বাংলাদেশের ঐতিহ্য ভ্রমণ

ইতিহাস ও ঐতিহ্য টানে এলিজা বিনতে এলাহীকে। সেই আগ্রহ থেকেই তিনি ছুটতে থাকেন দেশ-বিদেশে। পাঠকদের আজ পরিচয় করিয়ে দিচ্ছেন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রত্নস্থলের সঙ্গে
বাহাদুর শাহ পার্ক, ঢাকা
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সম্রাট বাহাদুর শাহ পার্ক প্রায় দেড়শ বছর আগের বহু ঘটনার সাক্ষী। এখানে রয়েছে ঢাকার একমাত্র অবেলিস্ক আকৃতির স্মৃতিস্তম্ভ। ঢাকার নবাব আবদুল গনির নাতি খাজা হাফিজুল্লাহর মৃত্যুর পর নবাবের ইংরেজ বন্ধুরা চাঁদা তুলে তার স্মৃতি রক্ষার্থে ১৮৮৪ সালে এই স্মৃতিফলক স্থাপন করেন।
বাহাদুর শাহ পার্ক সংস্কারের সময় অবেলিস্কটিও সংস্কার করা হয়।
ভরত ভায়না সংঘারাম, কেশবপুর, যশোর
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আজ পর্যন্ত আবিষ্কৃত স্থাপনার মধ্যে সবচেয়ে পুরনো স্থাপনা এই সংঘারাম, যার স্থাপনকাল ধরে নেওয়া হয় পঞ্চম শতক, মতান্তরে সপ্তম থেকে অষ্টম শতক। বিশ্বপর্যটক হিউয়েন সাং প্রাচীন বাংলা ভ্রমণের সময় তার ভ্রমণগ্রন্থে মোট ৩০টি সংঘারামের কথা উল্লেখ করেন। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না এমনই একটি সংঘারাম। খুলনা-যশোর সীমান্তে কেশবপুর উপজেলার ভদ্রা নদীর পশ্চিম তীরে ভরত ভায়না গ্রাম।
সংঘারাম আসলে ঠিক বৌদ্ধবিহার নয়, বৌদ্ধভিক্ষুদের আবাসস্থলকে সংঘারাম বলা হয়। দূর থেকে দেখলে পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো মনে হয়।
নগর কসবা, মিরকাদিম, বিক্রমপুর
শ্রীবিক্রমপুর ছিল বাংলার প্রাচীন রাজধানী, যা একসময় ‘রামপাল’ নামেও পরিচিত ছিল। বিজয় সেনের পুত্র বল্লাল সেন, বল্লাল সেনের পুত্র লক্ষ্মণ সেন, লক্ষ্মণ সেনের পুত্র বিশ্বরূপ সেন এবং বিশ্বরূপ সেনের পুত্র কেশব সেনের সময়ও বঙ্গের রাজধানী বিক্রমপুর ছিল।
বিক্রমপুরের মিরকাদিম পৌরসভার অলিগলি ঘুরতে ঘুরতেই জানলাম নগর কসবার কথা। পুরো এলাকাটা আমার কাছে পানাম নগরের মতো মনে হলো— শহরের মধ্যে আরেকটি শহর। কিছু কিছু বাড়ির গায়ে ‘নগর কসবা’ লেখা আছে। অনেক ভবনের দেয়ালে বা ফটকে দেখতে পাই বণিকদের নাম। রাস্তার দুপাশে কারুকার্যময় ইমারতের কিছু অক্ষত, কিছু ধ্বংসপ্রায়, আবার কিছু সংস্কার করা হয়েছে। কসবা সুলতানি আমলের প্রশাসনিক কেন্দ্র। সে সময় জেলাকে কসবা বলা হতো। মোগল আমলে অধিকাংশ কসবাই আগের গুরুত্ব হারিয়ে ফেলে; কিন্তু বিক্রমপুরের এই কসবা গড়ে ওঠে উনিশ শতকের শেষ দিকে ঔপনিবেশিক আমলে। বণিকরা এখানে গড়ে তোলেন বসতবাড়ি।
দ্য ল্যান্ড অব কুইন, নাটোর
‘দ্য ল্যান্ড অব কুইন’— শুনলেই মনে হয় বিদেশ-বিভুঁইয়ের আলাপ করছি। একদমই তা নয়; বলছি আমাদের নাটোর জেলার কথা। এটি নাটোর জেলার ব্র্যান্ডিং স্লোগান। বাংলায় লেখা হয় ‘রাজসিক নাটোর’— এটিও সুন্দর। আর এই রাজসিক নাটোরের এক উজ্জ্বল রত্ন রানী ভবানী!
