জানেন কি
রিং-টেইলড লেমুর কেন দামি

রিং-টেইলড লেমুর
বছর দেড়েক আগে গাজীপুর সাফারি পার্ক থেকে রাতের আঁধারে উধাও হয়ে যায় দুটি ‘রিং-টেইলড লেমুর’। তদন্তের জাল বুনে শেষ পর্যন্ত জানা গেল আন্তর্জাতিক পাচারকারীদের হাত ঘুরে প্রায় ৪৮ লাখ রুপিতে প্রাণী দুটির ঠাঁই হয় ভারতের গুজরাটে আম্বানি পরিবারের নিয়ন্ত্রণে থাকা ‘বনতারা’ নামে রেসকিউ সেন্টারে।
কিন্তু কী এমন জাদু আছে এই লেমুরের, যার জন্য চোরাকারবারিদের নজর তার ওপর? আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক মায়াবী দ্বীপ মাদাগাস্কার। এই দ্বীপ ছাড়া পৃথিবীর আর কোথাও প্রাকৃতিক পরিবেশে এই রিং-টেইলড লেমুরের দেখা মেলে না। শরীর ধূসর হলেও সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো এদের প্রকাণ্ড লম্বা লেজ, যেখানে আঁকা থাকে কালো আর সাদার নিখুঁত বলয়। লেজের এই অদ্ভুত রিংয়ের কারণেই এদের এমন নামকরণ।
প্রকৃতির কোলে এদের সংখ্যা দিন দিন কমে আসায় আন্তর্জাতিক কালোবাজারে এর চাহিদা আর দাম আকাশছোঁয়া।
লেমুরের দল শাসিত হয় রানীদের দ্বারা, অর্থাৎ এরা পুরোদস্তুর মাতৃতান্ত্রিক। আর নিজেদের এলাকা দখল কিংবা ক্ষমতার লড়াইয়ে এরা কোনো রক্তপাত ঘটায় না; বরং লেজে বিশেষ ধরনের গন্ধ মেখে বাতাসে যুদ্ধ ছড়ায়, যার নাম ‘স্মেল ফাইট’!



