আজহারীর মৃত্যুর দাবি মিথ্যা, হাসপাতালে ভর্তি ছবিটি এআই

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দাবি ছড়ানো হয়েছে, ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী গত ২০ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে মারা গেছেন। দাবির সঙ্গে হাসপাতালের বেডে থাকা তার একটি ছবিও প্রচার করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, ড. মিজানুর রহমান আজহারী মারা গেছেন- এ দাবিটি সঠিক নয়। পাশাপাশি তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখানো ছবিটিও বাস্তব নয়।
বিষয়টি যাচাই করতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান করা হলেও তার মৃত্যুর বা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি কি না তা নিশ্চিত হতে গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করে বিশ্লেষণ করলে। এতে দেখা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
অন্যদিকে, ড. মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনা করে সাম্প্রতিক সময়ে তার সড়ক দুর্ঘটনায় আহত হওয়াসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বরং তার পেজে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা হচ্ছে।
সুতরাং ড. মিজানুর রহমান আজহারী মারা গেছেন- এ দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং তার হাসপাতালে ভর্তি থাকার দাবিতে প্রচারিত ছবিটিও এআই দিয়ে তৈরি।



