ভারতে পুলিশের নজরদারিতে ‘দার-এ-নিজাত’ এর দুই প্রদর্শনী বাতিল

পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারতেও। প্রিয় চরিত্রদের দেখতে এবং একসঙ্গে বসে ধারাবাহিক উপভোগ করতে বিভিন্ন শহরে আয়োজন হচ্ছে বিশেষ প্রদর্শনী বা ওয়াচ পার্টি। দিল্লিতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পর এবার বেঙ্গালুরুতেও এমন দুটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে সামাজিক মাধ্যমে সমালোচনা, আপত্তি ও পুলিশের হস্তক্ষেপের আবহে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে প্রদর্শনী দুটি। পাকিস্তানি একটি টেলিভিশন ধারাবাহিক দেখা নিয়েও ভারতে এমন বিতর্ক তৈরি হওয়ায় দেশটির সাংস্কৃতিক স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর প্রদর্শনী দুটি হওয়ার কথা ছিল আগামী ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর। প্রথমটির আয়োজক ছিল ‘দ্য ব্লুম সোসাইটি সিস্টার্স ক্লাব’। বেঙ্গালুরুর ফ্রেজার টাউনের শীশ কাবাব রেস্তোরাঁয় সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেখানে ধারাবাহিকটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের আয়োজন রাখা হয়েছিল। জনপ্রতি প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৯৯৯ রুপি।
দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছিল ‘দ্য স্টার ক্লাব’। ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জয়মহল এক্সটেনশনের মাউই প্রাইভেট থিয়েটারে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। দুটি আয়োজনের প্রচারপত্রেই পাকিস্তানি পোশাক পরে আসার কথা উল্লেখ করা হয়েছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আপত্তি জানাতে শুরু করেন অনেক কট্টরপন্থী। পাকিস্তানি ধারাবাহিকের প্রদর্শনী ও পোশাকবিধি নিয়ে শুরু হয় সমালোচনা। একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপের দাবি ওঠে।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আর হিতেন্দ্র জানান, পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য নিচ্ছে। পরে পুলিশ জানায়, কোনো আয়োজনের জন্যই আগাম অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠান করলে বিক্ষোভ ও আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আয়োজকদের সতর্ক করা হয়। এরপর দুই আয়োজকই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।
এ ঘটনায় ভারতের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কোনো দেশের রাজনৈতিক অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলেই সেই দেশের শিল্প, সংস্কৃতি বা বিনোদন উপভোগের অধিকার কেড়ে নেওয়া যায় কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের আপত্তির ভিত্তিতে ব্যক্তিগত সাংস্কৃতিক আয়োজন নিয়ে পুলিশের তৎপরতা মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও বিতর্ক তৈরি করেছে।
অন্যদিকে, ধারাবাহিকটির জনপ্রিয়তা থেমে নেই। পাকিস্তানি প্রযোজনা প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের এই ধারাবাহিক অক্টোবরের মধ্যে সামাজিক মাধ্যমে ১৭০ কোটির বেশি বার দেখা হয়েছে। দিল্লির একটি ক্যাফেতে আয়োজিত প্রদর্শনীতে পরিকল্পনার চেয়ে বেশি, প্রায় ৪৫ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। পরিচালক সাকিব খানও ভিডিও কলে সেই আয়োজনে যোগ দিয়েছিলেন। বাংলাদেশেও ধারাবাহিকটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। ঢাকার অন্তত ১০ থেকে ১২টি ক্যাফেতে এর প্রদর্শনীর আয়োজনের খবর জানা যায়।





