে বুনো হাতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই বন বাঘ আর মালয় তাপিরের জন্যও বিখ্যাত। আর আছে বনের কৃষক নামে পরিচিত ধনেশ পাখি। এতগুলো বছরেও তেমন কোনো পরিবর্তন হয়নি এই পর্বতমালার।
মালয় আতিথেয়তা: চেহারায় পথের ছাপ স্থানীয় মালয়েশিয়ানদের কাছে মাঝেমধ্যেই কৌতূহলের কেন্দ্রবিন্দু বানিয়েছে আমাদের। নিজেদের বাহন থামিয়ে মালয় পিঠা ‘পুলুট বাকার’ এগিয়ে দিয়েছে একটা পরিবার। বারকতক সকাল কিংবা দুপুরের খাবার খেতে পথপার্শ্বের রেস্তোরাঁয় থামার পর আমাদের ভ্রমণবৃত্তান্ত জেনে পুলকিত হয়েছে স্থানীয় মালয়রা। আমাদের অজান্তেই খাবারের বিল দিয়ে বিদায় নিয়েছেন। সাইকেলে শ্রান্ত পথিকদের এটা-সেটা এগিয়ে দিয়ে দিনশেষের বিশ্রামটুকু যাতে আরামের হয়, সেটা নিশ্চিত করেছে পথচলতি রাতের আবাস হোমস্টের মালিকরা। দক্ষিণ চীন সাগর-ঘেঁষা ছোট্ট জনপদ তেলেগু পাপানের হোমস্টের শ্লেষ্মার তোড়ে ঠিকঠাক কথা বলতে না পারা বুড়িও পরম মমতায় জড়িয়েছে আমাদের।
মালয়েশিয়ান খাবারের মুগ্ধতা: এই সাইকেল রাইডেই যেহেতু পশ্চিম মালয়েশিয়ার ১১টি প্রদেশের মধ্যে ৭টিতেই যাওয়া হয়েছে, খাবারে দারুণ বৈচিত্র্য পেয়েছি।
অপরাজিতা ফুলের নির্যাস দিয়ে বানানো নীলচে রঙের ভাত নাসি কেরাবুর স্বাদ নেওয়া হয়েছে কয়েকবার। কেলান্টান আর তেরেঙ্গানু প্রদেশের খাবার হিসেবে নাসি কেরাবু প্রসিদ্ধ। নাসি উলামও বেশ কয়েকবার চাখা হয়েছে। ভাতের সঙ্গে নানান ঔষধি গুণসম্পন্ন সবজি আর তৃণ খাওয়া হয় নাসি উলামে।
এ ছাড়া পুরো রাইডে লাকসা, মি সুপ জাতীয় সুপ-নুডলস বেশ আনন্দ দিয়েছে। নুডলস বেইজড খাবারগুলো মূলত চায়নিজ উৎস থেকে আসা। এই অঞ্চলে যেহেতু ভারতের দক্ষিণের নানান জনগোষ্ঠীর বসবাস আছে, খাবারেও সেই প্রভাব আছে। রটি চনাই তার উৎকৃষ্ট প্রমাণ। মুরতাবাক নামে আধা আরব-আধা ভারতীয় খাবারও খেয়েছি পরম আনন্দে।
তেহ তারিক (ঘন দুধ চা); মালয়েশিয়ান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আইস মাইলো এই প্রতিযোগিতায় খুব একটা পিছিয়ে নেই। ভোজের শেষ পদ হিসেবে আমার পছন্দ চেন্ডল। জেলি, মুগ ডাল, বিনস, পাম থেকে তৈরি গুড়ের সঙ্গে বরফ মিশিয়ে বানানো হয় চেন্ডল নামের এই ডেজার্ট।
দ্য ফরগটেন হাফ অব মালয়েশিয়া: কোটা বারু শহর থেকে আমাদের পথের শেষ বিন্দু সুংগাই রেংগিত অবধি প্রায় ৭৫০ কিলোমিটার জুড়ে সঙ্গে ছিল দক্ষিণ চীন সাগর। আমাদের অনুসরণ করা পূর্ব উপকূলের জীবনধারা পুরোপুরি মালয় সংস্কৃতিনির্ভর। মালয়েশিয়ার এই অংশে জীবনের গতিও অতি মাত্রায় যান্ত্রিক নয়। পশ্চিম উপকূলের অতি ব্যস্ত শহুরে কোলাহল এখানে পৌঁছায় না। অনেকেই দক্ষিণ চীন সাগর ঘেঁষা এই অংশকে ‘দ্য ফরগটেন হাফ অব মালয়েশিয়া’ বলে থাকেন। দক্ষিণ চীন সাগরের অসংখ্য সৈকতের বালু লেগেছে আমাদের সাইকেলের চাকায়। লাগোয়া জনপদগুলোকে বাঁচাতে অনেক জায়গাতেই কংক্রিটের ব্লক ফেলা। তবে তীর থেকে অদূরে সৈকতের অনেক জায়গায় প্রাকৃতিকভাবেই তৈরি অনেক পাথুরে গুহা আছে। নোনা বাতাসের ঝাপটা নিয়ে এগিয়েছি পরের সৈকতের পানে। দক্ষিণ চীন সাগর ঘেঁষে ইস্ট কোস্টের ধুলো মাখিয়ে দুই চাকার বাহন আমাদের পৌঁছে দিয়েছে গন্তব্য সুংগাই রেংগিতে। এ পথের নানান পুথি স্মৃতিতে কাঠখোদাই হয়ে থাকবে অনেক দিন।




