দোহা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল ‘দ্য স্টেশন’ দিয়ে

সংগৃহীত ছবি
সিনেমার শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তঃসাংস্কৃতিক সংলাপকে উদযাপন করতে কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে নয় দিনব্যাপী ‘দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাতারার কালচারাল ভিলেজের অপেরা হাউসে জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসবের উদ্বোধন করে দোহা ফিল্ম ইনস্টিটিউট। এবারের আসরে ৬০টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইশাকের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘দ্য স্টেশন’ (আল-মাহাত্তা)। ইয়েমেন, জর্ডান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত ২০২৬ সালের এ চলচ্চিত্রটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে (মেনা) প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হলো দোহা চলচ্চিত্র উৎসবে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য স্টেশন’-এর গল্প আবর্তিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নারীদের পরিচালিত একটি পেট্রোল স্টেশনকে ঘিরে। সংঘাতময় পরিস্থিতির মধ্যেও স্টেশনটি নারীদের নিরাপদ আশ্রয় ও পারস্পরিক সংহতির প্রতীক হয়ে ওঠে। ছবির কেন্দ্রীয় চরিত্র লায়াল তার ছোট ভাইকে জোর করে যুদ্ধে পাঠানো থেকে বাঁচাতে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা বোনের সঙ্গে আবার যোগাযোগ করতে বাধ্য হয়। এভাবেই সিনেমাটিতে উঠে এসেছে যুদ্ধের মধ্যে এক পরিবারের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের
আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। এবারের আয়োজনে তিন লাখ ডলারের বেশি অর্থমূল্যের পুরস্কার নিয়ে চারটি প্রধান বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। বিভাগগুলো হলো আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ‘মেড ইন কাতার’ এবং আজিয়াল চলচ্চিত্র প্রতিযোগিতা। আঞ্চলিক ও স্বাধীন ধারার নির্মাতাদের উৎসাহিত করাই এসব প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী নন্দিতা দাস এবং সিরীয় অভিনেতা তাইম হাসানকে সম্মানজনক ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে গল্প বলার ক্ষেত্রে অসামান্য শৈল্পিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানি তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব পরিচালক ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতমা হাসান আল রেমাইহি বলেন, ‘আমাদের অঞ্চল ও বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরগুলোকে তুলে ধরার সুযোগ তৈরি করতে ১৬ বছর আগে দোহা ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন সময়েও আমরা সিনেমার গল্পকারদের পাশে দাঁড়িয়েছি এবং এমন সব গল্পকে সমর্থন করেছি, যা দেখা ও মনে রাখার মতো উল্লেখযোগ্য।’
সারা ইশাকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য স্টেশন’ উপস্থাপন করতে পেরে দোহা ফিল্ম ইনস্টিটিউট গর্বিত বলেও উল্লেখ করেন ফাতমা হাসান আল রেমাইহি। তার ভাষ্য, এ চলচ্চিত্র এমন সাহসী নির্মাতাদের প্রতিনিধিত্ব করে, যাঁরা এমন সব গল্প তুলে ধরেন, যা অন্যরা চাপা দিতে চায়। গুলি ও কামানের গোলার মধ্য দিয়ে অর্থহীন যুদ্ধের বাস্তবতা পেরিয়ে সিনেমাটি সব সীমান্ত অতিক্রম করে মানবিকতার বার্তা পৌঁছে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কাতার ন্যাশনাল লাইব্রেরির প্রেসিডেন্ট ও প্রতিমন্ত্রী ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারী, মিডিয়া সিটি কাতারের চলচ্চিত্র কমিটির চেয়ারম্যান হাসান আল থাওয়াদি, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হামাদ ওমর আলমান্নাই এবং ভিজিট কাতারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবদুল আজিজ আলি আল মাওলাউই উপস্থিত ছিলেন। এ ছাড়া কাতারে নিযুক্ত ১৮টির বেশি দেশের রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের লালগালিচায় ছিলেন ‘দ্য স্টেশন’ চলচ্চিত্রের পরিচালক সারা ইশাক, লেখক ও প্রযোজক নাদিয়া এলিয়েওয়াত, সহ-প্রযোজক নিকোলাস লেপ্রেত্র এবং অভিনয়শিল্পী মানাল আল-মুলাইকি, আবীর মোহাম্মদ, আমাল ইসমাইল, শোরুক মোহাম্মদ, রান্দা মোহাম্মদ ও ফাতিমা মুথান্না।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জুরি সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাপানি নির্মাতা নাওমি কাওয়াসের নেতৃত্বাধীন জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাডাম বেসা, ডোরা বুশৌশা, জিয়ানফ্রাঙ্কো রোসি ও কামাল আলজাফারি। এ ছাড়া নির্মাতা, শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন হোয়াং দং-হিউক, এলিয়া সুলেইমান, রশিদ মাশারাবি, মোহাম্মদ হেফজি, শীলা আতিম, নোমজামো মবাথা, সাজা কিলানি, মানাল ইসা, মোহাম্মদ সাদ, হানি খলিফা, ইয়াসমিন হামদান, তামার নাফার, গিমস, ব্রিজিট লাকোম্ব
উৎসবজুড়ে বিশ্বমানের চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী। এ ছাড়া আয়োজন করা হয়েছে ‘ডিএফএফ টকস’, সরাসরি সংগীত পরিবেশনা, ‘গিকডম’ কার্যক্রম এবং চলচ্চিত্রশিল্প-সংশ্লিষ্ট বিশেষ আলোচনা। দোহা শহরের বিভিন্ন স্থানে থাকছে কমিউনিটি স্ক্রিনিংসহ নানা সৃজনশীল আয়োজন।
চলচ্চিত্র নির্মাতা, দর্শক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করার পাশাপাশি মৌলিক গল্প বলার ধারা এবং চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে সম্মান জানানোই এ উৎসবের মূল লক্ষ্য। আয়োজনে প্রধান অংশীদার হিসেবে রয়েছে কাতারা, মিডিয়া সিটি কাতারের চলচ্চিত্র কমিটি এবং ভিজিট কাতার।



