একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথম পত্
দ্বিতীয় অধ্যায়: ভেক্টর
- জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

ছবি: আগামীর সময়
১. স্কেলার রাশি কাকে বলে?
উত্তর: যেসব রাশির শুধু মান আছে, কিন্তু দিক নেই, তাদের স্কেলার রাশি বা অদিক রাশি বলে। যেমন— দৈর্ঘ্য, ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, ঘনত্ব, বিভব, তাপ, তাপমাত্রা, জনসংখ্যা, দ্রুতি ইত্যাদি স্কেলার রাশি।
২. ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর: যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদের ভেক্টর রাশি, দিক রাশি বা সদিক রাশি বলে। সংক্ষেপে ভেক্টর বলা হয়। যেমন— সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, ঘূর্ণন বল, কৌণিক ভরবেগ, তলভেক্টর ইত্যাদি ভেক্টর রাশি।
৩. বল কী?
উত্তর: যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা করাতে চায়, তাকে বল বলে। বল একটি ভেক্টর রাশি।
৪. বলের ভ্রামক বা ঘূর্ণন বল বা টর্ক কাকে বলে?
উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর এবং বস্তুকণার ওপর প্রযুক্ত বল এর ভেক্টর গুণফলকে (ক্রস গুণনকে) ঘূর্ণন বল বা টর্ক বলে।
৫. কৌণিক ভরবেগ কী?
উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগ এর ভেক্টর গুণফলকে (ক্রস গুণন) কৌণিক ভরবেগ বলে।
৬. তল ভেক্টর কাকে বলে?
উত্তর: একই আবর্তে (ডানাবর্তে বা বামাবর্তে) কোনো রেখা টেনে স্বল্পাংশে একটু তল চিহ্নিত করলে এই তলকে ভেক্টর মনে করা যায়। একে তল ভেক্টর বলে।
৭. একক ভেক্টর কী?
উত্তর: যে ভেক্টরের মান এক একক, তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে উক্ত ভেক্টরের দিকে এবং সমান্তরালে একটি একক ভেক্টর পাওয়া যায়।
৮. শূন্য ভেক্টর কী?
উত্তর: যে ভেক্টরের অবস্থান আছে, কিন্তু মান শূন্য, তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি সমান ভেক্টর বিয়োগ করে অথবা একটি ভেক্টরের সঙ্গে তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর যোগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়।



