ঢাকার প্রথম আধুনিক হাসপাতাল

মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। ১৯০৪ সালে ফ্রিটজ ক্যাপের তোলা ছবি
উনিশ শতকের গোড়ার কথা। বুড়িগঙ্গার তীরঘেঁষা ঢাকা শহরে তখন আধুনিক চিকিৎসাসেবা বলতে তেমন কিছুই ছিল না। ১৮২০-এর দশকে শহরে ভয়াবহ কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। চিকিৎসার অভাবে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ প্রাণ হারাচ্ছিলেন। সাধারণ মানুষের এ চরম অসহায়ত্ব ও মৃত্যুর মিছিল গভীরভাবে ব্যথিত করেছিল তৎকালীন ঢাকার কালেক্টর ও প্রাদেশিক আপিল আদালতের বিচারক রবার্ট মিটফোর্ডকে। বিদেশি প্রশাসক হয়েও ঢাকাবাসীর প্রতি তার মমত্ববোধ জন্ম দেয় এক ঐতিহাসিক মানবিক উদ্যোগের।
মিটফোর্ড শুধু ব্যথিত হয়েই থেমে থাকেননি। ১৮৩৬ সালে মৃত্যুর আগে তিনি তার ব্যক্তিগত সম্পত্তির সিংহভাগ ঢাকাবাসীর জনকল্যাণ ও দাতব্য কাজের জন্য বাংলা সরকারের নামে উইল করে যান। উত্তরাধিকারীদের সঙ্গে আইনি জটিলতা কাটিয়ে সরকারের হাতে আসে প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা (মতান্তরে ১ লাখ ৭৭ হাজার)। এ বিপুল অনুদানের ভিত্তিতেই ১৮৫২ সালের ৪ অক্টোবর লর্ড ডালহৌসি ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের নির্বাহী আদেশ দেন। বাবুবাজারের পাকুড়তলা এলাকায়, ছোট কাটরার কাছে বুড়িগঙ্গার তীরে পুরনো ওলন্দাজ কুঠির জায়গায় শুরু হয় নির্মাণকাজ। অবশেষে ১৮৫৮ সালের ১ মে দুটি পুরুষ ও একটি নারী ওয়ার্ডে ৯২টি শয্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকার প্রথম আধুনিক চিকিৎসাকেন্দ্র—‘মিটফোর্ড হাসপাতাল’।
মিটফোর্ডের রোপণ করা সেই মানবিক বীজকে পরে মহীরুহে রূপ দেন তৎকালীন বাংলার দানবীর, জমিদার ও দেশীয় রাজারা। ১৮৭৫ সালে এই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে যাত্রা শুরু করে এ অঞ্চলের প্রথম চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ঢাকা মেডিকেল স্কুল’। ১৮৮৯ সালে ১৬ জন দেশীয় রাজা ও সমাজসেবকের অনুদানে নির্মিত হয় স্কুলটির সুদৃশ্য অ্যাকাডেমিক ভবন, যা পুরান ঢাকার স্থাপত্যঐতিহ্যেরও এক অনন্য নিদর্শন।
হাসপাতালের আধুনিকায়নে বিশেষ অবদান রাখেন ঢাকার নবাব আহসানউল্লাহ এবং ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায়। ১৮৮২ সালে তাদের যৌথ অনুদানে নারীদের চিকিৎসার জন্য গড়ে ওঠে স্বতন্ত্র নারী ওয়ার্ড। এরপর ১৮৮৮-৮৯ সালে নবাব আহসানউল্লাহ লেডি ডাফরিন হাসপাতাল নির্মাণে আরও ৫০ হাজার টাকা দান করেন। অন্যদিকে ১৮৮৯-৯০ সালে ভাগ্যকুলের রাজা শ্রীনাথ রায় মায়ের স্মৃতিরক্ষার্থে ৩ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক চক্ষু বিভাগ প্রতিষ্ঠা করেন।
কালের পরিক্রমায় ১৯৬২ সালে ঢাকা মেডিকেল স্কুলকে মেডিকেল কলেজে রূপান্তর করে নাম রাখা হয় ‘মিটফোর্ড মেডিকেল কলেজ’। পরের বছর, ১৯৬৩ সালে, শিক্ষা ও জনকল্যাণে ঢাকার নবাব পরিবারের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এর নাম বদলে রাখা হয় ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ’। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে উন্নীত হয়। দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে আজও পুরান ঢাকার বুকে ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল’ ঢাকাবাসীর চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার জীবন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে।



