নদীর মায়ায়

পাবনার কাছে পদ্মা নদী। ছবি: লেখক
শীতকালে বাংলাদেশের নদী ও নদীঘেঁষা জনপদ ঘুরে দেখার মজাই আলাদা। নদীপ্রেমীদের সঙ্গে এমন নানা গন্তব্যের পরিচয় করিয়ে দিচ্ছেন ইনতিয়াজ মাহমুদ
নদীপথে দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা থেকে নদীর সঙ্গে আমার গভীর সংযোগ। দেশের একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নদীপথ ধরে ভ্রমণ করেছি। এ দীর্ঘযাত্রায় নদীকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। নদীর দুই পাশের জনপদ, মানুষের জীবনযাপন, প্রকৃতির পরিবর্তন— সবকিছুই ভ্রমণের অংশ ছিল।
শীতকালে নদী দেখতে যাওয়ার পরামর্শ দেওয়ার সময় আমি শুধু সুন্দর দৃশ্যের কথা ভাবি না; বরং নদী ঘিরে যে বিস্তৃত জীবন ও প্রকৃতি রয়েছে, সেটিও দেখার কথা বলি।
শীতের কথা ভাবলে প্রথমেই আমার মাথায় আসে উত্তরবঙ্গের কথা। এ অঞ্চলের শীতের সঙ্গে একটা আলাদা আবহ জড়িয়ে আছে। ধান কাটা, পিঠাপুলি, খেজুরের রস— সব মিলিয়ে সেখানে শীত যেন একধরনের উৎসব। নদী আর শীত একসঙ্গে দেখতে চাইলে আমার প্রথম পছন্দ হবে লালমনিরহাট ও রংপুর অঞ্চলে তিস্তা নদীর আশপাশ। শীতকালে তিস্তার অনেকটা অংশ শুকিয়ে যায়। নদীর তখন একেবারে ভিন্ন একটা রূপ দেখা যায়। বিশাল নদীর বুক জুড়ে বালুচর, কোথাও অল্প পানি, কোথাও বিস্তীর্ণ শুকনো অংশ। নদীর এই পরিবর্তিত রূপের সঙ্গে আশপাশের গ্রামীণ জীবনও উপভোগ করার মতো। পঞ্চগড়ের মহানন্দা নদীও মনোযোগ কাড়বে আপনার।
আরেকটি চমৎকার জায়গা হতে পারে বান্দরবান ও রাঙামাটি অঞ্চলের কর্ণফুলী নদী। শীতকালে পাহাড়গুলো কুয়াশায় ঢাকা থাকে। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী— দৃশ্যটা অসাধারণ। কর্ণফুলীতে সাধারণত খুব বড় ঢেউ থাকে না। ফলে পাহাড় আর নদীর সম্মিলিত সৌন্দর্য উপভোগ করার জন্য শীতকাল দারুণ সময়। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শীতের কর্ণফুলী খুব সুন্দর একটি গন্তব্য হতে পারে। শীতে সাঙ্গু, মাতামুহুরী বা চেঙ্গির মতো অন্য পাহাড়ি নদীগুলোর জন্য আলাদা সময় রাখতে পারেন।
শরীয়তপুর ও পদ্মার আশপাশের অঞ্চল দেখতে পারেন। শীতকালে পদ্মার ওপর প্রচুর কুয়াশা পড়ে। নদীটি অনেক প্রশস্ত হওয়ায় কুয়াশার প্রভাবও সেখানে বেশ অন্যরকম। কখনো কখনো সকাল গড়িয়ে দুপুর ১২টা বেজে গেলেও মনে হয় যেন ভোর ৫টা-৬টা বাজছে। চারপাশে একটা ধূসর আবহ তৈরি হয়।
চাঁদপুরের নদী ও মোহনাও ঘুরে দেখার মতো। গরমকালে কিংবা বর্ষায় মোহনার দিকে ঢেউ অনেক বেশি থাকে। ছোট ডিঙি নৌকা নিয়ে নদীর ভেতরে যেতে অনেকের ভয় লাগতে পারে। কিন্তু শীতকালে পানি তুলনামূলক শান্ত থাকে। কেউ যদি মোহনার একেবারে কাছে গিয়ে দিগন্তজোড়া পানি দেখতে চান, তাহলে এ সময়টা ভালো হতে পারে। তবে নৌভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
