নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ

গ্রাফিকস: আগামীর সময়
নিউমোনিয়া মূলত ফুসফুসের সংক্রমণ, যেখানে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ ও তরল জমে শ্বাসপ্রশ্বাসে সমস্যা তৈরি করে। শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই রোগে বেশি আক্রান্ত হন।
অনেক সময় সাধারণ সর্দি-কাশি ভেবে নিউমোনিয়াকে অবহেলা করা হয়। ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যায়। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই রোগ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই প্রাথমিক লক্ষণগুলো জেনে রাখা জরুরি।
যেসব লক্ষণে সতর্ক হবেন
· কয়েক দিন ধরে চলতে থাকা কাশি, কখনো কফসহ
· জ্বর, কাঁপুনি ও শরীর ব্যথা
· শ্বাস নিতে কষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া
· শ্বাস নিলে বা কাশলে বুকে ব্যথা অনুভব
· অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
· ক্ষুধামান্দ্য ও অস্বস্তি
শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা
· বুকের নিচের অংশ শ্বাস নেওয়ার সময় ভেতরে দেবে যাওয়া
· খুব দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাসে শাঁ শাঁ শব্দ
· খেতে না চাওয়া, নিস্তেজ হয়ে পড়া বা বারবার বমি করা
শ্বাসকষ্ট বেড়ে গেলে, ঠোঁট বা নখ নীলচে হয়ে গেলে অথবা রোগী নিস্তেজ হয়ে পড়লে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। মনে রাখবেন, নিউমোনিয়া সময়মতো চিকিৎসা পেলে সম্পূর্ণ সেরে ওঠে। তাই প্রাথমিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।
লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম



