আমার কাজের ধারাকে ‘স্কুল অব মনির’ বলা হয়

ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন
প্রথম অ-স্পেনীয় নাগরিক হিসেবে পেয়েছেন স্পেনের রাষ্ট্রীয় পদক। সে দেশের সর্বোচ্চ বেসামরিক পদকেও ভূষিত হয়েছেন তিনি। একুশে পদকজয়ী স্পেনপ্রবাসী শিল্পী মনিরুল ইসলামের বর্ণাঢ্য জীবনের মুখোমুখি হয়েছেন আগামীর সময়ের আর্ট অ্যান্ড গ্রাফিকসের প্রধান দেওয়ান আতিকুর রহমান ও ওমর শাহেদ।
আপনি কীভাবে ছবি আঁকেন?
আমার উদ্দেশ্য হলো লোকাল ম্যাটেরিয়ালে কাজ করা। বহু সারফেসে আমি ছবি অঁাকি। কার্টন বক্সে অঁাকি। নিজে রঙ তৈরি করি। টিউব ব্যবহার করি কম। চক পাউডার, দোলের রঙ ইত্যাদি ব্যবহার করি। স্পেনে দুই বছর ফ্রেস্কো করেছি। রিয়েল ফ্রেস্কো কিন্তু এখন কেউ করে না। আমি বাইরে কোনোদিন করিনি। কারণ, এটি খুব ব্যয়বহুল, তা মানুষ করাতে চায় না। বাংলাদেশে তো হবেই না। আসল ফ্রেস্কো আছে অজন্তা-ইলোরাতে। এগুলো পিগমেন্ট, যেগুলোর রঙ যায় না কখনো। ইটের গুঁড়া, রেড অক্সাইড কালারগুলো মুছে যায় না। এগুলোতে ছবি ফ্রেশ লাগে। ওই রঙের ছবি এক মাস পানিতে চুবিয়ে ওঠালে একই থাকে। কিন্তু কেমিক্যাল রঙ সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায়।
মা-বাবা ছবি অাঁকাকে কীভাবে দেখতেন?
আমার বাবা (ইউসুফ আলী) বলতেন, এসব হারাম। মা (রওশন আরা বেগম) অবশ্য সবসময় সমর্থন দিতেন। ফলে ছবি আঁকতাম। অদ্ভুত বিষয় হলো, আমার ও হাশেম খানের— দুজনের বাবা ছিলেন সরকারি চাকরিজীবী ও স্যানিটারি ইন্সপেক্টর। তাদের নামও ছিল এক। সমরজিৎ রায়চৌধুরীর বাবাও ছিলেন একই পেশার।
আপনারা ভাইবোন কতজন?
৯ জন। আমার জন্ম ১৭ আগস্ট, ১৯৪৩ সালে জামালপুরের ইসলামপুরে। কিন্তু জীবনের প্রথম ২২ বছর কাটিয়েছি কিশোরগঞ্জে। আমাদের পৈতৃক বাড়ি চাঁদপুরে। আমি ম্যাট্রিক দিয়েছি কিশোরগঞ্জের রামানন্দ হাই স্কুল (বর্তমানে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়) থেকে। সেখানে ফেল করেছি। আসলে লেখাপড়া করতাম না করার মতোই। আমরা ছিলাম ঢাকা বোর্ডের অধীনে। সাতটি বিষয় ছিল— অঙ্ক, বাংলা, ইংরেজি, উর্দু, স্বাস্থ্য, ইতিহাস ও জিওগ্রাফি। ম্যাট্রিকে ফেল করার পর চাঁদপুরে এসেছি। ওখানে আবার ডিজঅ্যালাউড হয়েছি। তারপর তৃতীয়বারে ম্যাট্রিক পাস করছি।
কোন স্কুল থেকে?
