রেসিপি
ঘরেই জমুক থাই স্বাদ

গ্রাফিকস: আগামীর সময়
থাই ফুডের স্বাদে আছে ঝাল, মিষ্টি, টক আর সুগন্ধের দারুণ মিশ্রণ। পরিচিত উপকরণে ঘরে তৈরি করা যায়, এমন তিনটি পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন অহনা বনিক
থাই রেড কারি চিকেন
উপকরণ: মুরগির মাংস (হাড় ছাড়া) ৫০০ গ্রাম, রেড কারি পেস্ট ৩-৪ টেবিল চামচ, ঘন নারিকেলের দুধ ৪০০ মিলিলিটার, চিকেন ব্রথ বা পানি ১ কাপ, গাজর পরিমাণমতো, ক্যাপসিকাম পরিমাণমতো, বিনস পরিমাণমতো, ফিশ সস ২ চা চামচ, ব্রাউন সুগার বা চিনি ১ চা চামচ, কাফির লেবুর পাতা ৪-৫টি, থাই তুলসী পাতা সামান্য, তেল ২ টেবিল চামচ।
প্রণালি: কড়াইতে তেল গরম করে রসুন কুচি হালকা ভেজে, রেড কারি পেস্ট দিয়ে দুয়েক মিনিট ভাজুন। এতে মাংসের টুকরো দিয়ে কারি পেস্টের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিন। মাংস সিদ্ধ হতে শুরু করলে নারিকেলের দুধ, চিকেন ব্রথ, ফিশ সস ও চিনি যোগ করুন। এরপর গাজর ও বিনস দিয়ে ৫-৭ মিনিট রান্না করতে হবে। সবশেষে ক্যাপসিকাম, কাফির লেবুর পাতা ও থাই তুলসী পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। হয়ে গেল থাই রেড কারি চিকেন। গরম ভাত বা জেসমিন রাইসের সঙ্গে পরিবেশন করুন।
থাই পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস
উপকরণ: পোলাও চাল ১ কাপ, পানি প্রয়োজনমতো, আনারস (ছোট কিউব করে কাটা) পৌনে ১ কাপ, ডিম ১টি, চিংড়ি ৮-১০টি, রসুন কুচি ১ টেবিল চামচ, গাজর কুচি সিকি কাপ, স্প্রিং অনিয়ন কুচি ২ টেবিল চামচ, কাজুবাদাম সিকি কাপ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সিজনিং সস ১ চা চামচ, চিনি ১ চা চামচ, চিকেন পাউডার ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: চাল ভালোভাবে ধুয়ে ভাত রান্না করে সম্পূর্ণ ঠান্ডা করুন। এরপর ২-৩ ঘণ্টা কিংবা সম্ভব হলে সারা রাত ফ্রিজে রাখুন। এবার প্যানে তেল গরম করে কাজুবাদাম ভেজে হালকা সোনালিরঙা হলে তুলে রাখুন। একই প্যানে রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ফেটানো ডিম ও চিংড়ি ভাজুন। এরপর গাজর ও স্প্রিং অনিয়ন যোগ করে মাঝারি-উচ্চ আঁচে ২-৩ মিনিট ভেজে আনারসের কিউব দিন। এবার এতে ঠান্ডা ভাত আলতোভাবে মিশিয়ে সিজনিং সস, চিনি, গোলমরিচ, চিকেন পাউডার ও লবণ যোগ করুন। ৩-৪ মিনিট রান্না করে নামানোর আগে ঘি, ভাজা কাজুবাদাম ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে হালকা মিশিয়ে নিন। হয়ে গেল সুস্বাদু থাই পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। গরম গরম পরিবেশন করুন।
থাই চিকেন উইংস
উপকরণ (মূল): চিকেন উইংস ৫০০ গ্রাম, থাই ফিশ সস দেড় টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, ডিম ১টি, তেল (ডুবো তেলে ভাজার জন্য) প্রয়োজনমতো।
উপকরণ (সস): থাই সুইট চিলি সস ৩ টেবিল চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ।
উপকরণ
(সাজানোর জন্য): সাদা তিল ও
স্প্রিং অনিয়ন পরিমাণমতো।
প্রণালি: প্রথমে চিকেন উইংস কাঁটাচামচ দিয়ে হালকা কেচে নিন। এরপর ফিশ সস, সয়া সস, আদা-রসুন বাটা, গোলমরিচ, চিনি ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট করুন। এবার উইংসে ডিম, কর্নফ্লাওয়ার ও ময়দা ভালোভাবে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ৮-১০ মিনিট উল্টেপাল্টে সোনালিরঙা ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। আরেকটি প্যানে সামান্য তেলে রসুন হালকা ভেজে সসের বাকি উপকরণ মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। সস ফুটে উঠলে আঁচ বন্ধ করে তাতে ভাজা উইংস দিয়ে ভালোভাবে মেশাতে হবে। সবশেষে সাদা তিল ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।