সিলেট-ময়মনসিংহ অঞ্চলের নদীগুলো আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। সুরমা ও কুশিয়ারা নদীর আশপাশ এলাকায় শীতকালে অন্যরকম সৌন্দর্য তৈরি হয়। নদীগুলো অনেক জায়গায় শান্ত, সরু ও আঁকাবাঁকা। দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। শীতের সময় এসব মাঠে ফসলের সমারোহ থাকে। নদী আর কৃষিজীবনের এ মেলবন্ধন দেখতে ভালো লাগে।
সুন্দরবনের আশপাশের ছোট-বড় নদীগুলো আমি নিজেই শীতকালে ঘুরে দেখতে চাই। পশুর নদসহ ওই অঞ্চলের নদীগুলো অন্য জায়গার তুলনায় বেশ আলাদা অভিজ্ঞতা দিতে পারে বলে মনে হয়। একদিকে সুন্দরবন, অন্যদিকে নদী— প্রাকৃতিক পরিবেশটা নিশ্চয়ই ভিন্নরকম। তেমনি দক্ষিণাঞ্চলের ধানসিঁড়ি, কীর্তনখোলা, পায়রা, আন্ধারমানিক, বিষখালীর মতো নদীগুলোও এ সময় চমৎকার গন্তব্য।
জামালপুর ও গাইবান্ধার মধ্যবর্তী ব্রহ্মপুত্রের চরাঞ্চল আমার কাছে খুব আকর্ষণীয়। ব্রহ্মপুত্রের বুকে অনেক বড় বড় চর রয়েছে। কোনো কোনো চর এত বড় যে, সেখানে একটি ইউনিয়ন পর্যন্ত গড়ে উঠেছে। নদীটি বিভিন্ন শাখায় ভাগ হয়ে এসব চর ঘিরে রেখেছে। শীতে নদীতীরের চরগুলোয় মহিষ চরাতে যান রাখালরা। একেকটি দলে সাত-আটজন মানুষ থাকে। তারা মহিষের পাল নিয়ে এক চর থেকে আরেক চরে যান। চারদিকে বিস্তীর্ণ চর, ঘাসের মাঠ আর তার মধ্যে মহিষের পাল— দৃশ্যটা খুবই অন্যরকম।
জামালপুরের কিছু এলাকা থেকে এসব চরে সহজেই যাওয়া যায়। গাইবান্ধার দিক থেকেও এমন অনেক চর ঘুরে দেখা সম্ভব। গাইবান্ধার সাঘাটা ও বগুড়ার কাছাকাছি সারিয়াকান্দি অঞ্চলেও একই ধরনের নদী ও চরভূমির দৃশ্য পাওয়া যায়।
আমার মনে হয়, জনপ্রিয় পর্যটনকেন্দ্রের বাইরে থাকা জায়গাগুলো ঘুরে দেখার আলাদা আনন্দ আছে। যেসব জায়গায় পর্যটকদের যাতায়াত কম, সেগুলোতে প্রকৃতির পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রা ও আতিথেয়তা কাছ থেকে দেখা যায়। পর্যটকদের আনাগোনায় অভ্যস্ত নয়, এমন কোনো গ্রামে গেলে মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতাও ভিন্ন হয়।
আমি ব্যক্তিগতভাবে গুগল ম্যাপ দেখে অপরিচিত কোনো জায়গা খুঁজে বের করতে পছন্দ করি। কোথাও নদী দেখা যাচ্ছে, আশপাশে সবুজ প্রকৃতি আছে— এমন কিছু চোখে পড়লে সেখানে যাওয়ার চেষ্টা করি। জায়গাটি কেমন, কীভাবে সেখানে পৌঁছানো যায়, স্থানীয় মানুষের জীবন কেমন— এসব জানার মধ্যে একটা রোমাঞ্চ আছে। অনেক সময় এই অপরিচিত জায়গাগুলোই ভ্রমণের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হয়ে ওঠে।
পাবনার আশপাশে পদ্মার যে অংশটি রয়েছে, সেটি আমার খুব পছন্দের। যেকোনো ঋতুতেই পদ্মার ওই অংশ দেখতে ভালো লাগে। তবে নদী দেখতে চাইলে আমি ব্যক্তিগতভাবে তিস্তার আশপাশে যেতে চাইব।