চাঁদপুরের হাসান আলী উচ্চবিদ্যালয় থেকে। এখানে নামকরা স্থপতি সামসুল ওয়ারেস ছিল আমার ক্লাস ফ্রেন্ড। আমাদের দুজনের বাসা কাছাকাছি ছিল। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তখন থেকেই সে খুব লেখাপড়া করত। স্থাপত্যের অন্যতম সেরা শিক্ষক সে। আর্টের ওপরও লেখে। তার ওপর একটি বিরাট বই বের করেছেন স্থপতিরা। আমাদের আর্টিস্টরা আর্টিস্টদের তো বই বের করবে না কোনোদিনই!
স্কুলে পড়ার সময়ই আর্ট কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা ছিল?
না। ওই সময়ে চারুকলা একটি বিরাট প্রতিষ্ঠান; ঢাকাভিত্তিক, ধনীর ছেলেরা বা মেয়েরা ওখানে পড়ে— এমন গুজব ছিল। আমি পড়তে এসে দেখলাম— না, গরিবের ছেলেরাই বেশি। মেয়েরা অবশ্য ধনী পরিবারের সন্তান। তারা গাড়িতে করে আসত। আমাকে আর্ট কলেজের কথা প্রথম বলেছিলেন রামানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র। খুব ছিমছাম মানুষ ছিলেন। তার মধ্যে শিল্পবোধ ছিল। আমাদের স্কুলের একটি দেয়াল পত্রিকা ছিল। প্রতি মাসে নানা ধরনের সাহিত্য, কবিতা, গল্প একটি বোর্ডে পেস্ট করে দিত। সেটির ওপরের পেপারের ডিজাইনটি আমি করতাম। মনে হতো বিরাট সৌভাগ্যের জন্য কাজটি করতে পারছি। আমার খুব আনন্দ লাগত। কার্টুন এঁকে দিতাম। তখন তো আমি ছবি অঁাকা কারও কাছে শিখিনি। নিজে নিজে অাঁকতাম। এটি ৭০ বছর আগের কথা। ওই সময়ে রিকশার ছবি আর মাঝেমধ্যে ‘রংমহল’ ও ‘মনিমঙ্গল’ সিনেমা হলের সিনেমার ব্যানার— ওগুলোই মনে করতাম রিয়েল আর্ট।
ম্যাট্রিক পাসের পর কী করলেন?
বাপ তো আশা ছেড়ে দিয়েছিলেন। পাস করার পর আমাকে ইলেকট্রিশিয়ান বানাতে চেয়েছিলেন। আমার ওপর তার আস্থা ছিল না। ভাবতেন, ‘আমার ছেলে দুবার ফেল করেছে। করবে কী জীবনে?’ বেত দিয়ে মারতেন। এখন বুঝি মারতেন কেন? ম্যাট্রিকের টেস্টের রাতেও আমি ছবি এঁকেছি একটি রিকশার। অয়েল পেইন্ট। অয়েল মানে ল্যাকার পেইন্ট। তখন তো চিনতাম না। ভাবতাম, এ বড় একটি অফার। বিনা পয়সায় আমার পেছনে ঘুরে কাজটি করিয়ে নিয়েছে। এটি ফিল্মফেয়ার থেকে মীনা কুমারীর ছবি ছিল। তিনি বসে আছেন বীণা নিয়ে।
চারুকলায় ভর্তি হলেন কীভাবে?
