রেসিপি
সাত্ত্বিক আহার

পূজায় সাত্ত্বিক আহার পায় বিশেষ গুরুত্ব। ঘরে বসেই তৈরি করা যায় এমন তিন পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন অসিত কর্মকার
মোচার পাতুরি
উপকরণ: মোচা (সিদ্ধ করে চটকানো) ২ কাপ, নারিকেল কোরা আধা কাপ, সাদা ও কালো সরষে বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ বা স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, সরষের তেল ৩-৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, কলাপাতা ৪-৫ টুকরো এবং সুতা (বাঁধার জন্য) প্রয়োজনমতো।
প্রণালি: মোচার ভেতরের অংশ কুচিয়ে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ভালোভাবে নিংড়ে নিন। এবার হাত দিয়ে বা পাটায় হালকা চটকে নিতে হবে। চটকানো মোচার সঙ্গে নারিকেল কোরা, সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ ও ২ টেবিল চামচ সরষের তেল মিশিয়ে ভালোভাবে মেখে নিন। কলাপাতা ধুয়ে-মুছে তাওয়ায় বা আগুনে হালকা সেঁকে নরম করে নিতে হবে, যাতে মোড়ানোর সময় ফেটে না যায়। এরপর কলাপাতার ওপর ২-৩ চামচ মোচার মিশ্রণ রেখে একটি আস্ত কাঁচা মরিচ ও কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে চারপাশ থেকে মুড়ে সুতা দিয়ে বেঁধে নিন। চাটু বা ফ্রাইপ্যানে সামান্য সরষের তেল মাখিয়ে পাতুরির প্যাকেটগুলো সাজিয়ে ঢেকে একদম কম আঁচে ৮-১০ মিনিট রান্না করতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠ আরও ৬-৮ মিনিট সেঁকে নিন। কলাপাতা হালকা পোড়া পোড়া হয়ে সুগন্ধ বের হলে নামিয়ে সুতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।
সবজি খিচুড়ি
উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ, সোনা মুগডাল (হালকা ভাজা) আধা কাপ, পাঁচমিশালি সবজি (আলু, ফুলকপি, গাজর, পেঁপে, মিষ্টিকুমড়া, মটরশুঁটি ইত্যাদি) ২-৩ কাপ, পাঁচফোড়ন আধা চা-চামচ, তেজপাতা ২টি, শুকনো মরিচ ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, সরষের তেল বা সয়াবিন তেল ৩-৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো এবং গরম পানি ৪-৫ কাপ।
প্রণালি: প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল শুকনো কড়াইয়ে হালকা লালচে করে ভেজে ধুয়ে চালের সঙ্গে মিশিয়ে রাখুন। এরপর ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ ও হলুদ যোগে হালকা ভেজে তুলে রাখতে হবে। হাঁড়িতে বাকি তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে সামান্য পানি যোগে আদাবাটা, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া কষিয়ে নিন, যতক্ষণ না তেল ভেসে ওঠে। এবার চাল ও ডাল দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভেজে গরম পানি ও স্বাদমতো লবণ দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা সবজি ও কাঁচা মরিচ দিয়ে হাঁড়ি ঢেকে মাঝারি থেকে কম আঁচে রান্না করতে হবে। চাল, ডাল ও সবজি সিদ্ধ হয়ে খিচুড়ি মাখামাখা হলে গরম মসলা গুঁড়া ও ঘি ছড়িয়ে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন। গরম গরম সবজি খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে পরিবেশন করতে পারেন।
সবজি পোলাও
উপকরণ: কালিজিরা চাল (ধুয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে পানি ঝরানো) ২ কাপ, সবজি (গাজর, মটরশুঁটি, বরবটি, ফুলকপি ও আলু ছোট কিউব করে কাটা) ২ কাপ, ঘি ৩-৪ টেবিল চামচ, আদাবাটা ১ চা চামচ, আস্ত গরম মসলা (এলাচ ৩-৪টি, দারচিনি ২ টুকরো, লবঙ্গ ৪-৫টি ও তেজপাতা ২টি), কাঁচা মরিচ ৪-৫টি, ফুটন্ত গরম পানি ৪ কাপ এবং লবণ পরিমাণমতো।
প্রণালি: হাঁড়িতে ঘি মাঝারি আঁচে গরম করে তেজপাতা ও আস্ত গরম মসলা দিয়ে ফোড়ন দিতে হবে। সুগন্ধ বের হলে আদা বাটা দিয়ে ১-২ মিনিট কষিয়ে কেটে রাখা সবজি যোগ করুন। সবজিগুলো ৩-৪ মিনিট ভেজে পানি ঝরানো চাল দিয়ে আরও ৪-৫ মিনিট ভালোভাবে ভাজতে হবে। এবার ফুটন্ত গরম পানি ও পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে কাঁচা মরিচ ছড়িয়ে দিন। পানি ফুটে উঠলে হাঁড়ি ঢেকে আঁচ কমিয়ে রান্না করতে হবে। পানি শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে এলে আঁচ একদম কমিয়ে ১০-১৫ মিনিট দমে রাখুন। এ সময় ঢাকনা খোলা যাবে না। চাল সিদ্ধ হয়ে ঝরঝরে পোলাও তৈরি হলে চুলা থেকে নামিয়ে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।





