সাভারে আওয়ামী লীগ নেতা তুষারকে হত্যার দাবির সত্যতা কী

ছবি: আগামীর সময়
সম্প্রতি একাধিক সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়— ‘সাভারের আওয়ামী লীগ নেতা তুষারকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে বিএনপির নামধারী সন্ত্রাসীরা। হে আল্লাহ এই জালিমদের হাত থেকে রক্ষা করুন।’
তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটির মূল উৎস ভারতের গুজরাটের সুরাট শহর। সাভারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আসল ঘটনা ও গণমাধ্যমের প্রতিবেদন
ভিডিওটির স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফুটেজটির মূল উৎস পাওয়া যায় ভারতীয় সংবাদ মাধ্যম ‘ভাস্কর ইংলিশ’ এবং ‘এনডিটিভি ইন্ডিয়া’-র প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটিতে ভারতের সুরাটের ভেসতান এলাকার ভীমনগর সরস্বতী আবাস মন্দিরের কাছে ৫ আগস্ট বিকেলে ঘটে যাওয়া ৩৯ বছর বয়সী সতীশ মারাঠার হত্যাকাণ্ডের ঘটনা দেখা যায়। পুলিশ জানিয়েছে, মারাঠাকে তলোয়ার ও
দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার বুক ও মুখে একাধিক আঘাতের চিহ্ন তৈরি হয়। পরবর্তীতে এই প্রাণঘাতী হামলার ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
অতএব, প্রাপ্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে এটি স্পষ্ট যে, ভারতের সুরাটে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের পুরোনো ও ভিন্ন দেশের ফুটেজকে বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। মিথ্যা ক্যাপশন যুক্ত করে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হয়েছে।