ঢাকায় এসে ভয়ে ভয়ে পরীক্ষা দিলাম। ফেলের স্বাদ তো নিয়ে এসেছি। এখানেও যদি ফেল করি, জীবন শেষ হয়ে যাবে! তখন তো আর্ট কলেজে এত ছাত্রছাত্রী পড়তে আসত না। আমরা ৫০ থেকে ৬০ জন পরীক্ষা দিলাম। তার মধ্যে ৪০ জনকে ভর্তি করাত। ভর্তি পরীক্ষায় আমাদের মাটির পট পেনসিল দিয়ে অঁাকতে হলো। আমি তো অবাক। আর্ট কলেজে এসে এটি পরীক্ষার সাবজেক্ট? মনে হয়েছিল, অন্য কিছু দেবে। আমি তো আসলে আর্টিস্ট হয়ে ঢুকেছি। রিকশা পেইন্ট করেছি, থিয়েটারের উইংস করেছি, সাইনবোর্ড লিখেছি। তারপর রেজাল্টে ওয়েটিং লিস্টে জায়গা পেলাম। পরে চান্স পেলাম। টেকার পর যে আনন্দ হলো, সেটি বলার মতো নয়। এখানে না টিকলে আত্মহত্যার মতো অবস্থা হতো আমার।
স্কলারশিপ শেষ হওয়ার পর আমার দেশ স্বাধীন হলো। স্কলারশিপ রিনিউ করলাম ও জানালাম, আমি আর পাকিস্তানি নই। তখন তারা বলল, ‘তাহলে কিন্তু তুমি আর টাকা পাবে না।’ বললাম, আমার টাকার দরকার নেই
চারুকলার কোনো প্রিয় শিক্ষকের কথা মনে পড়ে?
আবেদিন (জয়নুল আবেদিন) স্যার আমাকে খুব পছন্দ করতেন। আমি সেকেন্ড ইয়ারে একটি ওয়াটার কালার করছিলাম। খুব প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘দিজ ইজ দ্য কারেক্ট ওয়ে অব ওয়াটার কালার।’ শিক্ষক হিসেবে মুস্তাফা মনোয়ারকে পেয়েছিলাম। তিনিও ভালো শিক্ষক। তার মৃত্যুর পর একটি স্মৃতিচারণা লিখেছি— ‘আমার শেষ শিক্ষক হারালাম।’ তার কাছ থেকে প্রচুর শিখেছি। তার আউটলুক ছিল আলাদা ধরনের। তরুণ্যে ভরপুর ছিলেন। জলরঙে অসাধারণ কাজ করতেন। কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের স্বর্ণপদকজয়ী ছাত্র ছিলেন। আগে তো খুব কঠোরভাবে শিক্ষকরা পড়াতেন। তিনি এসে পুরো প্রক্রিয়াটি ভেঙেছেন। স্যার বলতেন, ‘জলরঙ তো কবিতা। রঙের ধর্ম আছে— ট্রান্সপারেন্ট।’ অল্প কাজে অনেক কিছু কীভাবে বলতে হয়, তা তিনি আমাদের শেখাতেন।
আর্ট কলেজে আপনি খুব ভালো ছাত্র ছিলেন।
আমি ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ফার্স্ট ক্লাস পেয়েছি। ছাত্র ভালো ছিলাম; কারণ, আমাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হতো। যদি থিওরি থাকত, ইতিহাস পড়তে হতো, তাহলে বরবাদ হয়ে যেত! আমি আসলে শ্রমিকের মতো কাজ করতাম। বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীতে আমার ৪০টি ছবি জায়গা পেয়েছিল।
এত ছবি?
রোজ দুটি ছবি অঁাকতাম। চাঁদপুরে গেলে একগাদা ওয়াটার কালার ছবি নিয়ে ঢাকায় ফিরতাম। তখন ছবি অঁাকার নেশা ছিল। লঞ্চে বসেও ছবি এঁকেছি— পেনসিল স্কেচ। লঞ্চে, সব স্টেশনে কামলারা বসে থাকেন। এরা তো একভাবেই থাকেন; অঁাকতে সুবিধা। হাজার হাজার ছবি এঁকেছি আমি এক জায়গায় বসে। ঢাকায় কাঁঠালবাগানে মামার বাসায় থাকতাম। সকালে রুটি, লাল চিনির চা খেয়ে সাইকেল চালিয়ে চলে যেতাম রায়েরবাজারে। তখন তো কয়েকটি মাত্র ভবন ছিল। রায়েরবাজার দূর থেকেও দেখা যেত। সকালে একটি ওয়াটার কালার করতাম। আবার সাইকেলে আর্ট কলেজে ফিরতাম। রোজ দুটি-তিনটি ছবি আঁকা হতো। ম্যাটেরিয়াল ছিল কার্টিস পেপার। রঙটি ছিল উইনসরের; ভালো রঙ। তখন ভারতীয় কোনো কাগজও পাওয়া যেত না। এখনো, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশে ছবি আঁকার নিজস্ব কোনো কাগজ নেই।
পাস করার পর জীবিকা বাছাই করলেন কীভাবে?
