ডেটা অ্যানালিস্টদের এখন অনেক চাহিদা

এ পেশায় ব্যবসায়িক প্রেক্ষাপট বোঝার সক্ষমতাও গুরুত্বপূর্ণ; মডেল: ফারজিন জামান খান; ছবি: সাজ্জাদ হোসেন
ডেটাকে বলা হচ্ছে একুশ শতকের অন্যতম মূল্যবান সম্পদ। প্রতিষ্ঠানগুলো অনুমানের বদলে তথ্য-উপাত্তনির্ভর সিদ্ধান্তের দিকে ঝুঁকছে। তাই বাড়ছে ডেটা অ্যানালিস্টদের চাহিদা। এই পেশায় ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দিয়েছেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সেলিম মিঞা
একজন ডেটা অ্যানালিস্টের মূল কাজ হলো বিভিন্ন উৎস থেকে পাওয়া উপাত্তগুলোকে গুছিয়ে ও বিশ্লেষণ করে অর্থপূর্ণ তথ্যে রূপান্তর করা। বাজারে গ্রাহকের কেনাকাটার ধরন, ব্যবসায়িক ঘাটতি, বিক্রির ওঠানামা কিংবা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণের মাধ্যমে তিনি প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি তৈরি করেন। সহজ ভিজ্যুয়াল ও প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করা হয়, যাতে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
তবে এই পেশা শুধু ডেটা নিয়ে কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। ডেটাকে ব্যবহারের মাধ্যমে কীভাবে ব্যবসায়িক সমস্যা চিহ্নিত ও সমাধান করা যায়, সেটিই একজন ডেটা অ্যানালিস্টের মূল দায়িত্ব। এ জন্য বিশ্লেষণের পাশাপাশি ব্যবসায়িক প্রেক্ষাপট বোঝার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
শুরুতে যে দক্ষতা প্রয়োজন
ডেটা অ্যানালিটিকসে প্রবেশের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন এক্সেলে দক্ষতা, বিশেষ করে বিভিন্ন ফর্মুলা, ডেটা সাজানো, বিশ্লেষণ এবং উপাত্ত উপস্থাপনের মৌলিক বিষয় ভালোভাবে আয়ত্ত করা। পাশাপাশি গড়, মধ্যক, শতাংশের পরিবর্তন, প্রবৃদ্ধির হারসহ প্রাথমিক পরিসংখ্যানও জানা জরুরি।
এরপর শেখা দরকার এসকিউএল। বিভিন্ন ডেটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য নিংড়ে নিয়ে বিশ্লেষণের জন্য এসকিউএল একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। এর সঙ্গে গুগল কিংবা সংশ্লিষ্ট অ্যানালিটিকস টুল থেকে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের অভিজ্ঞতাও কাজে আসে।
সবশেষে ডেটা উপস্থাপনের জন্য পাওয়ার বিআই, লুকার স্টুডিওর মতো ভিজ্যুয়ালাইজেশন টুল শেখা যেতে পারে। ছয় মাসের প্রাথমিক প্রস্তুতিতে এক্সেল ও বেসিক স্ট্যাটিস্টিকস, এরপর এসকিউএল, ডেটা অ্যানালিটিকস এবং ভিজ্যুয়ালাইজেশন— এই ধারায় এগোলে এই পেশায় একটি শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব।
নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা জরুরি কি না
ডেটা অ্যানালিস্ট হতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়। কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান বা গণিতের শিক্ষার্থীরা যেমন এ পেশায় আসতে পারেন, তেমনি সামাজিক বিজ্ঞানসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও সুযোগ রয়েছে।
মূল বিষয় হলো, কী কাজ করতে হবে এবং সেই কাজের জন্য কোন কোন টুল প্রয়োজন— তা বুঝতে পারা। কারণ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সবসময় কর্মক্ষেত্রের নির্দিষ্ট কাজ শেখায় না। কর্মক্ষেত্রে এসে বাস্তব কাজের মাধ্যমে অনেক দক্ষতা অর্জন করতে হয়।
যৌক্তিক বিশ্লেষণের গুরুত্ব
ডেটা অ্যানালিটিকসে কারিগরি দক্ষতার পাশাপাশি যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক বা পারস্পরিক প্রভাব রয়েছে কি না, সেটি বুঝতে বিশ্লেষণী চিন্তার প্রয়োজন হয়।
একজন ডেটা অ্যানালিস্টকে শুধু ‘কী ঘটেছে’— তা জানলেই হবে না; বরং কেন ঘটেছে, এর পেছনে কোন কারণ কাজ করেছে এবং সেই তথ্য থেকে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে— এসব প্রশ্নের উত্তরও খুঁজতে হয়। তাই যৌক্তিক বিশ্লেষণ ও সমস্যা সমাধানের আগ্রহ থাকলে এই পেশার কাজ বোঝা সহজ হয়।
সিভিতে যা থাকবে
ডেটা অ্যানালিটিকসে আগ্রহের কথা শুধু সিভিতে উল্লেখ করাই যথেষ্ট নয়। সাম্প্রতিক সময়ে কী শিখেছেন, কোন টুল ব্যবহার করেছেন এবং সেই শেখা কীভাবে বাস্তব কাজে প্রয়োগ করেছেন— এসবের প্রমাণ থাকাও প্রয়োজন।
একটি ভালো পোর্টফোলিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্মুক্ত ডেটাসেট নিয়ে করা ছোট প্রকল্প, তৈরি করা ড্যাশবোর্ড কিংবা কোনো ডেটা থেকে বের করা ব্যবসায়িক দূরদর্শিতাও সিভির সঙ্গে উপস্থাপন করা যেতে পারে।
শুধু একটি অনলাইন কোর্স সম্পন্ন করার চেয়ে শেখা বিষয় দিয়ে কোনো বাস্তব সমস্যা বিশ্লেষণ করে দেখাতে পারলে প্রার্থীর ব্যবহারিক দক্ষতা সম্পর্কে নিয়োগদাতার ইতিবাচক ধারণা তৈরি হয়।
ব্যবসার প্রবৃদ্ধিতে ডেটার ভূমিকা
একটি প্রতিষ্ঠান কোন পর্যায়ে রয়েছে, গত ছয় মাসে এর কী পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে কোথায় পৌঁছতে চায়— এসব প্রশ্নের উত্তর খুঁজতে ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো প্রতিষ্ঠানের আয় বাড়ছে নাকি কমছে, লাভ হচ্ছে নাকি লোকসান— এসব পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে, তা বিশ্লেষণ করাও ডেটা অ্যানালিস্টের কাজের অংশ।
ধরা যাক, কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট পণ্যের বিক্রি অন্যগুলোর তুলনায় বেশি। ডেটা বিশ্লেষণের মাধ্যমে সেই প্রবণতা শনাক্ত করা যেতে পারে। এরপর কেন পণ্যটি ভালো করছে এবং একই ধরনের কৌশল অন্য পণ্যের ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ সংখ্যাকে শুধু উপাত্ত হিসেবে না দেখে সেখান থেকে ব্যবসার জন্য কার্যকর তথ্য বের করে আনাই ডেটা অ্যানালিটিকসের মূল উদ্দেশ্য। তাই এ পেশায় সফল হতে আগে থেকে এসব বিষয়ে স্বচ্ছ ধারণা রাখা এবং সেই অনুযায়ী দক্ষতা অর্জন করা ভালো।