নাটোর, নাটোর রাজবংশ কিংবা রানী ভবানী— এই তিনটি শব্দ প্রায় সমার্থক। তাই নাটোরের কথা বলতে হলে রানী ভবানীর কথা অনায়াসেই চলে আসে। ‘অর্ধবঙ্গেশ্বরী’— হ্যাঁ, আঠারো শতকে রানী ভবানীকে এই নামেই ডাকা হতো। প্রায় অর্ধেক বাংলা যিনি শাসন করেছেন দারুণ দক্ষতার সঙ্গে। নাটোরের রাজা রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী রাজ্য পরিচালনার দায়িত্ব পান ১৭৪৮ খ্রিস্টাব্দে।
মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য প্রাসাদের মতোই নাটোর রাজবাড়িতে প্রবেশের জন্য রয়েছে দীর্ঘ পথ, যার দুপাশে অত্যন্ত যত্নে গড়ে তোলা বোতল পামগাছের সারি। নাটোর রাজপরিবারের প্রকৃত প্রতিষ্ঠাতা রামজীবন নাটোরেই স্থাপন করেছিলেন তার প্রশাসনিক কেন্দ্র এবং সেই সঙ্গে নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ, দীঘি, মন্দির এবং ফল ও ফুলের বাগান।
রানী ভবানীর দত্তকপুত্র মহারাজা রামকৃষ্ণ রায় পরে জমিদারি লাভ করেন। রাজা রামকৃষ্ণের সময়ে বিশাল নাটোর রাজ্য পরিণত হয় ক্ষুদ্র জমিদারিতে। রাজা রামকৃষ্ণের দুই পুত্র— বিশ্বনাথ ও শিবনাথ। এই সময় থেকেই জমিদারি দুই তরফে ভাগ হয়। আপনি এখন নাটোর ভ্রমণে গেলে দুই তরফের মূল প্রাসাদ, কাছারি, গেস্টরুম, রঙমহল, গার্ডদের ভবন, মালামাল রাখার ঘর ও নানা ধরনের মন্দির দেখতে পাবেন।
সুবর্ণগ্রামের সমাধিসৌধ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ের পূর্বনাম ছিল সুবর্ণগ্রাম। আর সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সমাধি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশে সুলতানি আমলের টিকে থাকা অন্যতম প্রাচীন সৌধ। প্রস্তর নির্মিত শবাধারসংবলিত এ সমাধিসৌধ সোনারগাঁয়ের শাহচিল্লাপুরে অবস্থিত এবং বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সমাধি বলে কথিত।
উনিশ শতকের ষাটের দশকে ঢাকার সিভিল সার্জন ও লেখক জেমস ওয়াইজের বর্ণনামতে, এটি আগে প্রস্তরস্তম্ভ দ্বারা বেষ্টিত ছিল। বর্তমানে এ অলংকরণ শুধু পূর্ব পার্শ্বে দৃশ্যমান। সমাধিটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। স্থানীয় জনশ্রুতিমতে, এটি ১৪০৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণকারী সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সমাধি। ঢাকা থেকে খুব সহজেই শাহচিল্লাপুর গ্রামে অবস্থিত এই সমাধিতে যাওয়া যায়। বর্তমানে সমাধি চত্বরের চারদিকে সীমানাপ্রাচীর দেওয়া আছে।
ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী পর্যটকদের জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে আছে অসংখ্য অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন দেখতে চাইলে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সংলগ্ন খানজাহান আলীর মাজার হতে পারে দারুণ গন্তব্য। পূর্বাঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে কুমিল্লার শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও কোটিলা মুড়া প্রাচীন বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে। এ ছাড়া ঢাকার অদূরে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে আড়াই হাজার বছরের প্রাচীন নগরসভ্যতার নিদর্শন এবং পুরান ঢাকার লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল মোগল ও নবাবি আমলের গৌরবময় স্মৃতি বহন করছে। পরিকল্পিত ভ্রমণে এই ঐতিহাসিক স্থানগুলো আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে বাংলার হাজার বছরের সোনালি অতীতে।