১৯৬৬ সালে পাস করলাম। তখন আর্টিস্টের চাকরিকে একটু লোভনীয় করলেন মনোয়ার স্যার। আমাদের অনেককে নিয়ে তিনি বিটিভিতে ইন্ট্রোডিউস করেছেন। এর আগে এত আর্টিস্ট ছিল না ওখানে। সেট ডিজাইন ইত্যাদি করার প্রচুর কাজ ছিল। আমি আবেদিন স্যারের বাসায় যেতাম। বাসায় যাওয়ার পর স্যার একদিন বললেন, ‘করবেটা কী?’ বললাম, ‘স্যার, আমি তো ছবি দেখতে চাই। কী করব?’ তিনি বললেন, ‘তোমার তো কাজ আছে। অন্য পেশায় গেলে তিন গুণ বেতন পাবে। আর্ট কলেজে চাকরি করলে ২০০ টাকা। তুমি যেমন ছবি অঁাকো, একমাত্র শিক্ষকতা পেশায় এলে অঁাকার সময় পাবে।’ বললাম, ‘আমি শিক্ষকতা পেশায় আসতে চাই।’ তারপর আমাকে একদিন আর্ট কলেজে ডেকে ক্লাসে ঢুকিয়ে বললেন, ‘মনিরুল ইসলাম সাহেব, আপনি এদের খেয়াল করবেন। ইউ আর দ্য টিচার অব দিজ ক্লাস।’ তিনি নিজেই আমার নিয়োগপত্র তৈরি করে দিলেন। তার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত আমি শিক্ষকতা পেশায় থাকি।
কেমন ছিল শিক্ষকতার জীবন?
১৯৬৬ সাল থেকে তিন বছর আমি চারুকলার শিক্ষক ছিলাম। ছবি আঁকাতে ছাত্রছাত্রীদের বাইরে নিয়ে যেতাম। আমার শিক্ষার্থীদের মধ্যে লুলু (সাঈদা কামাল) মারা গেছে কদিন আগে, সে সুফিয়া কামালের মেয়ে। অলকেশ (অলকেশ ঘোষ), চন্দ্রশেখর (চন্দ্রশেখর সাহা) এখন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। মনসুর (মনসুর উল করিম) মারা গেছে। নাজলী (নাজলী লায়লা মনসুর) আছে। তারা আমার ফার্স্ট ব্যাচের। ওদের সঙ্গে নিয়ে মিরপুর বা রায়েরবাজারে গিয়ে ছবি আঁকতাম। আমার ছবি হলে তারাও দেখত। ছাত্রদের আমি বন্ধুর মতো দেখেছি, গুরুর মতো নয়। আমার ছাত্রছাত্রীদের সব ব্যাচই ভালো ছিল। হাবিব (কাজী হাসান হাবিব) ছিল ভালো পেইন্টার, ভেরি প্রমিজিং। সে মারা গেছে অনেক আগে। ওদের দুই বছর ক্লাস নিয়েছি। পুরো ব্যাচ খুব অ্যাকটিভ এবং ভেরি ক্রিয়েটিভ ছিল। শাহাবুদ্দিন (শাহাবুদ্দিন আহমেদ) ছিল আমার এক দিনের ছাত্র। সে প্যারিসে আছে। সে মাঝেমধ্যে বলে, ‘স্যার, আপনি আমার এক দিনের একটি ক্লাস নিয়েছেন।’ সে সময়ের শিক্ষকদের মধ্যে আমি, রফিকুন নবী, হাশেম খান— আমরা তিনজনই তো বেঁচে আছি। আমার ৮৫ বছর বয়স, হাশেম খানেরও তাই, রফিকুন নবীর ৮৩। শিক্ষকতা জীবন আমার খুবই ভালো কেটেছে।
স্পেনে গেলেন কীভাবে?
