সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, ক্ষুব্ধ আশফাক নিপুণ

আশফাক নিপুন ও সালমান মুক্তাদির
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মূলত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই হামলা চালায়।
ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির জানান, ‘ওরা মূলত ভবনের মালিকের কাছে চাঁদা চেয়েছিল। ওদের মূল টার্গেট ছিল ভবনের মালিক। আমি মাঝখানে পড়ে গিয়েছি। ওরা হয়তো জানতোই না যে এটা আমার স্টুডিও’। স্টুডিওতে এই ধরনের তাণ্ডবের পর বিনোদন অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সালমানের স্টুডিওতে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক কঠোর স্ট্যাটাস দিয়েছেন পরিচালক আশফাক নিপুন।
তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক চাঁদাবাজির প্রতি ইঙ্গিত করে লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েই বলেছিলেন মবের দিন শেষ। উনি উনার কথা রেখেছেন। এখন কোথাও মব নাই। এখন আছে দলীয় চাঁদাবাজ আর দখলদার। দলীয় ‘নামধারী’ কথাটা বললাম না, সেটা দলের লোকজনই বলবে”।
তিনি আরও যোগ করেন, “১৭ বছরের অভুক্ত দলীয় চাঁদাবাজ আর দখলদারদের কি ১৫০ টাকার লাঞ্চ দিয়ে পেট ভরবে? তারা হয় সংশপ্তক নাটকের ডায়ালগ বলবে, ‘চাঁদা আমার চাই, নইলে জমি’। আর নাহলে কবি রফিক আজাদের মত বলবে ‘জমি দে হারামজাদা, নাইলে বাচ্চাদের টিকা খাবো’”।
স্টুডিও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংস্কৃতি অঙ্গনের মানুষেরা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।




