বেনাপোলের ওপারে ভারতীয় হেলিকপ্টার ওড়ার দাবিতে ছড়ানো ভিডিওটি জার্মানির

ছবি: আগামীর সময়
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন আগেই। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বেনাপোল পরিদর্শন করছে ভারতীয় সামরিক বাহিনী। শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এই তৎপরতা চলছে।
তবে যাচাই করে দেখা যায়, দাবিটি সত্য নয়। এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়, বরং ১৮ বছরের পুরনো একটি ভিডিও। ভিডিওতে বেনাপোলে ভারতীয় সামরিক বাহিনীর কোনো তৎপরতার দৃশ্য নেই। এটি জার্মান বিমানবাহিনীর সাতটি সামরিক হেলিকপ্টারের একসঙ্গে উড়ে যাওয়ার দৃশ্য।
কী ভিডিও ছড়াচ্ছে?
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে ‘Ashiq Zaman’ নামের একটি আইডি থেকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘বেনাপোল পরিদর্শন করছে ইন্ডিয়ান মিলিটারি। আর মাত্র কয়েকটা দিন বাকি। নেত্রীর ঐতিহাসিক প্রত্যাবর্তনে সাক্ষী হবে এ আশায় বসে আছে দেশের ১৮ কোটি জনগণ।’
ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠের ওপর দিয়ে সাতটি হেলিকপ্টার একসঙ্গে উড়ে যাচ্ছে। হেলিকপ্টারগুলো নির্দিষ্ট বিন্যাসে বা ফরমেশনে উড়তে দেখা যায়। পরে সেগুলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হেলিকপ্টারগুলোর মডেল হিসেবে বেল ইউএইচ-১ডি হিউইয়ের উল্লেখ রয়েছে।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ৭৪ বার শেয়ার করা হয়েছে।
যাচাইয়ে যা মিলেছে
ভিডিওটির স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবের ‘Technic in Action’ নামের একটি চ্যানেলে মূল ভিডিওটি পাওয়া যায়। ‘Bell UH-1D Huey 7 ship Helicopter Formation’ শিরোনামের ভিডিওটির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে। চ্যানেলটিতে মূলত ইন্টারনেটে থাকা বিভিন্ন পুরনো যন্ত্রপাতি ও সামরিক যানের ভিডিও পুনঃপ্রকাশ করা হয়।
মূল ভিডিওটি জার্মান বিমানবাহিনীর সাতটি বেল ইউএইচ-১ডি হিউই (Bell UH-1D Huey) সামরিক হেলিকপ্টারের একসঙ্গে নিচু উচ্চতায় উড়ে যাওয়ার দৃশ্য। এটি একটি সামরিক হেলিকপ্টার বহরের ফরমেশন ফ্লাইবাইয়ের ভিডিও। ইউটিউব চ্যানেলটিতে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয় ২০০৮ সালের ৩১ মে।
আরও অনুসন্ধানে হেলিকপ্টারগুলোর অবসর গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। জার্মান সশস্ত্র বাহিনীতে পাঁচ দশকেরও বেশি সময় সেবা দেওয়ার পর ২০২১ সালে বেল ইউএইচ-১ডি হেলিকপ্টার বহরকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হয়। এ বিষয়ে হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান বেলের ফ্লাইটবিষয়ক অফিশিয়াল নিউজরুমে ‘Bell Huey: A Legend Retires in Germany’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
এ ছাড়া বেনাপোলে ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টার পরিদর্শন বা শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে এমন কোনো ঘটনার বিষয়ে মূলধারার সংবাদমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়নি।
অর্থাৎ, জার্মান বিমানবাহিনীর সাতটি সামরিক হেলিকপ্টারের ফরমেশনে উড়ে যাওয়ার ২০০৮ সালের একটি পুরনো ভিডিওকে বেনাপোলে ভারতীয় সামরিক বাহিনীর সাম্প্রতিক সময়ের তৎপরতার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে প্রচারিত দাবির কোনো সত্যতা নেই।