তখন ১৯৬৯ সাল। এখানে যুদ্ধের আবহ। একদিন আর্ট কলেজে দাঁড়িয়ে রফিকুন নবী আমাকে বলল, ‘কী মনির, স্পেন যাবেন নাকি?’ তখন আমি অ্যানার্জেটিক; ২২ বছর বা ২৩ বছর বয়স। পাকিস্তানিরা এই স্কলারশিপগুলো পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। আর আমাদের সাত দিন বা ১০ দিন আগে জানাত, যাতে আমরা যেতে না পারি। এটি ৯ মাসের একটি শিক্ষাবৃত্তি। আমি কাগজপত্র তৈরি করে আবেদনপত্র পাঠিয়ে দিলাম। এরপর এর কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন একটি টেলিগ্রাম এলো— এক সপ্তাহের মধ্যে স্পেনে যেতে হবে। তারা টিকিট পাঠিয়ে দিল। তারপর চলে গেলাম। আমার ছাত্রছাত্রীরা এয়ারপোর্টে আমাকে বিদায় জানাতে এসেছিল।
সেখানে শুরুতে জীবনসংগ্রাম কেমন ছিল?
স্পেনে একটি ইন্টারন্যাশনাল হোস্টেলে ৭০টি দেশের বিদেশিরা একত্রে থাকতাম। আমার বৃত্তি ছিল মাসে ৩০ ডলার। আমি বেস্ট ইন দ্য ক্লাস অনারেবল সার্টিফিকেট পুরস্কারও পেয়েছিলাম। কোনোদিনই না খেয়ে থাকিনি। আর্থিক অনটনও বুঝিনি। স্কলারশিপ শেষ হওয়ার পর আমার দেশ স্বাধীন হলো। স্কলারশিপ রিনিউ করলাম ও জানালাম, আমি আর পাকিস্তানি নই। তখন তারা বলল, ‘তাহলে কিন্তু তুমি আর টাকা পাবে না।’ বললাম, আমার টাকার দরকার নেই। স্পেন-জীবনের শুরুর দিকে আশপাশের সাবজেক্ট নিয়ে রিয়েলিস্টিক ছবি অঁাকতাম। আমার ক্লায়েন্ট ছিল কিছু ডাক্তার। তারা ছবি কিনত। এভাবেই আমার চলে যেত।
বিদেশে বসে মুক্তিযুদ্ধের দিনগুলোতে কী ভাবতেন?
যুদ্ধের সব খবরাখবরই পেতাম। নিয়মিত ‘হেরাল্ড ট্রিবিউন’, ‘টাইম’সহ কয়েকটি পত্রিকা পড়তাম। বাংলাদেশে বসে তখন যেসব খবর পাওয়া যেত, আমি স্পেনে তার চেয়ে বেশি যুদ্ধের খবর পেতাম। আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চিত্রকর্মের প্রদর্শনী করেছিলাম আমার এচিং দিয়ে।
এচিংয়ের সঙ্গে পরিচয় কীভাবে?
