ছাত্র আন্দোলনে নেপালের দেউবা ক্ষমতাচ্যুত হননি

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ফাইল ছবি
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা দেশে ফিরলেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে আগামীর সময়ের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তখনকার ক্ষমতাসীন কমিউনিস্ট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি—শের বাহাদুর দেউবা নন।
দেউবা ৫ বার নেপালের ক্ষমতায় ছিলেন। সর্বশেষ ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কর্তৃক সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে নেপালের সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করে। এরপর আদালতের নির্দেশে দেউবা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ২০২২ সালের নভেম্বরে তার সরকার দেশে সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নির্বাচনের পর ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বিমত হওয়ায় পুষ্প কমল দাহাল (প্রচণ্ড) তার নির্বাচনী জোট থেকে বের হয়ে যান। ফলে ২৬ ডিসেম্বর ২০২২-এ দেউবার পঞ্চম মেয়াদের অবসান ঘটে।
মূল কাঠমান্ডু পোস্টের আসল সংবাদ
দেশীয় এসব প্রতিবেদনে মূল সূত্র হিসেবে ‘কাঠমান্ডু পোস্ট’ (The Kathmandu Post)-এর নাম উল্লেখ করা হলেও, অনুসন্ধানে দেখা যায় কাঠমান্ডু পোস্টের মূল সংবাদের শিরোনাম ছিল একেবারেই ভিন্ন। পত্রিকাটির আসল শিরোনাম ছিল— ‘Deuba returns to Nepal after nearly five months abroad’ (প্রায় পাঁচ মাস বিদেশে থাকার পর নেপালে ফিরলেন দেউবা)।
নেপালি কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা চিকিৎসা শেষে বিদেশ থেকে দেশে ফেরাকে কেন্দ্র করেই খবরটি প্রকাশ করেছিল কাঠমান্ডু পোস্ট। তবে আজ দেশীয় বেশ কিছু সংবাদমাধ্যমগুলো সংবাদের শিরোনাম ও ভেতরের লেখায় দেউবাকে ‘ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত’ হিসেবে ভুলভাবে উপস্থাপন করে। পরবর্তীতে বিভ্রান্তিকর এই ভুলটি নজরে আসার পর সংবাদমাধ্যমগুলো তাদের নিউজের শিরোনাম ও ভিতরের লেখা পরিবর্তন করে দেয়।
রাজনৈতিক প্রেক্ষাপট ও মূল ঘটনা
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নেপালে জেন-জি (Gen-Z) শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ওই আন্দোলনের সময়েই সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা হামলার শিকার হয়ে আহত হন এবং পরবর্তীতে দীর্ঘ পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন।
অতএব, নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বলে আজ দেশীয় সংবাদমাধ্যমে প্রচারিত তথ্যটি ভুল ও বিভ্রান্তিকর। মূলত ২০২৫ সালের আন্দোলনে পদচ্যুত হয়েছিলেন কে পি শর্মা ওলি। কাঠমান্ডু পোস্টের চিকিৎসা শেষে দেউবার দেশে ফেরার সংবাদটির ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে সংবাদমাধ্যমগুলো সংশোধন করে নিয়েছে।





