কারিনা কায়সারের সম্ভাব্য লিভার ডোনার দুই ভাই

সংগৃহীত ছবি
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে ভারতে। সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে।
আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কারিনার বাবা কায়সার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
কারিনার সফরসঙ্গী হিসেবে তার মা লোপা কায়সার এবং সম্ভাব্য লিভার ডোনার হিসেবে দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ সঙ্গে রয়েছেন। কায়সার হামিদ সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়ে জানান, দেশে কিছু জরুরি কাজ এবং চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগাড়ের প্রচেষ্টায় তিনি আপাতত যেতে পারেননি। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার পাশেই আছেন।
মেয়ের চিকিৎসার অর্থ সংস্থান নিয়ে কায়সার হামিদ উল্লেখ করেন, হাসপাতালের বিপুল বিল এবং এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে তাকে পারিবারিক সঞ্চয় ও জমি বিক্রির সহায়তা নিতে হচ্ছে। তিনি বলেছেন, ‘নিজের ও মায়ের ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি একটি জমির বায়না সম্পন্ন করেছি যাতে প্রয়োজনীয় অর্থ দ্রুত হাতে আসে।’
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কারিনা। প্রথমে সাধারণ সংক্রমণ মনে হলেও পরে পরীক্ষা-নিরীক্ষায় তার হেপাটাইটিস ‘এ’ ধরা পড়ে। পূর্ব থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকায় পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে।
গত শুক্রবার লিভার ফেইলিউরের কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।