হোস্টেলে আমার রুমমেট ছিল একজন ফিলিপিনো ছেলে। নাম বীরখিলিও আবিয়াদো। ডাকনাম পান্ডি। এখন সে ফিলিপিন মিউজিয়ামে কাজ করে। আমরা দুজন একটি রুম শেয়ার করতাম। সে এচিং করত। ওই প্রথম আমি এচিং দেখি। এত কালারফুল এচিং জিন্দেগিতে দেখিনি। এতটুকু, এই টেলিফোন সাইজের মিনিয়েচার। এত ভালো লাগল। রঙিন, রিলিফ— এত ফ্রেশ। অদ্ভুত মনে হলো। পান্ডি আমার মুখের দিকে চেয়ে বলল, ‘এচিং করবে? তুমি শিখবে?’ বললাম, ‘অফকোর্স।’ পরের দিন কয়েকটি পাতলা প্লেট কিনলাম। তারপর তার কাছ থেকে শিখে নিলাম, কীভাবে এচিং করতে হয়। আমার স্কুলে একটি মেশিন ছিল। মেশিনে কাজ করতে করতে একটু মজা পেয়ে গেলাম। ভালোই লাগত। এটি একটি টেকনিক্যাল মাধ্যম। এই মাধ্যমে আমি প্রচুর কাজ করেছি।
আপনি তো স্পেনে বিখ্যাত শিল্পী।
বিখ্যাত বলব না। তবে আমার আর্ট সার্কেল বহু বছরের। অ-স্প্যানিশ নাগরিক হিসেবে আমিই প্রথম স্পেনের রাষ্ট্রীয় পদক ‘ক্যালকোগ্রাফিয়া ন্যাসিওনাল অ্যাওয়ার্ড’ পেয়েছি, ১৯৯৭ সালে। শিল্পকলায় অবদানের জন্য স্পেন সরকার ২০১০ সালে আমাকে সিভিল অ্যাওয়ার্ড ‘দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইসাবেলা’ সম্মাননা দিয়েছে। ২০১৮ সালে পেয়েছি ‘রয়েল স্প্যানিশ অর্ডার অব মেরিট’ পদক। আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘স্যার’ উপাধি পেয়েছি। এটি সে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশে পেয়েছি একুশে পদক।
‘স্কুল অব মনির’ সম্পর্কে জানতে চাই।
এচিং মিডিয়াটি একটু কাঠখোট্টা, একটু ড্রাই। মানে সলিড সব মেথড। একে তেল, জলরঙের মতো কীভাবে করা এবং এডিশন নেওয়া যায়, এ জন্য আমি কাজ করি। এচিং আসলে গ্রাফিক অার্টের অন্তর্ভুক্ত। আমি স্পেনে প্রচুর ওয়ার্কশপ করিয়েছি। আমার ছাত্ররা এক্সিবিশন করে বার্সেলোনায়, গয়া মিউজিয়ামে। ১৫ দিনের ওয়ার্কশপও আমি করাই। সেখানে প্রফেসররা আসেন। আমার কাজের ধারা, নিজস্ব শৈলী ও কৌশলকে ‘স্কুল অব মনির’ বলা হয়।
স্পেনের মাদ্রিদে আপনার বাড়ি আছে?
আমার একটি পুরনো ফ্ল্যাট আছে। সেটি উন্নত ও অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায়। একদম শহরের জিরো পয়েন্টে, যেখানে মেয়র অফিস। সেখানে দুটি প্যালেস। আমি যেটিতে থাকি, সেটি শতবর্ষ পুরনো বাসা। আমার ফ্ল্যাট চারতলায়। আমার বাড়িতে পেইন্টার শহীদ কবিরও গিয়েছিল। সে তো স্কলারশিপ নিয়ে যায়নি। আমার কাজ করত, আমি টাকা দিতাম। স্কলারশিপ ছাড়া বিদেশে একদিনও থাকা যাবে না। সেখানে যে কস্ট, নোবডি উইল হেল্প ইউ।
আপনার ব্যক্তিগত জীবন?
আমার স্ত্রী স্প্যানিশ চিত্রশিল্পী। তার নাম মেলা ফেররের। আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমার ছেলে আরমান ইসলাম ফেররের। সেও স্পেনে থাকে।
(১৪
নভেম্বর, ২০২৬;
ধানমন্ডি, ঢাকা)




