রেসিপি
চেনা মাছে অচেনা স্বাদ

থাই স্টিম ফিশ
বাঙালির পাতে মাছ ছাড়া যেন জমেই না! তাই বিশ্ব জুড়ে পরিচিত ‘মাছে ভাতে বাঙালির’ জন্য তিনটি ভিন্নধর্মী রেসিপি দিয়েছেন এবং ছবি তুলেছেন নাদিয়া নাতাশা
ফিশ কেক
উপকরণ: মাছ (কাঁটাবিহীন) ৫০০ গ্রাম, আলু (মাঝারি আকারের) ৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ (কুচি করা) ২-৩টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, ধনেপাতা অথবা পার্সলে কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম্ব ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো।
প্রণালি: মাছ সিদ্ধ করে পানি ঝরিয়ে ভালোভাবে লবণ মেখে নিন। আলু সিদ্ধ করে চটকে রেখে দিন। এরপর একটি পাত্রে মাছ, আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, ধনেপাতা অথবা পার্সলে, গোলমরিচের গুঁড়া ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণ থেকে সমান আকারের গোল অথবা ডিম্বাকৃতির কেক তৈরি করুন। প্রথমে ময়দায়, এরপর ফেটানো ডিমে এবং সবশেষে ব্রেডক্রাম্বে জড়িয়ে নিন। কোটিং ভালোভাবে সেট করার জন্য ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর মাঝারি আঁচে গরম তেলে দুই পাশ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
পরিবেশন: টমেটো সস, মেয়োনিজ অথবা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশ কেক।
থাই স্টিম ফিশ
উপকরণ: মাছ (আস্ত, ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের) ১টি, রসুন কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১-২ টেবিল চামচ, লাল মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ প্রয়োজনমতো, আদা কুচি ১ চা চামচ, পানি অথবা ফিশ স্টক আধা কাপ, লেমন গ্রাস ২০ গ্রাম, গালাঙ্গাল ২০ গ্রাম।
প্রণালি: মাছ পরিষ্কার করে দুই পাশে কয়েকটি আলতো কাট দিন। এরপর সামান্য লবণ দিয়ে মাছটি ১০ মিনিট রেখে দিতে হবে। মাছের ওপরে ও ভেতরে আদা, ২ চা চামচ রসুন, লেমন গ্রাস, গালাঙ্গাল, ১ চা চামচ কাঁচা মরিচ ও লাল মরিচ দিন। স্টিমারে পানি গরম করে মাছটি ১৫-২০ মিনিট স্টিম করুন। মাছ বড় হলে আরও ৫ মিনিট সময় লাগতে পারে। আলাদা বাটিতে লেবুর রস, ফিশ সস, চিনি, বাকি রসুন, কাঁচা মরিচ, লাল মরিচ, ধনেপাতা ও পানি অথবা ফিশ স্টক ভালোভাবে মিশিয়ে থাই সস তৈরি করুন। মাছ সিদ্ধ হলে প্লেটে রাখা মাছের ওপর পুরো থাই সস ঢেলে দিন। এরপর আরও ২-৩ মিনিট স্টিম করলে সসের স্বাদ ও ফ্লেভার মাছের সঙ্গে ভালোভাবে মিশে যাবে।
পরিবেশন: পাতলা করে কাটা লেবু, শসা, ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।
ফিশ মুনিয়ের
উপকরণ: ফিশ ফিলেট ২ টুকরো, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ময়দা আধা কাপ, বাটার ৫০ গ্রাম, অলিভ অয়েল ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, পার্সলে অথবা ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১-২ টেবিল চামচ।
প্রণালি: ফিশ ফিলেট পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দুপাশে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। ফিলেটগুলো ময়দায় হালকা কোট করে অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন। প্যানে অলিভ অয়েল ও সামান্য বাটার গরম করে ফিশ ফিলেট দিন। দুই পাশ সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তবে ফিশ অতিরিক্ত শুকিয়ে ফেলবেন না। প্যান থেকে ফিশ তুলে একই প্যানে বাকি বাটার দিন। এতে রসুন ও পার্সলে অথবা ধনেপাতা দিয়ে অল্প নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে লেবুর রস যোগ করুন। বাটার গলে সুন্দর সস তৈরি হলে তা ফিশের ওপর ঢেলে দিন।
পরিবেশন: ফিশের নিচে বাটার-হার্ব বেবি পটেটো দিয়ে প্লেট সাজান। পাশে লেবুর স্লাইস, পার্সলে ও বাটার সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।








