স্বাস্থ্য টিপস
কিডনি সুস্থ রাখার উপায়

গ্রাফিকস: আগামীর সময়
কিডনি শরীরের রক্ত পরিশোধিত করে দূষিত বর্জ্য প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এটি হরমোন-ইরাইথ্রোপায়েটিন তৈরি করে, যা শরীরের রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ। কিডনি শরীরের পানি, খনিজ ও রাসায়নিক পদার্থের ভারসাম্য রক্ষা করে এবং হাড়ের সুরক্ষায় ভিটামিন-ডি সক্রিয় করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, ইনফেকশন বা ব্যথানাশক ওষুধের অপব্যবহার কিডনি বিকল হওয়ার মূল কারণ। এ ছাড়া বংশগত কিডনি রোগ, যেমন— পলিসিস্টিকও দীর্ঘমেয়াদি কিডনি রোগের কারণ।
কিডনি রোগের লক্ষণ
শরীরে পানি আসা, প্রস্রাব কমে যাওয়া ও রঙ পরিবর্তন, বারবার প্রস্রাব হওয়া, ক্ষুধামান্দ্য, রক্তশূন্যতা, চামড়ায় চুলকানি, প্রস্রাবে জ্বালাপোড়া এবং হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া।
কিডনি ভালো রাখতে করণীয়
নিয়ন্ত্রণ: ডায়াবেটিস HbA1c ৭-এর নিচে এবং রক্তচাপ ১৩০/৮০-এর নিচে রাখার চেষ্টা করুন।
সতর্কতা: ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাবেন না। ডায়রিয়া বা রক্তক্ষরণ হলে দ্রুত চিকিৎসা নিন। প্রোস্টেট বা পাথরের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
জীবনযাপন: ধূমপান বর্জন , ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন।
খাদ্যাভ্যাস: প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন, লবণ কম খান এবং কোমলপানীয় এড়িয়ে চলুন। খাবারে প্রচুর শাকসবজি, পরিমিত মাছ, ডিম ও চর্বিহীন মাংস রাখুন।
স্ক্রিনিং: বয়স ৪০ পার হলে বছরে অন্তত একবার রক্ত ও প্রস্রাব পরীক্ষা (S. Urea, Creatinine, Urine R/E ও ACR) করান।
লেখক : অধ্যাপক, মেডিসিন বিভাগ, আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা।



