চর-দ্বীপের পাঁচালি

ইকরামুল হাসান শাকিল
পাখিশুমারির সময় দক্ষিণের চরগুলো ঘুরে বেড়ানোর গল্পের পাশাপাশি পর্যটকদের জন্য চর ও দ্বীপ ভ্রমণের গাইডলাইন দিয়েছেন ইকরামুল হাসান শাকিল
দুদিন ধরে সাগরের বুকে ভেসে আছি ছোট্ট এক ট্রলারে। চারদিকে শুধু অন্তহীন নীল জল আর ঢেউয়ের খেলা। মাথার ওপর বিশাল আকাশ আর নিচের সমুদ্রের জল মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। কোথায় দিগন্ত শেষ আর কোথায় আকাশ শুরু, তা ঠাহর করার জো নেই। বাংলাদেশ বার্ড ক্লাবের আয়োজনে আমরা সাত সদস্যের একটি দল উপকূলীয় অতিথি পাখি গণনার উদ্দেশ্যে চার দিনের জন্য এসেছি। দলের অন্য সদস্যরা হলেন— ওবায়দুল হক, তারেক অণু, এম এ মুহিত, জিয়াউল হক, রিয়াসাদ সানভি এবং ভরত চিসিম।
আমাদের কাজটা বেশ রোমাঞ্চকর; কিন্তু ধৈর্যের। জোয়ার-ভাটায় যখন চরের বুক জেগে ওঠে, তখন আমাদের ট্রলার গিয়ে ভেড়ে সেই চরে। ছোট ডিঙি নৌকায় করে কাদামাটি আর বালুচর ভেঙে এগিয়ে যাই পাখির সন্ধানে। ক্যামেরা কাঁধে চারদিকে চোখ রাখি, কখন কোন পাখি উড়ে আসে, কোন চরে জটলা পাকায় তার হিসাব রাখি। প্রতিটি প্রজাতির পাখি গুনি, নোটবুকে টুকে নিই আর ফ্রেমে বন্দি করি তাদের ডানার ছটফটানি। চার দিনের এই কোস্টাল বার্ড সার্ভেতে আমরা মোট ৩৬ প্রজাতির প্রায় ২০ হাজার ৮৩৬টি জলচর পাখির উপস্থিতি ও তথ্য সফলভাবে লিপিবদ্ধ করি। আমাদের এই বিশাল পাখি গণনার তালিকায় নানা জাতের মাছরাঙা, সুইচুড়ার, হিমালয়ান গ্রিধিনীর পাশাপাশি যুক্ত হয়েছে ঝাঁকে ঝাঁকে শীতের দুর্লভ অতিথি।
এই দুই দিনে গভীর সমুদ্রে জাল ফেলা জেলেদের ট্রলারের পাশ দিয়েই আমরা ভেসে চলেছি। মাঝেমধ্যে তাদের সঙ্গে কথা হয়, আর সাগরের বুক থেকেই তাজা ইলিশ সংগ্রহ করি। সেই ইলিশ ট্রলারের ছোট্ট উনুনে ভরতদার জাদুকরী হাতে রান্না হয়।
রক্তিম গোধূলি যখন পশ্চিম আকাশে সিঁদুর ছড়াল, তখন আমাদের ট্রলারটি গিয়ে ভিড়ল ভোলা জেলার বিখ্যাত বদ্বীপ ‘চর কুকরি-মুকরি’র পাশে। মুহূর্তের মধ্যে রাতের গাঢ় অন্ধকার এসে চারপাশ ঢেকে দিল। দিনের কোলাহল থামিয়ে প্রকৃতি তখন এক গভীর নীরবতায় ঢেকে গেছে। আমরা কজন আর স্থির থাকতে পারলাম না। ট্রলার থেকে নেমে ছোট্ট ডিঙি নৌকাটি চরের কাদায় ভেড়াতেই পা রাখলাম চর কুকরি-মুকরির মাটিতে। একটু হেঁটে আমরা এসে পৌঁছালাম চর কুকরি-মুকরির প্রাণকেন্দ্র স্থানীয় বাজারে।
সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর বাজারে তখন মানুষের বেশ আনাগোনা। জেলেরা জাল গুটিয়ে ফিরছে, দোকানপাটে মৃদু আলো জ্বলছে, আর লোকজনের গানে-গল্পে জমে উঠেছে আড্ডা। কেউ টিভিতে সিনেমা দেখছে, কেউবা মেতে উঠেছে জমজমাট আড্ডায়। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই টেবিলে এসে হাজির হলো গরম গরম নিমকি, মুচমুচে জিলাপি আর সুস্বাদু পেঁয়াজু। বাজারে ঘণ্টাখানেক কাটিয়ে, মানুষের সেই সরল হাসিমুখ আর উষ্ণ আতিথেয়তা মাথায় নিয়ে আমরা আবার ডিঙি নৌকায় চেপে ট্রলারে ফিরে এলাম। রাতে ট্রলারের ডেকের ওপর স্লিপিং ব্যাগে ঢুকে জলের মৃদু দোলানিতে ঘুমিয়ে পড়লাম।
ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবার আমাদের ট্রলারের ইঞ্জিন স্টার্ট নিল। চর কুকরি-মুকরির সবুজ বন আর উপকূলের খাল ও নদীর পাশ দিয়ে আমাদের ট্রলার চলছে। ট্রলারের এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত শুধু ক্যামেরার ‘ক্লিক ক্লিক’ শব্দ। এ সফরে আমরা আরও ঘুরে বেড়াই চরমন্তাজ, আন্ডার চর, সোনার চর, সার্সা চর, চরমানিকা, চরলক্ষ্মীতে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপগুলো এককথায় প্রকৃতির অপূর্ব বিস্ময়। পর্যটকদের জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপ, ভোলার সবুজ বনায়নঘেরা চর কুকরি-মুকরি, নোয়াখালীর নিঝুম দ্বীপ, কক্সবাজারের পাহাড়ি ও প্যারাবনসমৃদ্ধ মহেশখালী ও সোনাদিয়া দ্বীপ এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকত ও সংলগ্ন ফাতরার বন, লাল চর ও সুন্দরবনের কাছাকাছি চরাঞ্চল বিশেষভাবে উল্লেখযোগ্য।
সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সাগর শান্ত থাকায় এবং শীতের পরিযায়ী পাখির দেখা মেলায় এসব দ্বীপ ও চরে ভ্রমণের উপযুক্ত সময়; আর চরাঞ্চল সহজে ঘুরে দেখতে হলে স্থানীয় নৌকা বা ট্রলারের ব্যবস্থা করার পাশাপাশি জোয়ার-ভাটার হিসাব জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। যাত্রার আগে আবহাওয়ার পূর্বাভাস ও সংরক্ষিত বনাঞ্চল বা দ্বীপের প্রচলিত নিয়মকানুন যাচাই করুন। নৌযাত্রায় লাইফ জ্যাকেট পরুন, পর্যাপ্ত সুতির কাপড় ও খাবার পানি সঙ্গে রাখুন এবং চরের সংবেদনশীল পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য না ফেলে ও পাখি বা বন্যপ্রাণীর খুব কাছে না গিয়ে দায়িত্বশীলভাবে ভ্রমণ করুন।





