ডি.লিট উপাধিতে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী
বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্মাননার তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি মাইলফলক। ভারতীয় সিনেমায় দীর্ঘ ও বর্ণাঢ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সাম্মানিক ডক্টর অব লেটার্স (ডি.লিট) উপাধিতে ভূষিত করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।
আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেই বিশেষ আসরেই মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।
গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে টালিউড, বলিউডসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিরলস কাজ করে চলেছেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক তাকে পশ্চিমবঙ্গ সরকারের কালচারাল উপদেষ্টা হিসেবেও নিযুক্ত করা হয়েছে।
এর আগেও একাধিক রাষ্ট্রীয় ও জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন এ বর্ষীয়ান তারকা যার মধ্যে রয়েছে, ২০২৪ সালে পদ্মভূষণ এবং ২০২২ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার।
উল্লেখ্য, কলা, মানববিদ্যা ও সৃজনশীল ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া সাম্মানিক ডি.লিট ডিগ্রি পিএইচডি ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচিত হয়।
বড়পর্দায়ও নিয়মিত দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। দর্শকরা তাকে সর্বশেষ ‘জেলার ২’ সিনেমায় দেখেছেন; পাশাপাশি চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।




