এক ঝলক

ছবি: ব্র্যান্ডগুলোর সৌজন্যে
নতুন অধ্যায়ে হাউস অব আহমেদ
নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা, নতুন ভাবনা— হেরিটেজ, কারুশিল্প ও সমকালীন নকশার সমন্বয়ে ২১ আগস্ট নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। রাজধানীর গুলশান-২-এর ভেঞ্চুরা মলে সাড়ে চার হাজার বর্গফুট জায়গা জুড়ে সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি তাদের চ্যাপ্টার টুতে প্রবেশ করেছে। এখানে পাওয়া যাচ্ছে এই ব্যান্ডের সব সংগ্রহ। ব্র্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা আহমেদ তুহিন রেজা জানালেন, মূলত বাংলাদেশের হেরিটেজ, কারুশিল্প ও সমকালীন নকশাকে আধুনিক লাক্সারির ভাষায় তুলে ধরতে চান তারা।
নারীর পোশাক নিয়ে এনটয়ইনের যাত্রা
নারীর জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এনটয়ইন। ১৯ আগস্ট রাজধানীর যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়। এনটয়ইনের সংগ্রহে রয়েছে ক্যাজুয়াল, পার্টি, অফিসওয়্যারসহ বিভিন্ন ধরনের পোশাক ও জুতা।
এতে সমসাময়িক নকশা, মানসম্মত কাপড় ও নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে আধুনিক নারীর রুচি ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া বিনতে হোসাইন জানালেন, ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অনলাইন থেকে অফলাইনে সরলা
এক দশকের অনলাইন সফলতার পর প্রথম আউটলেট উদ্বোধন করেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড সরলা।
সিগনেচার হ্যান্ডপেইন্টেড শাড়ি, ফ্লেক্সি ব্লাউজ, ব্লকপ্রিন্টের পোশাক ও ব্রাসের গয়না নিয়ে সাজানো এই আউটলেটের দেয়ালচিত্রে প্রকাশ পেয়েছে ব্র্যান্ডটির শুরুর দিনের স্মৃতি। ঠিকানা: ক-৩৪/২ (দ্বিতীয় তলা), স্কুল রোড, কালাচাঁদপুর, ঢাকা।








