সাগরের তীর থেকে

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। ছবি: মৌসুমী সিরাজ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছে অনন্য কিছু সমুদ্রসৈকত। সৈকতে ভ্রমণে আপনাদের সঙ্গে আছেন ফাহিম মাশরুর
কক্সবাজার
কক্সবাজারের মূল সৈকতের প্রধান তিনটি পয়েন্ট লাবণী, সুগন্ধা ও কলাতলী। এ ছাড়া ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ ধরে দক্ষিণে গেলে সবুজ পাহাড় ও উত্তাল সমুদ্রের মাঝখান দিয়ে একে একে মিলবে হিমছড়ির ঝরনা ও পাহাড়চূড়া, ইনানীর প্রবাল পাথরের সৈকত, পাটুয়ারটেক ও টেকনাফ। তবে অতিরিক্ত ভিড় ও উচ্চ ব্যয়ের বিষয়টি মাথায় রেখে ভ্রমণ পরিকল্পনা করুন।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ ‘নারিকেল জিঞ্জিরা’ খ্যাত সেন্টমার্টিন ও এর দক্ষিণে জোয়ারে বিচ্ছিন্ন হওয়া ছেঁড়া দ্বীপ। টেকনাফের দমদমিয়া ঘাট অথবা কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ বা ‘বারো আউলিয়া’ জাহাজে যাওয়া যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সীমিতসংখ্যক পর্যটক যাওয়ার অনুমতি থাকায় আগে থেকেই অনলাইনে ট্রাভেল পাস ও জাহাজের টিকিট নিশ্চিত করতে হবে। দ্বীপে ৩ হাজার থেকে ১০ হাজার টাকায় রিসোর্টে (ব্লু মেরিন, প্রাসাদ প্যারাডাইস, সায়রী, কোরাল ভিউ, নীল দিগন্তে, পান্না) রুম পাবেন।
পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়ায় ১৮ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতের একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আশপাশে রয়েছে গঙ্গামতির চর, লাল কাঁকড়ার চর, ফাতরার বন, লেবুর বন, ঝাউবন ও মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ৬-৭ ঘণ্টায় সরাসরি বাসে (নন-এসি ৭০০–৯০০ ও এসি ১,২০০–১,৮০০ টাকা) বা প্রাইভেট কারে যাওয়া যায়। এ ছাড়া সদরঘাট থেকে লঞ্চে বরিশাল বা পটুয়াখালী নেমে ২–৩ ঘণ্টায় পৌঁছানো সম্ভব। এখানে ২,০০০ থেকে ১২,০০০ টাকায় ভালো মানের হোটেল-রিসোর্ট (সিকদার রিসোর্ট, হোটেল গ্র্যাভিটি, কুয়াকাটা গ্র্যান্ড, খান প্যালেস, পর্যটন হলিডে হোমস) রয়েছে।
চট্টগ্রাম
বন্দরনগরী চট্টগ্রাম ও আশপাশে বেশ কয়েকটি বৈচিত্র্যময় সমুদ্রসৈকত রয়েছে। চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গাসৈকত। এর প্রশস্ত ওয়াকওয়ে, পাথরের বাঁধ এবং জাহাজ চলাচলের দৃশ্যসহ সূর্যাস্ত অত্যন্ত মনোরম।
আনোয়ারা উপজেলায় অবস্থিত ঝাউবনে ঘেরা দীর্ঘ ও নিরিবিলি সৈকত পারকি। কর্ণফুলী টানেল পার হয়ে পতেঙ্গা থেকে মাত্র ২০-২৫ মিনিটে এখানে যাওয়া যায়।




