আশা লতা মিলে গেল একই সুরে
সেই হাসপাতাল, সেই রবিবার, সেই ৯২ বছর...

আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর। সংগৃহীত ছবি
যেখানে মিলল জীবনেরও তাল-লয়। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে দুই বোন। দুজনেই ছিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী। দুই বোনের মধ্যে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মারা যান লতা। আর আজ রবিবার চলে গেলেন ছোট বোন আশা। তার বয়স হয়েছিল ৯২।
কিছুটা অবিশ্বাস্য হলেও সত্যি যে, লতাও মারা গেছেন ৯২ বছর বয়সে। আর সেদিনটিও ছিল রবিবার।
গতকাল শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়ে আশার অসুস্থতার খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি একই হাসপাতালে মৃত্যুবরণ করেন লতা। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
লতা বাংলা ভাষায় মোট গান গেয়েছেন ১৮৫টি। বাংলায় তার গানের শুরু হেমন্ত কুমারের হাত ধরে। নিজে কখনো গাওয়া গানের রেকর্ড না রাখলেও, বিভিন্ন তথ্যসূত্র থেকে হিসাব বলছে গোটা জীবনে বিভিন্ন ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি গায়িকা।
দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন আশা ও লতা দুই বোনই। তাদের ঝুলিতে ছিল বহু পুরস্কার।
আশা ভোঁসলে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম- ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।
হাসপাতালে ভর্তি হলে শিল্পীর পরিবার ও অনুরাগীরা আশা করেছিলেন, খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে। প্রার্থনা করেছিলেন বলিউড তারকা অনুপম খের, সঞ্জয় কাপুর, অশোক পণ্ডিতসহ অনেকেই। কিন্তু শেষরক্ষা হলো না। আশা ভোঁসলের মৃত্যুতে সংগীতদুনিয়ার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

