বিয়ের ১০ বছর পর গোপনে পদবি বদলালেন ‘বার্বি’ খ্যাত মার্গো রবি

মার্গো রবি
হলিউডের আবেদনময়ী ও প্রভাবশালী তারকা মার্গো রবি এবং তার প্রযোজক স্বামী টম একারলি শুরু থেকেই নিজেদের ব্যক্তিগত জীবনকে আলোর ঝলকানি থেকে আড়ালে রাখতে ভালোবাসেন। দীর্ঘদিনের প্রেম ও দাম্পত্যের পর এবার নীরবে এক নতুন পদক্ষেপ নিলেন এই বিশ্বসুন্দরী। বিয়ের এক দশক ছুঁইছুঁই মুহূর্তে এসে আনুষ্ঠানিকভাবে নিজের নামের সঙ্গে যুক্ত করলেন স্বামীর পদবি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি যুক্তরাজ্যের সরকারি করপোরেট নথি ‘কোম্পানি হাউস’-এ মার্গো রবির অফিশিয়াল নামের পরিবর্তন দেখা গেছে।
তাদের যৌথ প্রযোজনা সংস্থা ‘লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট’-এর পরিচালক পদে আগে যেখানে লেখা থাকত ‘মার্গো এলিস রবি’, এখন সেখানে আনুষ্ঠানিকভাবে সংশোধন করে লেখা হয়েছে ‘মার্গো এলিস একারলি’।
তবে কি রূপালি পর্দায় নিজের নামটি বদলে ফেলছেন এই অভিনেত্রী? ভক্তদের আশ্বস্ত করে জানানো হয়েছে—সিনেমার জগৎ, কাজের জায়গা ও পর্দায় তিনি আগের মতো ‘মার্গো রবি’ হিসেবেই পরিচিত থাকবেন। এই নাম পরিবর্তনটি কেবল তাদের ব্যবসায়িক নথিপত্রের জন্যই করা হয়েছে।
২০১৪ সালে ‘সুইত ফ্রান্সেজ’ সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ হয়েছিল মার্গো রবি ও টম একারলির। সেখান থেকে বন্ধুত্ব, এরপর এক ছাদের নিচে রুমমেট হিসেবে থাকা এবং পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। ২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বাইরন বে-তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের পেশাগত রসায়নও বেশ সফল। দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা সংস্থা ‘লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট’, যা পরবর্তীতে ‘আই, টোনিয়া’, ‘বার্ডস অব প্রে’, বিশ্ব কাঁপানো ‘বার্বি’ এবং ‘সল্টবার্ন’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। ২০২৪ সালের অক্টোবরে এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান।




